বুলবুল চৌধুরী: তাঁর শিল্পযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল ফজল তাঁর এক প্রবন্ধে নজরুল ইসলাম ও জয়নুল আবেদীনের পর বুলবুল চৌধুরীকে আমাদের ‘তৃতীয় প্রতিভা’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, ‘নিন্দিত ও নিষিদ্ধ’ নৃত্যশিল্পকে আমাদের সমাজে বুলবুলই প্রথম ‘জাতে তুলেছেন’। এর আগে বাঙালি মুসলমান সমাজে নাচের চর্চা ছিল না বললেই যথেষ্ট হবে না; তা ছিল একরকম নাজায়েজ বিষয়। এ রকম একটি সামাজিক পরিমণ্ডলে বুলবুল কেবল শিল্প হিসেবে নাচের প্রবর্তনই করেননি, আপন অঘটনঘটনপটিয়সী প্রতিভা এবং একলব্য সাধনাবলে তাকে উৎকর্ষের এমন এক স্তরে পৌঁছে দিয়েছেন, যেখানে তাঁর সাফল্যকে আজ পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। হিন্দু-মুসলমাননির্বিশেষে বাঙালি সমাজে নৃত্যশিল্পী হিসেবে উদয় শঙ্করের পরই তাঁর নামটি উচ্চার্য, যদিও উদয় শঙ্করের পারিবারিক-সাংস্কৃতিক পটভূমি বুলবুলের ছিল না, নাচের কোনো প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত শিক্ষালাভের সুযোগও তাঁর ঘটেনি। বেঁচেছিলেনও তিনি মাত্র ৩৫ বছর। মানিকগঞ্জ উচ্চবিদ্যালয়ের ছাত্রাবস্থায় এলাকায় আয়োজিত এক বিচিত্রানুষ্ঠানে ‘চাতকনৃত্য’ পরিবেশনের মধ্য দিয়ে নৃত্যশিল্পী হিসেবে তাঁর যাত্রারম্ভ হয়। মঞ্চে একটি ছেলের নাচ, তাও আবার ছেলেটি মুসলমান পরিবারের! ছবি আঁকার ব্যাপারে তবু শৌখিন চিত্রশিল্পী আবুল কাসেম ও রাজেন বাবু বলে একজন স্বদেশি বিপ্লবীর কাছে হাতেকলমে কিছু শিক্ষালাভের সুযোগ বুলবুলের হয়েছিল। বাঁকুড়ায় থাকাকালে সাঁওতাল নৃত্য দেখার অভিজ্ঞতার কথা বাদ দিলে, যতদূর জানা যায়, ছুটিতে শান্তিনিকেতন থেকে মানিকগঞ্জে বেড়াতে আসা এক মুন্সেফের দুই ছেলেমেয়ের নাচ দেখা ছাড়া নৃত্যশিল্প সম্পর্কে চাক্ষুষ ধারণালাভের কোনো সুযোগই তখন পর্যন্ত তাঁর হয়নি। সেদিক থেকে নাচের ব্যাপারে তিনি নিজেই ছিলেন তাঁর শিক্ষক। নৃত্য বিষয়ে তাঁর জ্ঞান ও দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় ‘ভারতীয় নৃত্য’ নামের একটি ছোট্ট প্রবন্ধে। বুলবুল পত্রিকার ভাদ্র ১৩৪৩ সংখ্যায় প্রকাশিত এই প্রবন্ধে বুলবুল একদিকে যেমন জাতীয় নৃত্যের প্রয়োজনীয়তার কথা বলেন, তেমনি ‘বাইজির আঁচল ছাড়িয়ে’ নাচকে বাঙালি সমাজে গ্রহণযোগ্য করে তোলার ক্ষেত্রে উদয় শঙ্করের ভূমিকার উচ্চ মূল্যায়ন করে লেখেন, ‘এটাই হয়তো তাঁর [উদয় শঙ্করের—মোশহা] জীবনের পরম সার্থকতা।’ নৃত্য সম্পর্কে বুলবুলের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সেদিন মাসিক মোহাম্মদী পত্রিকায় (কার্তিক ১৩৪৩) একটি রচনা প্রকাশিত হয়। শুধু মুসলমান সমাজ বলে কথা নয়, গত শতকের বিশের দশক পর্যন্ত বাঙালি হিন্দুসমাজেও শিল্প হিসেবে গ্রহণযোগ্যতা পায়নি নৃত্য। রবীন্দ্রনাথই প্রথম ঠাকুরবাড়িতে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে নাচকে ভদ্রসমাজের সাংস্কৃতিক কর্মকাণ্ডে আসন করে দেন। ইতিমধ্যে উদয় শঙ্কর অবশ্য দক্ষিণ আমেরিকায় নাচের ওপর বিশেষ প্রশিক্ষণ নিয়ে এবং ব্রিটেন ও ফ্রান্সে নৃত্য পরিবেশন করে দেশে ফিরে এসেছেন। আনা পাভলোভার দলে নৃত্য প্রশিক্ষকের দায়িত্বও পালন করেছেন তিনি।কলকাতায় বুলবুলের প্রথম নৃত্যানুষ্ঠান ছিল বেকার হোস্টেল কিংবা প্রেসিডেন্সি কলেজের এক বিচিত্রানুষ্ঠানে, যখন তিনি ওই কলেজের ছাত্র। এরপর একে একে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল, ক্যাম্পবেল মেডিকেল স্কুল রি-ইউনিয়ন প্রভৃতি অনুষ্ঠানে তিনি নৃত্য পরিবেশন করেন। একজন শৌখিন নৃত্যশিল্পী হিসেবে এসব অনুষ্ঠানে তাঁর পরিবেশনা কি বিষয়-পরিকল্পনা, কি উপস্থাপনা রীতির গুণে শিল্পবোদ্ধাদেরও চমৎকৃত করে। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের অনুষ্ঠানে (যেখানে তিনি ‘সাপুড়ে নৃত্য’ পরিবেশন করেন) বুলবুলের নাচের সঙ্গে সংগীত পরিচালনা করেন সরোদশিল্পী সন্তোষচন্দ্র, যিনি উদয় শঙ্করের নৃত্যানুষ্ঠানেও তিমিরবরণের যন্ত্রীদলের হয়ে বাজিয়েছেন। পরে দেশ-বিদেশে বুলবুলের অনেক অনুষ্ঠানে তিনি অর্কেস্ট্রা পরিচালনা করেন। এ ছাড়া সাধনা বসু, রুশ নৃত্যশিল্পী নিনা কিমটোভিচ প্রমুখের নাচের সঙ্গেও বাজানোর সুযোগ হয়েছিল তাঁর। সেসব অভিজ্ঞতার আলোকে পরবর্তীকালে বুলবুল জীবনীকার নীলরতন মুখোপাধ্যায়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি বেশ জোরের সঙ্গেই বলতে পারি যে আমাদের দেশে কোরিওগ্রাফার হিসেবে উদয় শঙ্করের পর বুলবুলই শ্রেষ্ঠ।’ জনসমক্ষে বুলবুলের প্রথম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ১৯৩৬ সালের ১৯-২৩ ফেব্রুয়ারি ফার্স্ট এম্পায়ার থিয়েটারে সাধনা বসুর নৃত্যসঙ্গী হিসেবে। বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের সাড়াজাগানো শিল্পী মধু বসু ও সাধনা বসু জুটির সাধনা বসু (‘আবদাল্লা-মর্জিনা’র মর্জিনা) তখন নৃত্যশিল্পী হিসেবে খ্যাতির শীর্ষে। বাংলায় তখন পর্যন্ত তিনিই সম্ভবত প্রথম শিল্পী, যিনি একটি অভিজাত পারিবারিক পটভূমি থেকে মঞ্চ বা নৃত্যশিল্পীর জীবন গ্রহণ করেছিলেন। কেশব সেনের নাতনি সাধনা খোদ রবীন্দ্রনাথের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন। তো, সেকালের বিখ্যাত ইমপ্রেসারিও হরেন ঘোষের আহ্বানে সেই সাধনা বসুর সঙ্গে বুলবুল শুধু নাচলেনই না, ‘কচ ও দেবযানী’ নৃত্যে কচের ভূমিকায় এবং একই মঞ্চে আগে ও পরে ‘অভিমন্যু’ ও ‘রাসলীলা’ নৃত্যেও তাঁর পরিবেশনা স্টেটসম্যানসহ বিভিন্ন পত্রিকায় উচ্চ প্রশংসিত হয়। এটি এবং কিছুকাল পরে ‘চিলড্রেনস ফ্রেশ এয়ার এক্সকারশন সোসাইটি’ নামের একটি সংগঠনের বার্ষিক অনুষ্ঠানে (ওই একই ফার্স্ট এম্পায়ার থিয়েটারে অনুষ্ঠিত) তাঁর একক ও সাধনা বসুর সঙ্গে যুগ্মভাবে পরিবেশিত যথাক্রমে ‘সুধন্বা’ এবং ‘রাসলীলা’, ‘মেঘদূত’ ও ‘স্ট্রিট সিঙ্গার’ নাচগুলো তাঁকে নৃত্যশিল্পী হিসেবে একটি সর্বজনস্বীকৃত প্রতিষ্ঠার আসনে নিয়ে দাঁড় করায়। একই সঙ্গে কলাসমালোচকেরা তাঁর নৃত্যের বৈশিষ্ট্য সম্পর্কেও সচেতন হন। বুলবুল তখন স্কটিশ চার্চ কলেজের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ছাত্র। তাঁর বয়স মাত্র আঠারো। তাঁর নৃত্যচর্চার বয়সও তখন দুই বছরের বেশি হয়নি। এ সময়ই বুলবুল তাঁর নিজস্ব নাচের দল ‘ওরিয়েন্টাল ফাইন আর্টস অ্যাসোসিয়েশন’ (ওএফএ) গঠন করেন। অন্যান্যের মধ্যে মঞ্জুলিকা ভাদুড়ী, কমলেশকুমারী, মণিকা দেশাই, প্রতিমা দাশগুপ্তার মতো তখনকার দিনের বিখ্যাত কয়েকজন নৃত্য ও অভিনয়শিল্পী বুলবুলের এই দলে যোগ দেন। বলা বাহুল্য, বুলবুলের নাট্যপ্রতিভা ও পরিচালক হিসেবে তাঁর যোগ্যতায় আস্থা থেকেই তাঁরা এটা করেছিলেন। বুলবুলের বিখ্যাত নৃত্যনাট্যগুলোর কয়েকটি, যেমন—সিপ্রং অ্যান্ড দ্য পোয়েট’, সং অব দ্য ডেজার্ট, দ্য হারভেস্ট, ভ্যাগাবন্ড ট্রায়ো, ডেথ অ্যান্ড বিউটি এ পর্বেই রচিত হয়। এ সময়ই ভারত সফররত বিখ্যাত মার্কিন ব্যালে ট্রুপ মার্কাস কোম্পানির আমন্ত্রণে বুলবুল তাঁদের বিদায়ী প্রদর্শনীতে নৃত্য পরিবেশনের বিরল সম্মান লাভ করেন। বুলবুলের নৃত্যপ্রতিভায় মুগ্ধ মার্কাস যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার সময় বুলবুলকে তাঁদের দলের সঙ্গে যাওয়ার আমন্ত্রণ জানালে বুলবুল ধন্যবাদের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দেন। উদয় শঙ্করের মতো বুলবুলও প্রথম দিকে তাঁর নৃত্যের বিষয়বস্তু গ্রহণ করেন হিন্দু পুরাণ থেকে। উদয় শঙ্করের ‘গান্ধর্ব’ দেখে তিনি তাঁর ‘ইন্দ্রনৃত্য’ ও ‘কার্তিকেয় নৃত্য’ দেখে ‘অভিমন্যু’ নৃত্যের পরিকল্পনা করেন। নৃত্যনাট্য রচনার প্রেরণাও তিনি উদয় শঙ্করের কাছ থেকেই পান। কিন্তু পরবর্তীকালে মুসলিম জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য হবে এমন উপাদান নিয়েও তিনি তাঁর অনেক নৃত্যের পরিকল্পনা করেন, যা বুলবুলের সমন্বয়বাদী সাংস্কৃতিক চেতনার পরিচয় দেয়। এখানে নজরুলের সঙ্গে বুলবুলের একটি চমৎকার মিল লক্ষ করা যায়। হিন্দু-মুসলমানের মিলিত বাংলায় যে অর্থে নজরুল আমাদের জাতীয় কবি, সে অর্থে বুলবুলেরও ‘জাতীয় শিল্পী’ অভিধাটি প্রাপ্য। মুসলিম বা আরও সঠিক অর্থে ইরানি-ইসলামি সংস্কৃতির উপাদান নিয়ে বুলবুল তাঁর যে নৃত্যগুলো পরিকল্পনা করেছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো হাফিজের স্বপ্ন, সোহরাব ও রুস্তম, ইরানের পান্থশালায়, আনারকলি প্রভৃতি। এই নৃত্যগুলোও দেশ-বিদেশে উচ্চ প্রশংসিত হয়। বিশেষ করে, পাকিস্তানোত্তর পর্বে বিদেশি অভ্যাগতদের সামনে এবং ইউরোপের বিভিন্ন দেশে এই নৃত্যগুলো পরিবেশনার মাধ্যমে বুলবুল পাকিস্তান রাষ্ট্রে নৃত্যের জন্য একটি মর্যাদার আসন তৈরি করতে সক্ষম হন। ঢাকার মঞ্চে বুলবুল প্রথম নৃত্য পরিবেশন করেন, দেশ বিভাগের আগেই, ১৯৪০ সালের জানুয়ারি মাসে। ‘নৃত্যলীলা’ নামের তাঁর সে সংগীত-নৃত্য সমন্বিত পরিবেশনাটি সুধীজনের প্রশংসা পেলেও, ব্যাপক দর্শকের মধ্যে সাড়া জাগাতে ব্যর্থ হয়। ফলে একরকম হতাশ মন নিয়েই তিনি সেবার কলকাতায় ফিরে যান। পাকিস্তান হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে বুলবুলের প্রথম নৃত্যানুষ্ঠান হয় ১৯৫০ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের কৃষি ও শিল্প প্রদর্শনীতে, চট্টগ্রামের তৎকালীন বিভাগীয় কমিশনার নিয়াজ মোহাম্মদ খানের আমন্ত্রণে। উল্লেখ্য, এর আগে তাঁরই আমন্ত্রণে একই মঞ্চে সাধনা বসু ও তাঁর দলও নৃত্য পরিবেশন করেছিল। চট্টগ্রামে সেবার সপ্তাহব্যাপী অনুষ্ঠানে বুলবুল ও তাঁর সঙ্গীরা যে নৃত্যগুলো পরিবেশন করেন, তার মধ্যে ছিল ‘সোহরাব অ্যান্ড রুস্তম’, ‘ডেথ অ্যান্ড বিউটি’, ‘লেস্ট উই ফরগেট’, ‘ইন্সপিরেশন’, ‘স্নেক চার্মার’ প্রভৃতি। এরপর ঢাকার রূপমহল সিনেমা হলে, বরিশাল ও ময়মনসিংহে কয়েকটি অনুষ্ঠান করেন তাঁরা। কিছুদিন পরই সরকারের তরফ থেকে সিলেটের পৃথিমপাশায় সফররত ইরানের শাহের সম্মানে বুলবুল ও তাঁর দলের এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। বুলবুলের শিল্পীজীবনের এটি একটি বড় ঘটনা। পরপর দুই রাত বুলবুল ও তাঁর দলের পরিবেশনা দেখে শাহ অভিভূত হন। শিকারে এসে রয়েল বেঙ্গল টাইগার না মেলার দুঃখ তিনি হয়তো ভুলে যান বুলবুলের নাচ দেখে। অন্তত ডন পত্রিকায় অনুষ্ঠানটি সম্পর্কে আলোচনা করতে গিয়ে এ রকমই মন্তব্য করা হয়েছিল। বুলবুলকে ‘এ গ্রেট আর্টিস্ট’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘ইউ আর সিম্পলি ওয়ান্ডারফুল।’ লিয়াকত-নেহরু চুক্তি স্বাক্ষর উপলক্ষে নেহরুর পাকিস্তান সফরকালে তাঁর সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বুলবুলের পরিবেশনা নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের প্রশংসা অর্জন করে। লিয়াকত আলী খান এ সময় বুলবুলকে ‘পাকিস্তানের সাংস্কৃতিক দূত’ বলেও অভিহিত করেছিলেন। বুলবুলকে পাকিস্তান সাংস্কৃতিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাব দেওয়া ছাড়াও তিনি দেশে একটি জাতীয় নৃত্য একাডেমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু লিয়াকত আলী আততায়ীর হাতে নিহত হওয়ার পর সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। শিল্পী হিসেবে বুলবুল ছিলেন তীব্রভাবে রাজনীতিসচেতন, যদিও সরাসরি কখনো কোনো রাজনৈতিক দল বা আন্দোলনের সঙ্গে যুক্ত হননি। সাধারণভাবে গণমানুষের স্বার্থের পক্ষে ও তাদের মুক্তির লক্ষ্যে শিল্পচর্চায় বিশ্বাসী ছিলেন। তাঁর অনেকগুলো নৃত্যপরিকল্পনায় সে অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। ১৯৪০-এর দশকের গোড়ায় ভারতীয় গণনাট্য সংঘের (আইপিটি) ব্যালে স্কোয়াড গঠিত হলে বাংলায় এর নৃত্যপরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব বর্তায় বুলবুলের ওপর। আর তারই অংশ হিসেবে তিনি রচনা করেন লেস্ট উই ফরগেট (যেন ভুলে না যাই), কুইট ইন্ডিয়া প্রভৃতি নৃত্যনাট্য, দেশ-বিদেশে যা উচ্চ প্রশংসিত হয়। বুলবুলের প্রখর ইতিহাসবোধ এবং ঔপনিবেশিক শাসন ও পুঁজিবাদী শোষণবিরোধী চেতনার পরিচয় বহন করে এই নৃত্যনাট্যগুলো। ১৯৪৩ সালের মনুষ্যসৃষ্ট দুর্ভিক্ষের পটভূমিতে রচিত লেস্ট উই ফরগেট নৃত্যনাট্যটি প্রথম পরিবেশিত হয় ১৯৪৫ সালের ১৭ ও ১৮ ডিসেম্বর কলকাতার মিনার্ভা থিয়েটারে আইপিটিএর উদ্যোগে আয়োজিত ‘দিস আওয়ার ল্যান্ড’ অনুষ্ঠানে। প্রথম রাতের মঞ্চায়নেই এটি সাড়া ফেলে দেয়। ১৯৫৩ সালে ইউরোপ সফরকালেও তিনি তাঁর দল নিয়ে এই নৃত্যনাট্য পরিবেশন করেন। বিশেষ করে, লেস্টার ও লন্ডনে এই নৃত্যনাট্য পরিবেশনের ব্যাপারে অনুষ্ঠান ব্যবস্থাপক ও লন্ডনের পাকিস্তানি হাইকমিশনারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বলা হয়, এর ফলে কমনওয়েলথ দেশগুলোর আন্তসম্পর্ক ক্ষুণ্ন হবে। নৃত্যনাট্যটি পরিবেশনার ‘অপরাধে’ ব্রিটেনের পাকিস্তানি হাইকমিশনার বুলবুলের দলকে ইউরোপে তাদের বাকি সফর সম্পন্ন করার জন্য পাঁচ শ পাউন্ড ধার দিতেও অস্বীকার করেন। লন্ডনের স্কালা থিয়েটারে বুলবুলের এক রাতের প্রদর্শনী দেখতে এসেছিলেন বিখ্যাত ব্রিটিশ কমিউনিস্ট নেতা রজনী পাম দত্ত। লেস্ট উই ফরগেট নৃত্যনাট্যটি দেখে তিনি এতই অভিভূত হন যে অনুষ্ঠান শেষে তিনি বুলবুলকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান। পশ্চিম পাকিস্তান সফরকালে মুলতান ও লাহোরে বুলবুল ও তাঁর দলের বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠী বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করে। কিন্তু কিছুই বুলবুলকে তাঁর লক্ষ্য থেকে ফেরাতে পারেনি। সেখানকার অন্যান্য শহরে যেমন, তেমনি এই দুই শহরেও প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিয়ে তিনি অত্যন্ত সফলভাবে তাঁর অনুষ্ঠান সম্পন্ন করেন। বুলবুল ও তাঁর দলের লাহোর সফরকালীন এক মজার অভিজ্ঞতার কথা জানিয়েছেন নীলরতন মুখোপাধ্যায় শিল্পী অজিত সান্যালের বরাত দিয়ে। নৃত্যানুষ্ঠানকে শরিয়তবিরোধী কাজ বলে অভিহিত করে লাহোর জামে মসজিদের ইমাম এক ফতোয়া জারি করেন। বুলবুল এ সময় ইমামকে বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে প্রকাশ্য বাহাসের আহ্বান জানান। পরে ইমাম সাহেব গভীর রাতে গোপনে বুলবুলের সঙ্গে তাঁর হোটেলকক্ষে এসে দেখা করেন এবং পরদিন ফতোয়া প্রত্যাহার করে নেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের কয়েকটি স্থানেও, যেমন—মুন্সিগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া ও ফরিদপুরে বুলবুলের নৃত্যানুষ্ঠানের বিরুদ্ধে ধর্মান্ধ গোষ্ঠীর উদ্যোগে অপপ্রচার ও বিক্ষোভ দেখানো হয়। কিন্তু কোথাও তিনি পিছু হটেননি। যেখানেই গেছেন, সব বাধা অতিক্রম করে, স্থানীয় প্রগতিশীল যুবশক্তি ও প্রশাসনের ভেতরের শুভবুদ্ধিসম্পন্ন লোকদের সহায়তা নিয়ে অনুষ্ঠান করেছেন। সংস্কৃতি সম্পর্কে বুলবুলের স্বচ্ছ দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় ১৯৫০ সালে করাচির হোটেল মেট্রোপলে তাঁর ও তাঁর দলের সম্মানে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রদত্ত তাঁর বক্তৃতা থেকে। এতে পাকিস্তানকে একটি বহুজাতিক রাষ্ট্র হিসেবে গণ্য করে তিনি বলেছিলেন, ‘আমাদের সংস্কৃতিতে ইসলাম একটা গুরুত্বপূর্ণ উপাদান হলেও তা মূল ও একমাত্র উপাদান নয়। অন্যদিকে পাকিস্তানের বিশাল ভূখণ্ডে বাঙালি, পাঞ্জাবি, পাঠান, বেলুচ প্রভৃতি ভিন্ন ভিন্ন জাতিসত্তার বসবাস হলেও তাদের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ সাপেক্ষে প্রত্যেকটির ভিন্ন ভিন্ন উল্লেখযোগ্য সংস্কৃতি রয়েছে।’ বুলবুলের এই বক্তব্য কেবল তাঁর প্রজ্ঞারই পরিচয় দেয় না, প্রতিবাদী তাৎপর্যেও আমাদের বিস্ময় জাগায়। রাষ্ট্রভাষার প্রশ্নে পাকিস্তানের সরকারি নীতির প্রতি ইঙ্গিত করে তিনি সেদিন যা বলেছিলেন, তাও তাঁর প্রখর দূরদৃষ্টির পরিচয় দেয়। তিনি বলেছিলেন, ‘জনগণের ওপর তার নিজের ভাষা দমিয়ে যত বেশি অন্য ভাষা চাপিয়ে দেওয়া হবে, ততই তিক্ততা বাড়বে। প্রতিরোধ ও বিপ্লবের সৃষ্টি হবে, যা একটা রাষ্ট্রের সংহতিকে বিপন্ন করবে।’ মনে রাখতে হবে, বায়ান্নের একুশে ফেব্রুয়ারির দুই বছর আগে বলা তাঁর এই কথাগুলো। ১৯৫৩ সালের মার্চ মাসে বুলবুল তাঁর নাচের দল নিয়ে ইউরোপ সফরে বের হন। সফরটি ছিল বেসরকারি। খাদেম হোসেন খান ছাড়া বুলবুলের দলের বাকি সদস্যরা ছিলেন ভারতীয় নাগরিক। ফলে সরকারি আপত্তির মুখে বুলবুলকে তাঁদের জন্য পাকিস্তানি পাসপোর্ট বানাতে হয়। তাঁদের অনেকের মুসলমানি নামও দেওয়া হয়। ইউরোপে আট মাসেরও বেশি অবস্থানকালে তাঁরা ইংল্যান্ড ও আয়ারল্যান্ড ছাড়াও বেলজিয়াম, ফ্রান্স ও হল্যান্ডে নৃত্য পরিবেশন করেন। প্রায় সব স্থানেই তাঁদের পরিবেশনা বিপুলভাবে প্রশংসিত হয়। ম্যানচেস্টার গার্ডিয়ান, ডেইলি টেলিগ্রাফ, নিউ স্টেটসম্যান, ডেইলি ওয়ার্কার, লা ফিগারো, লা মঁদ-এর মতো ইউরোপের বিখ্যাত সব পত্রিকায় বুলবুল, তাঁর স্ত্রী আফরোজা ও দলের অন্য সদস্যদের নৃত্যানুষ্ঠানের প্রশংসা করে প্রতিবেদন ও আলোচনা প্রকাশিত হয়। এর মধ্যে লন্ডন থেকে প্রকাশিত বিখ্যাত ললিতকলা-বিষয়ক পত্রিকা স্টেজও ছিল। বুলবুলের জীবদ্দশাতেই ১৯৪৭ সালে তাঁর প্রাচী উপন্যাসটি গোপাল হালদারের সহায়তায় কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। বইটির প্রচ্ছদ এঁকেছিলেন সেদিনের ‘নবীন চিত্রশিল্পী’ কামরুল হাসান। প্রাচী ছাড়াও নমঃ যন্ত্র নামে অন্তত আরও একটি উপন্যাস বুলবুল লিখতে শুরু করেছিলেন, যা অসমাপ্ত রেখেই তিনি ছোটগল্প লেখায় মন দেন। ১৯৮৯ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয় বুলবুল চৌধুরীর গল্প-সংগ্রহ। নাট্য পরিচালনা ও অভিনয়েও বুলবুলের দক্ষতার পরিচয় পাওয়া যায়। ১৯৪৪ সালের ৩ ও ৬ নভেম্বর শিশিরকুমার ভাদুড়ীর শ্রীরঙ্গম নাট্যমঞ্চে (পরবর্তীকালের ‘বিশ্বরূপা’) ইবসেনের গোস্ট নাটকের নারায়ণ গঙ্গোপাধ্যায়কৃত রূপান্তর চোরাবালিতে নায়ক প্রসাদ রায়ের ভূমিকায় অভিনয় করেন বুলবুল। প্রতিক্রিয়া জানিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সে সময় স্বতঃপ্রণোদিত হয়েই আনন্দবাজার পত্রিকায় একটি চিঠি লেখেন। তাতে বুলবুলের অভিনয় প্রসঙ্গে তাঁর মন্তব্য: ‘পরিচালক বুলবুল চৌধুরীকে আমরা কুশলী নৃত্যশিল্পী বলে জানতাম। তাঁর অভিনয়ের কথা বলতে গেলে বলতে হয়, তিনি প্রতিভাশালী অভিনেতা। অপূর্ব সুন্দর সুসংযত অভিনয় করেছেন তিনি।’ ১৯৫৪ সালের ১৭ মে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কলকাতার তিনজলা কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। বুলবুল চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ঢাকায় প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)। দেশভাগের পর ঢাকায় এসে যে ‘একাডেমি অব ডান্স অ্যান্ড মিউজিক’ প্রতিষ্ঠার স্বপ্ন তিনি দেখেছিলেন, এভাবেই তাঁর বন্ধু ও অনুরাগীদের উদ্যোগে তা বাস্তবায়িত হয়। আজ পর্যন্ত এ দেশে বুলবুলের প্রত্যক্ষ স্মারক বলতে এই একটিই, যদিও গত অর্ধশতকে বাংলাদেশে নৃত্যশিল্পের চর্চা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অবশ্য শিল্প হিসেবে এর বিকাশ সে মাত্রায় ঘটেছে বলা যাবে না। নবীন প্রজন্মের যাঁরা আজ নৃত্যের চর্চা করছেন, এমনকি হয়তো বুলবুলের নামাঙ্কিত প্রতিষ্ঠান থেকেই নাচ শিখেছেন, তাঁদেরই বা কজন পুরোধা এই নৃত্যশিল্পী, তাঁর সাধনা ও সংগ্রাম সম্পর্কে জানেন? কতটা জানেন?