বৃক্ষশৈলীর উদ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বেড়াতে গেলে অবধারিতভাবে যে দর্শনীয় স্থানটির প্রসঙ্গ আসবে তার নাম প্রেমকানন। অবশ্য প্রেমকাননের পুরোনো সমৃদ্ধির কিছুই আজ আর অবশিষ্ট নেই। তবু খুলনাবাসীর কাছে এ উদ্যানটি হারানো দিনের অনুপম ঐতিহ্য হয়ে টিকে আছে। যখন প্রেমকাননে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা। সেই বৃক্ষশৈলীর উদ্যান আর নেই, অযত্নে-অবহেলায় জঙ্গল হয়েগেছে। বেঢপ কয়েকটা গাছ শুধু আছে। সেই রূপ এখন কোথাও নেই।কে-কীভাবে বানিয়েছিলেন এই নান্দনিক উদ্যান, আর ধ্বংসই বা হলো কীভাবে সে এক দীর্ঘ ইতিহাস। গোপী কিষণ মুন্ধড়ার কাছে খোঁজ নিতে গেলাম। তিনি এ ব্যাপারে বিশেষজ্ঞ। তাঁর কাছ থেকে জানা গেল, প্রেমকাননের প্রতিষ্ঠা করেছেন সম্ভবত মঙ্গল চাঁদের ছেলে চুনী লাল, ১৯০৫ থেকে ১৯১০-এর মাঝামাঝি কোনো সময়ে। পরে ওই পরিবারের সদস্য প্রেমসূখ মোহতা এর দেখাশোনার দায়িত্ব পান। তাঁর সময়েই প্রেমকাননের শৈল্পিক উত্কর্ষ সাধিত হয়। তাঁর নামেই নাম হয় প্রেমকানন। ১৯২৯ সালে চুন্নী লাল বাগানটি দানপত্র করে দেন। তখন থেকেই বাগানটি এস্টেট অব শ্রী সত্যনারায়ণ মন্দিরের খাস সম্পত্তি হিসেবে স্বীকৃত। দানপত্রের সময় বাগানে একটি দোতলা বাড়ি, পুকুর, আসবাবপত্র ও ব্যায়ামালয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ছিল। বাড়িটি সেই অর্থে কোনো মন্দির নয়। এখানে বছরে একবার মেলা হতো। এখনো শুক্লপক্ষে সত্যনারায়ণ বিগ্রহের শোভাযাত্রা ও আষাঢ়ে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সরগরম হয়ে ওঠে প্রেমকানন। প্রেমকাননের বিশেষত্ব হচ্ছে উদ্ভিদের জীবন্ত ভাস্কর্য। শ্রী প্রেমসূখ মোহতার সম্পাদনায় ১৯৪৮ সালে প্রকাশিত একটি বার্ষিকীতে এমন ১৭টি ভাস্কর্যের উল্লেখ পাওয়া যায়। ভাস্কর্যগুলো যেসব অবয়বে নির্মাণ করা হয়েছিল সেগুলোর মধ্যে আছে মহাদেবের মন্দির, কালিয় দমন, বস্ত্রহরণ, ভারত মাতা সিংহ বাহিনী, ঐরাবত হাতি, ঋষি কুটির, পরী, উট, নৌকা, হরিণ—এ রকম অনেক কিছু। প্রতিটি ভাস্কর্যই কামিনী গাছ থেকে বিশেষ পদ্ধতিতে তৈরি। এসব জীবন্ত উদ্ভিদ-শিল্পের কারিগর ছিলেন ভিম মালী নামের একজন উড়িষ্যার মালী। ভিমের মৃত্যুর পর তাঁর জামাই মাধব এসবের দেখাশোনা করতেন। ’৮৫-৮৬ সালের দিকে নানা কারণে তিনি এ দেশ ছেড়ে চলে যান। এরপর থেকেই পরিচর্যার অভাবে জৌলুশ হারাতে থাকে উদ্যানটি। অহেতুক লোকের আনাগোনা বাড়তে থাকে। কালক্রমে প্রায় ধ্বংস হয়ে যায় বাগান।৭ বিঘা আয়তনের এই ঐতিহ্যবাহী বাগানবাড়িটি ইদানীং কিছু সাধারণ গাছপালার গৃহস্থবাড়িতে পরিণত হয়েছে। ট্রাস্টি কর্তৃপক্ষ জানিয়েছেন দক্ষ মালি পেলে বাগানটিকে পুনরায় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে। তবে স্থানীয় প্রশাসন, ট্রাস্টি কর্তৃপক্ষ, স্থপতি ও নিসর্গী- সকলের যৌথ প্রচেষ্টায় একটি নতুন নকশা প্রণয়ন করে বাগানটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই পুরনো বিষয়গুলো বাদ দেওয়া যাবে না। পুরোনো ভাস্কর্যগুলো যথাস্থানে স্থাপনের পাশাপাশি নতুন নতুন ভাবনাগুলো সংযোজন করা যেতে পারে। স্থানীয় অনেকেই মনে করেন অতি দ্রুত প্রেমকাননের যথাযথ সংস্কার হওয়া জরুরি। তাহলে এই নগরের মানুষের গর্ব করার মতো কিছু একটা থাকবে।