বৃক্ষাশ্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সঙ্গে আর গল্প করব না,
সব গল্প শেষ হয় বিষণ্ন বিষাদে।
নয়তো তীব্র বিধ্বস্ত নীরবতা
গ্রাস করে আমাদের সম্পর্ক দিনমান।

এখন আমি গাছের সঙ্গে কথা বলব,
বৃক্ষ বিছানো নরম তৃণশয্যায়
শুয়ে রইব। গাছ গাছ সবুজ,
হালকা-ঘন, গভীর অন্ধকার ছায়াময়
ঝরা পাতা আমি দেখি, হুটোপুটি
খাই। কাণ্ড জড়িয়ে ধরি, হে তরু,
তোমরাই আমাদের পরম আশ্রয়,
বাসস্থান, খাদ্য, উত্তাপ। আমার
শরীর থেকে বৃক্ষের ভিতর প্রীতি
ঝরে, মমতায় আর্দ্র সে আমাকে
অভ্যন্তরে টেনে নেয়, প্রস্ফুটিত হয়
ফুলে, পত্রে—মধুক্ষরণ আমি
পূর্ণ হই। আদিপ্রেম বৃক্ষপর্ব।

নাঃ, তোমাদের সঙ্গে আর
করব না হাসি-তামাশাও। আমার
পল্লব-ঠোঁট কেঁপে কেঁপে আঁকুপাঁকু কথা
ধীর লয়ে বয়ে যাবে বহু দূরে।

আর কিছু হারাবার ভয় নেই,
আমি বৃক্ষাশ্রমে আছি।