বৃক্ষ ও শেকড়
এক পরিবারের সবার অংশগ্রহণে শুরু হয়েছে শিল্প প্রদর্শনীর এক চমৎকার আয়োজন। সৃজনশীল কাজের জন্য এ পরিবারের সদস্যরা এখন শিল্পবলয়ে পরিচিত। কনকচাঁপা চাকমা ও খালিদ মাহমুদ দম্পতির ‘বৃক্ষ এবং শেকড়’ নামের শিল্প প্রদর্শনীতে সঙ্গে রয়েছে তাঁদের পুত্র আর্য শ্রেষ্ঠ ও কন্যা শিরোপা পূর্ণা। এই ভিন্নস্বাদের শিল্প প্রদর্শনী চলছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। প্রদর্শনীর মূল উদ্যোগ ও পরিকল্পনা শিল্পী নিসার হোসেনের। শিল্পী কনকচাঁপা বলেন, হঠাৎ করেই নিসার হোসেন তাঁকে এই প্রদর্শনীর প্রস্তাব দেন এবং তিনি একবাক্যেই রাজি হন। শিল্প শুধু দ্বিমাত্রিক দৃশ্যশিল্পে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে ত্রিমাত্রিক স্থাপনাশিল্প, সেলুলয়েডে নির্মিত নাটক, প্রামাণ্যচিত্র ও কাহিনিচিত্রসহ গণমানুষের সঙ্গে শিল্পের যোগাযোগের এক প্রয়াস ছিল তাঁদের।রাঙামাটির আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী শিল্পী কনকচাঁপা তাঁর নিজস্ব বৈশিষ্ট্য, কলাকৌশল ও আঙ্গিকের সমন্বয় ঘটিয়েছেন তাঁর কাজে। তাঁর মা শরৎমালা চাকমা বাংলাদেশের জাতীয় পুরস্কারপ্রাপ্ত বুননশিল্পী। তিনি বয়নশিল্পে যেভাবে কম্পোজিশনে বহুমাত্রা তৈরি করেছেন, কনকচাঁপা তা করছেন ক্যানভাসে। ছবি আঁকার বিষয় হিসেবে তাঁর ভাবনায় আদিবাসী মানুষের জীবনাচরণ, দৈনন্দিন আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনার প্রতিফলন দেখা যায়। চাকমা জনগোষ্ঠীর বয়নশিল্পের রং-রেখা-নকশা প্রভৃতিকে উপাদান হিসেবে নিয়েছেন তিনি। তিনি সর্বদাই চেষ্টা করেছেন শৈশবের স্মৃতি, বিশেষত, নারীদের উদ্যমী জীবন, ঐতিহ্যবাহী সংস্কৃতি তাঁর ছবির মাধ্যমে তুলে ধরতে। কনকচাঁপার চিত্রে রং ও রেখার স্বতঃস্ফূর্ত ব্যবহার, বর্ণনাভঙ্গি নান্দনিক অভিঘাত তৈরি করে। তাঁর চিত্রকর্মে পাশ্চাত্যের সুস্পষ্ট প্রভাব বিদ্যমান। একই সঙ্গে প্রাচ্যের রেখা, স্পেস, দ্বিমাত্রিক রং কিংবা কনসেপচুয়াল পারস্পেকটিভের উপস্থিতি চোখে পড়ে। রঙের উপাদানগত বৈশিষ্ট্য, নানা মাত্রায় রং স্বচ্ছ-অস্বচ্ছভাবে প্রয়োগ, রেখার মাধ্যমে ভলিউম তৈরি, রূপকে স্থবির বা গতিশীলভাবে উপস্থাপন আদিবাসী সংস্কৃতিকে উজ্জ্বল আবহে সামঞ্জস্যপূর্ণ করে তোলে।শিল্পী খালিদ মাহমুদের শৈশব কেটেছে মাদারীপুরে। জল-মাটি-বাতাস-মেঘমালা-দিগন্ত-নিসর্গ তাঁকে শিল্পের প্রতি নিবিষ্ট করেছে। পিতৃহীন শৈশবের একাকিত্ব তাঁর জীবনবোধকে বিমূর্ততায় নিয়ে গেছে হয়তো বা। তবে মামা চলচ্চিত্রকার আলমগীর কবিরের সান্নিধ্য তাঁকে কাহিনিচিত্র নির্মাণে আগ্রহী করে তোলে। ক্যানভাসের চেয়ে ক্যামেরাই তাঁকে বেশি আকর্ষণ করে। তাই চিত্রকর্মের চেয়ে চলচ্চিত্রেই দেখা মেলে পরিপূর্ণ শিল্পী খালিদ মাহমুদের। তাঁর ক্যানভাসে বিভিন্ন ধরনের টেক্সচার, বিষয়বস্তুহীনতা, ধূসর রঙের আধিক্য দর্শকের ভেতরে শূন্যতার বোধ তৈরি করে। তবে তাঁর স্থাপনাশিল্প ‘হার্ড লাইফ’ পুরো প্রদর্শনীর সঙ্গে কিছুটা সামঞ্জস্যহীন বলে মনে হয়।আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার তোলা বেশ কিছু ফটোগ্রাফির বিষয়বস্তু ও কম্পোজিশন দৃষ্টিনন্দন। আর্যর দ্য লস্ট লাভ স্টোরি এবং শিরোপার আওয়ার বোট ইজ আওয়ার অ্যাড্রেস নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয়বস্তুতে শিশুমনের নিষ্পাপ অভিব্যক্তি ও মানবতার প্রতি সহমর্মিতার প্রকাশ দর্শকদের অভিভূত করবে।এই শিল্পীপরিবারের সৃজনশীল একাগ্রতা ও প্রকাশভঙ্গির সঙ্গে পরিচয় একটি চমৎকার অভিজ্ঞতা।