
সম্পর্কের গলিঘুঁজিগুলো কী রকম খেলছে আমাকে নিয়ে,
আমি তো এসেছি দুটো দিন শুয়ে বসে বিশ্রাম করব বলে।
সামনে অঢেল সমুদ্র শীতঘুমে আচ্ছন্ন, কিছুটা সে আমারই মতো,
হঠাৎ এসব ছাপিয়ে হাওয়া—একেবারে মাতালের মতো খ্যাপা
বেপরোয়া, দমকা হাসির বেগে আমূল কাঁপিয়ে দিচ্ছে।
আঁচলটা দুলছে হেলছে লেপ্টে যাচ্ছে ভেজা শরীরের
ভাঁজে ভাঁজে। যে মেয়েটি জলে নামছে না তার চুলগুলো
ডেকেই চলেছে, যেন সমুদ্রটা কিছুই না ভাবনা অন্য কিছু নিয়ে।
কী ভাবছ তুমি? কী ভাবছে তোমার উড়ন্ত দুরন্ত চুল?
আচ্ছা ভেজা আঁচল, গায়ের সাথে লেপ্টে-থাকা আকাশি আঁচল,
কী বারতা দিচ্ছ তুমি? বোকা আমি, ভেজা চুল লেপ্টানো আঁচলের
ফাঁদে পড়ে বুঝি সম্পর্কের গলিঘুঁজি এভাবে ভোগায় চিরকাল।
ছাড়বে না কাউকেই—না আকাশ না বাতাস না সমুদ্র,
নিবিষ্ট ভঙ্গুর বুদবুদ, যে এখনই মিলিয়ে যাবে আবার নিরুপায়
এক্ষুনি খেলায় ফিরবে বলে...অবশেষে আসন্ন সন্ধ্যার আভা
আমাকে ডাকে—আকাশ বাতাস সমুদ্রের দূত হয়ে ডাকে।
এসব আমাদের নিরক্ষর সৃজনশীলতা—অর্থ-মূল্যে যার কোনো
মানে নেই, অর্থাতীত ওড়া তো নিবিড় ওড়া তন্ময় স্বাধীনতা।