বৃষ্টি, ঘুমন্ত ইঞ্জিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাস্নাত মধ্যরাত, আমাকে ছুঁয়ো না

তোমার উদগ্র বর্ষার বিভীষিকায় এ দেহ ফুঁপিয়ে ওঠে!

অস্থি ও মজ্জার মধ্যে জাগে সাপ, কবচকুণ্ডল

অসাড় চামড়া, পুরুষের দন্তচিহ্ন, অপমান

ঘুমন্ত খনির মধ্যে মৃত্যু নীল ফুল আর অপহৃত ফল


আমাকে ছুঁয়ো না বৃষ্টি, ঝেঁপে এসো না বাগানে

কতটা বিহ্বল এই পাপিষ্ঠ মাংসের নদী, দুধসাদা ফেনা

তুমি তো জানো না, আমি করবীগুচ্ছের নিচে পুঁতেছি বেদনা

মনের ময়ূর গুম করে এই দেহ ঘুমিয়ে পড়েছে


অজস্র পেরেক ঠুকে বন্ধ করে রেখেছি ঝরোকা

ছুঁয়ো না শরীরের ঘুমন্ত ইঞ্জিন, মারীচ ও মরীচিকা

সংগমহীন সমস্ত রাত্রির বারুদ ছুঁয়ে জাগিয়ো না উদ্ভিদ, রক্ততুফান

বর্ষাস্নাত মধ্যরাত, মরে বেঁচে আছে শ্রাবণ-পীড়িত কোষ

অহল্যারাত্রিতে তার বুকে আর জাগিয়ো না মরণের গান!