
‘তুমি বৃক্ষ আদিপ্রাণ বইটির নাম পড়ে পাঠক হয়তো ধারণা করবেন, বৃক্ষ-সম্পর্কিত পরিচিতি আর প্রকৃতিতে এর উপস্থিতি ও প্রয়োজনীয়তা-বিষয়ক আলোচনাই এতে আছে। এ ধারণা আরও পোক্ত হবে, ফ্ল্যাপের ভেতরের সংক্ষিপ্ত পরিচিতি পড়লে। কিন্তু তাঁর ভাবনা এরপর বদলে যাবে, বইটির ‘সূচি’তে চোখ ফেরালে। বৃক্ষপ্রেমী ও নিসর্গী মোকারম হোসেনের বহুদিনের প্রকৃতিপ্রীতির নজির হিসেবে এ বইয়ে ৭০টি ছোট-বড় নিবন্ধ সংকলিত; যেগুলো ২০০৮-২০১৫ সালে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষণীয়, লেখক বৃক্ষের পরিচিতি তুলে ধরতে গিয়ে গড়পরতা বৈজ্ঞানিক প্রতিবেদন বিন্যাসের দিকে ধাবিত হননি; বরং আমাদের জাতীয় জীবনে ও সংস্কৃতিতে বৃক্ষ ও নিসর্গের ভূমিকা যথাযথভাবে অনুধাবনের তাত্পর্য তুলে ধরতে তিনি সচেষ্ট। এ কারণেই বইটির শুরুতে ‘আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের মহীরুহ’ এবং ‘আমাদের জাতীয় বৃক্ষ ও প্রাসঙ্গিকতা’ নিবন্ধ দুটি স্থান পেয়েছে।
তুমি বৃক্ষ আদিপ্রাণ মোকারম হোসেন প্রচ্ছদ: ধ্রুব এষ প্রকাশক: কথাপ্রকাশ প্রকাশকাল ২০১৬ ২৬৮ পৃষ্ঠা দাম: ৪০০ টাকা|
এ বইয়ের অধিকাংশ লেখাই বিভিন্ন উদ্ভিদ, গাছপালা ও নিসর্গসংশ্লিষ্ট। যেমন ‘চাঁপা নামের যত ফুল’, ‘রমনায় গাছ চেনা’, ‘বাংলাদেশের নতুন ফুল’, ‘দেশের মাটিতে বিদেশী ফল’ প্রভৃতি। আবার বিশেষ স্থানের প্রসিদ্ধ গাছপালা, কৃষিজ পণ্য নিয়ে লিখিত নিবন্ধের অন্তর্গত হলো ‘মহেশখালীর পান’, ‘মরুর খেজুর ভালুকায়’। এ বইয়ে রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে বেড়ানোর বৃত্তান্তও, যেগুলো ভ্রমণকাহিনি হিসেবে পরিচিত।|
তবে ভ্রমণবিষয়ক হলেও বইটির কিছু লেখার প্রতিপাদ্য অচেনা-অজানা স্থান ও সেখানকার গাছপালা, নিসর্গ-সম্পর্কিত আলোকপাত। এসব লেখায় রয়েছে সতর্ক পর্যবেক্ষণ আর গাছপালা-প্রকৃতি-সম্পর্কিত খুঁটিনাটি তথ্যের সযত্ন সমন্বয়, যা গবেষণাধর্মী লেখার মৌলিক শর্ত। পাশাপাশি বৃক্ষ ও নিসর্গের প্রতি নিবেদিত ব্যক্তিত্বদের সংশ্লিষ্ট কর্মকাণ্ড এসব নিবন্ধে পরিবেশিত। এ ক্ষেত্রে নিসর্গী ড. নওয়াজেশ আহমদ ও প্রাণিবিদ রেজা খানকে নিয়ে লিখিত নিবন্ধ দুটি উল্লেখযোগ্য। পাশাপাশি ‘রমনা-নিসর্গের স্থপতি প্রাউডলক’ ও ‘ভালোবাসার ভিন্ন জগৎ’ নিবন্ধদ্বয়ে ‘রমনা পার্ক’, ‘বলধা গার্ডেন’ ও ‘চৈতন্য নার্সারি’র প্রতিষ্ঠাতাদের বৃক্ষানুরাগ ও নিসর্গপ্রেমের নজির উপস্থাপিত। তা ছাড়া বৃক্ষ ও নিসর্গ পরিচর্যায় বাংলাদেশে সাম্প্রতিক কলাকৌশলও এসব লেখার বিষয় বিধায় বইটির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব অনুধাবনীয়। দৃষ্টান্ত হিসেবে ‘শখের বাগান: ঘরের ভেতর বাগান’, ‘গ্রীষ্মে ছাদবাগানের আয়োজন’, ‘থলে-বাগানে সবজি চাষ’ প্রভৃতি উল্লেখযোগ্য। এতসব বৈচিত্র্যপূর্ণ বিষয়ের সংকলন বিধায় এটি পড়ে এর প্রতি বৃক্ষপ্রেমীদের কৌতূহল ও দাবি নিঃসন্দেহে মিটবে।
লেখক এসব প্রতিবেদন গড়ে তুলতে বিভিন্ন বৈজ্ঞানিক নাম, তথ্য ও প্রসঙ্গের পাশাপাশি রবীন্দ্রনাথের গান, লোকসাহিত্য, লোকপুরাণ, কিংবদন্তি রূপকথা, লোকসংগীত, গীতিকা প্রভৃতি প্রসঙ্গক্রমে সংযুক্ত করেছেন। ফলে প্রতিবেদন পাঠের একঘেয়েমি কেটে গিয়ে পাঠকের পক্ষে ব্যাপারটি আনন্দময় হয়ে ওঠার সুযোগ যথেষ্ট। বৃক্ষবিষয়ক শিরোনাম হলেও এ বইয়ে লেখক বিশদ পরিসরে গাছপালা, ফুল-ফল, পশু-পাখি, নদী-পাহাড়, অরণ্য, সমুদ্র, ঝরনা প্রভৃতির সম্মিলনে গড়ে ওঠা নিসর্গলোককে উপস্থাপন করেছেন। নাগরিক মানুষ শত কর্মব্যস্তার ভিড়েও কীভাবে সবুজের হাতছানিতে সাড়া দিতে পারেন, নিজের গৃহকোণকে গাছপালায় শোভিত করে তুলতে পারেন, এ-সম্পর্কিত সাম্প্রতিক বৈজ্ঞানিক কলাকুশলাদিও বইটির আলোচনাভুক্ত। লেখক বহুদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের অর্জিত অভিজ্ঞতা, ধারণা ও জ্ঞানকেই শুধু এসব লেখায় ফুটিয়ে তোলেননি; সঙ্গে যুক্ত করেছেন অনেকগুলো আলোকচিত্র, যেন পাঠক নিবন্ধগুলোর বক্তব্য অনুধাবনে সচেষ্ট হন।
বইটির ভাষা ঝরঝরে, প্রাণবন্ত। সংক্ষিপ্ত বাক্যের ধারাবাহিক বিন্যাসে বক্তব্যকে পূর্ণতা দেওয়ার প্রচেষ্টা এতে লক্ষণীয়। তা ছাড়া বিভিন্ন লেখায় ফুটে উঠেছে কাব্যিক মাধুর্যও। শেষে একটি দিকে আলোকপাত জরুরি মনে করছি: ‘সূচি’তে নির্দিষ্ট শিরোনাম দিয়ে এর আলোকে প্রবন্ধগুলো বিভক্ত করলে বইটির সৌষ্ঠব বাড়ত। কেননা, বৃক্ষ ও নিসর্গ-সম্পর্কিত নিবন্ধের মধ্যেও বিষয়গত ভিন্নতা থাকায় এ ব্যাপারে শৃঙ্খলা রক্ষা জরুরি।