বুলবুল ভাই, শেষ দেখা হলো না

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন গতকাল। তাঁর জীবন ছিল বর্ণিল, বোহিমিয়ান। এই লেখায় তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সেই বোহিমিয়ান জীবনের দু–একটি ঘটনার স্মৃতিচারণা করেছেন শিল্পী মাসুক হেলাল।

কামরুল হাসান মিথুনের তোলা বুলবুল চৌধুরীর ছবি অবলম্বনে গ্রাফিকসমনিরুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাশিল্পী বুলবুল চৌধুরী—আমাদের বুলবুল ভাই গতকাল অনন্তের পানে চলে গেলেন। গতকাল চলে গেলেন আরেকজন লেখকও—রহস্য-রোমাঞ্চ লেখক ও অনুবাদক শেখ আবদুল হাকিম। এ দুজনই ছিলেন প্রাণের বন্ধু। প্রতি সপ্তাহের শুক্রবার তাঁরা মিলতেন তাসের আড্ডায়। সেই সাপ্তাহিক আড্ডা ছেড়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁরা দুজনই চলে গেলেন কাল!

বুলবুল ভাই‌য়ের বিখ্যাত বই ‘টুকাকা‌হিনী’ এ লেখায় কেবল বুলবুল চৌধুরীর কথাই বলব আমি। না, তাঁর লেখা নিয়ে বিচার-বিশ্লেষণ করার আমি কেউ নই, শুধু তাঁর সঙ্গে আমার কয়েকটি স্মৃতির কথা বলে তাঁকে স্মরণ করাই আমার এই অকিঞ্চিৎকর লেখার উদ্দেশ্য।

অভিনেতা হুমায়ুন ফ‌রী‌দি বুলবুল ভাই‌য়ের বন্ধু ছিলেন। কেবল বন্ধুই নন, বুলবুল ভাইয়ের লেখারও খুব ভক্ত ছি‌লেন তিনি। বুলবুল ভাইকে বাসায় দাওয়াত দি‌য়ে খাওয়া‌তেন। তাঁর কোনো গল্প পছন্দ হ‌লে বল‌তেন, ‘বুলবুল, এই গ‌ল্পের ক‌পিরাইট আমি নিলাম।’ কথাটি বলেই কিছু টাকা ধরিয়ে দিতেন বুলবুল ভাইকে।

আসলে বুলবুল ভাইয়ের কথা মনে হতেই নানা স্মৃতি তরঙ্গ তুলছে মনে!
তখন ১৯৭৯ সাল। আমি চারুকলায় প‌ড়ি। বুলবুল ভাই ও আবু সাঈদ জু‌বেরী মি‌লে কথাসা‌হিত্য নামে একটা ট্যাবলয়েড প‌ত্রিকা বের কর‌তেন। এটি ছিল গদ্য লেখ‌কদের পত্রিকা। রাহাত খান ছি‌লেন পত্রিকাটির সভাপ‌তি। এই পত্রিকায় আঁকাআঁকি ও পে‌স্টিংয়ের কাজটা আমি ক‌রে‌ছিলাম। সেই সূত্রেই আমার বুলবুল ভাইয়ের সঙ্গে জ‌ড়ি‌য়ে যাওয়া।

এরপর কেটে গেছে প্রায় চ‌ল্লিশ বছর। এই সময়ে কম স্মৃতি তো জমা হয়নি। সে সময় আমি ড্রয়িংয়ের জন্য প্রায়ই ছুটে যাই কমলাপুর রেলস্টেশ‌ন ও সদরঘা‌টে। র‌া‌তে কমলাপুর রেলস্টেশ‌নে অসংখ্য লোক শু‌য়ে থাক‌ত। আমি থাকতাম রাত ১২টা-১টা পর্যন্ত। এ সময় হঠাৎ হঠাৎ দেখতাম, একটু দূ‌রে অন্ধকা‌রে দাঁড়িয়ে সিগা‌রেট টান‌ছেন বুলবুল ভাই। তাঁর সঙ্গে তখন কখনো কখনো থাকতেন কবি আহসান হামিদ। তিনি সে সময় দৈ‌নিক সংবা‌দে কাজ করতেন। কিছুদিন আগে তিনিও মারা গেছেন।

যাহোক, কমলাপুর রেলস্টেশনে দেখা বুলবুল ভাইয়ের কথায় ফিরে আসা যাক।
শীতের রাত ছিল তখন। দেখলাম, গা‌য়ে চাদর জড়িয়ে কাটাকা‌টি করা গ‌ল্পের খসড়া বগ‌লে নি‌য়ে ঘুর‌ছেন বুলবুল ভাই। মনে পড়ে, তাঁকে ব‌লে‌ছিলাম, এতে রা‌তে এখা‌নে কী ক‌রেন, বুলবুল ভাই?
‘মানুষ দে‌খি,’ নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন বুলবুল চৌধুরী।

আজ যদি ভাবি, একজীবনে বুলবুল ভাই কী করেছেন? অনেকে বলবেন, দারুণ সব গল্প-উপন্যাস লিখেছেন। কিন্তু আমি বলব, গল্প–উপন্যাস তো তিনি লিখেছেনই। এর বাইরেও গোটা জীবনে আরেকটা কাজ খুব খুব মনোযোগ দিয়ে করেছেন তিনি—মানুষ দেখেছেন, অসংখ্য মানুষ।

মনে পড়ে, তাঁকে ব‌লে‌ছিলাম, এতে রা‌তে এখা‌নে কী ক‌রেন, বুলবুল ভাই?
‘মানুষ দে‌খি,’ নির্বিকারভাবে উত্তর দিয়েছিলেন বুলবুল চৌধুরী।
আজ যদি ভাবি, একজীবনে বুলবুল ভাই কী করেছেন? অনেকে বলবেন, দারুণ সব গল্প-উপন্যাস লিখেছেন। কিন্তু আমি বলব, গল্প-উপন্যাস তো তিনি লিখেছেনই। এর বাইরেও গোটা জীবনে আরেকটা কাজ খুব খুব মনোযোগ দিয়ে করেছেন তিনি—মানুষ দেখেছেন, অসংখ্য মানুষ।

বুলবুল ভাই‌য়ের এক বন্ধু ছি‌লেন হেলাল ভাই। হেলাল ভাই আত্মহত্যা ক‌রে‌ছেন। প্যাপিরাস নামে হেলাল ভাইয়ের একটি প্রেস ছিল না‌রিন্দায়। সেখান থে‌কে অনেক ছোটকাগজ বের হ‌তো। বুলবুল ভাই প্যা‌পিরা‌সে তাঁর বই ও পত্রপত্রিকা বের করার কা‌জে যে‌তেন। ওটা ছিল একটা জম্পেস আড্ডার স্থান। এখা‌নে আড্ডা দি‌তেন ‘অন্ধ তীরন্দাজ’-এর লেখক কা‌য়েস আহ‌মেদ। ‘খোয়াবনামা’র লেখক আখতারুজ্জামান ইলিয়াস ও ‘প্রদোষে প্রাকৃতজন’-এর রচয়িতা শওকত আলী। তাঁরা ছি‌লেন বুলবুল ভাই‌য়ের জগন্নাথ ক‌লে‌জের শিক্ষক। বুলবুল ভাইকে খুব স্নেহ করতেন।

বুলবুল চৌধুরী। ছবি: সংগৃহীত

বুলবুল ভাইয়ের জীবনটা ছিল বর্ণিল। তাঁর বন্ধুগোষ্ঠী ছিল বিশাল। কবি আবুল হাসান ছিলেন তাঁর বন্ধু। একসময় বুলবুল ভাই চিত্রপরিচালক হতে চেয়েছিলেন। সে জন্য সিনেমা পত্রিকায় কাজও করেছেন। ওই সময়ই আবুল হাসানের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। তাঁর ডেরায় আবুল হাসান অনেক দিন থেকেছেন। সেসব গল্প হাঁটতে হাঁটতে ক্রমাগত আওড়ে যেতেন বুলবুল ভাই। আর করতেন বেলা নামের এক নারীর গল্প।
এককালে বেলা না‌মের এক নারীর ঘ‌রে ব‌সে লে‌খাল‌েখি কর‌তেন বুলবুল ভাই—আমরা এটা জানতাম।

একবার কয়েক দিন বুলবুল ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছিলাম না। কোথাও তিনি নেই। অথচ তাঁকে আমার খুব প্রয়োজন। কী করি?
আমার বন্ধু, গল্পকার সে‌লিম রেজাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করে পুরান ঢাকার এক গলির মধ্যে ওই নারীর ঘরে গিয়ে হাজির হলাম। কিন্তু যাওয়াই সার হয়েছিল আমাদের। গিয়েই সেখানে আমরা বুলবুল ভাইকে পাইনি।

তবে বেলার ঘরে ঢুকে আমাদের চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল। দেখি, ঘরে কয়েকজন সাহিত্যিকের ছবি টাঙানো। বেলা আমাদের জানালেন, সম‌রেশ বসু, রাহাত খান ও বুলবুল চৌধুরী তাঁর প্রিয় লেখক।

মাসুক হেলালের আঁকা বুলবুল চৌধুরীর প্রতিকৃতি

এদিকে আমরা এসেছি খবর পে‌য়ে বুলবুল ভাইও হাজির হলেন ধীরে ধীরে। তাঁর বগ‌লে ছিল একটা ছ‌বি। মনে পড়ে, লাজুক হে‌সে তিনি আমাদের বলেছিলেন, ‘সর্বনাশ‌! কী কর‌ছেন মিয়া‌, এইটা চিন‌লেন কেম‌নে?’

বুলবুল ভাইকে অনেক জায়গায়, অনেক প্রেসে কাজ কর‌তে দে‌খে‌ছি—গো‌পীবাগ, স্বামীবাগসহ আরও কয়েক জায়গায়। একবার দয়াগঞ্জ রেললাইনের পা‌শে ছিল বুলবুল ভাই‌য়ের প্রেস। তাঁর পার্টনার ছিলেন লম্বা সুলতান। এক সন্ধ্যায় সে‌লিম রেজা, আবু সাঈদ জু‌বেরী, মাহাবুব কামরানসহ আমি হাজির হলাম সেখানে। এরপর বুলবুল ভাই রাত ৯টা বাজতে না বাজতেই আমাদের জন্য খানাদানার ব্যবস্থা করলেন। জলযোগের ব্যবস্থা হলো প্রেসের পাশে লম্বা সুলতানের দোতলা বিল্ডিংয়ের ছা‌দে। তো বেশুমার খাওয়াদাওয়া হচ্ছে, জলযোগ ঘটছে। রাত বাড়ছে। এর মধ্যে কেউ একজন নি‌চে নে‌মে‌ছেন জলবিয়োগ কর‌তে। কিন্তু তিনি গেছেন তো গে‌ছেন আর আসার নামগন্ধ নেই।

মোটামু‌টি নেশায় চুর সবাই। অনেকক্ষণ পর মনে হলো, দ্বিতীয় যে লোকটা নিচে নেমেছিলেন, তিনিও তো আর ফিরছেন না।
অগত্যা আমরা সবাই-ই এবার নামলাম। সিঁড়ি দি‌য়ে নাম‌তেই কেউ একজন আমাকে চে‌পে ধ‌রে বলল, ‘চুপ!’ দেখি আমার পিছু পিছু বুলবুল ভাই। তাঁকে কেউ একজন থা‌মি‌য়ে দি‌য়ে ব‌ললেন, ‘দে‌খেন।’

কিন্তু মোটা পাওয়া‌রের চশমা পরা বুলবুল ভাই‌ এক হাত দূ‌রের কিছুও ভা‌লো দেখতে পান না, অন্ধকা‌রে কী দেখ‌বেন!
অতঃপর দেখা গেল, উঠ‌ানে বেড়া দেওয়া কুয়ার পা‌ড়ে একটা তরুণী স্নান করছেন। কুয়া থে‌কে পা‌নি তুলে কেউ একজন তাঁর শরী‌রে পা‌নি ঢাল‌ছে।
বন্ধু সে‌লিম রেজা আমা‌কে ব‌ল‌ল, ‘ভা‌লো কইরা দেখো মিয়া, ড্রয়িং করতে তোমার কাজে লাগব।’

এ সময় বুলবুল ভাই হঠাৎই সিগা‌রেট জ্বা‌লি‌য়ে ব‌সলেন।
এর মধ্যে বাজখাঁই গলায় কেউ একজন হাঁক দিলেন, ‌‘কে ওখানে?’
ওই হাঁক শুনে আমরা সিঁড়ি দিয়ে ছা‌দের দি‌কে দৌড়া‌তে থা‌কলাম। এদিকে ওই লোকও আমা‌দের পিছু পিছু ছা‌দে উঠে এলেন। পিস্তল হা‌তে তিনি আমাদের জেরার মুখোমুখি করলেন। অবশেষে অনেক কষ্টে আমরা তাঁকে বোঝাতে পারলাম, আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে নিচে নামিনি।

বুলবুল ভাইকে নিয়ে এমন অনেক স্মৃতি এখন আমার মাথার মধ্যে ঘা মারছে। খুব খারাপ লাগছে এই ভেবে যে বলবুল ভাই—এই বোহিমিয়ান মানুষের সঙ্গে আমার আর শেষ দেখা হলো না!