বৃষ্টি তোমার চোখ ভেজাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ঢাকা নিউ মার্কেট’, শিল্পী: শাহানূর মামুন
‘ঢাকা নিউ মার্কেট’, শিল্পী: শাহানূর মামুন

‘চেয়ো না আকাশপানে, সূর্য তোমায় পুড়িয়ে দেবে...।’ মনে হচ্ছিল শ্রীকান্ত আচার্য্যের কণ্ঠে গান শুনছি। ছবিগুলো দেখতে গিয়ে এমন সুর অনুভব করবেন আপনিও। শাহানূর মামুন দ্বিতীয়বারের মতো জলরং ছবির প্রদর্শনীর আয়োজন করেছেন। শিরোনাম ‘জলছবি’। ‘নিসর্গ, পুরোনো ঢাকার কোলাহল, ঝড়ের আগে, বৃষ্টির শহর—এসবই উঠে এসেছে ছবিতে।
৪৬টি জলরঙের কাজের মধ্যে আড়াআড়ি ও উলম্ব আকৃতির কাজের সমাবেশ দেখা যায়। বিষয় নির্বাচনে ঋতু-বৈচিত্র্যের দিকটি প্রাধান্য দিয়ে মামুন তাঁর চিত্রকর্মে বর্ণনা করেছেন প্রকৃতির নানান ছন্দ। ছবির প্রাণ হলো কম্পোজিশান, ছন্দ, আলোছায়া। মামুনের ছবির জমিনে এ তিনটি পর্যায়ের সমন্বয় আছে। তীব্র আলোর ঝলকানি, এই রোদ, এই বৃষ্টি, আবার মেঘলা আকাশে গুমোট রং ইত্যাকার ব্যাপারগুলো ছবির বিষয়ে বৈচিত্র্য এনেছে।
জলরঙের স্বচ্ছ পদ্ধতিতে কুশলতা ও পারঙ্গমতার সম্মিলন থাকতে হয়। মামুনের হাতে রয়েছে সেই অসাধারণ ক্ষমতা। কিছু ব্যতিক্রমী রং ব্যবহারের জন্য জলরঙের ছবির স্বচ্ছ রূপ ব্যাহত হয়েছে। যেমন নিসর্গ দৃশ্যের কোনো কোনো ক্ষেত্রে চড়া লাল ও সাদার ব্যবহার। যে কারণে রঙের অনুভূতিতে হোঁচট লাগে। শিল্প সৃষ্টির ক্ষেত্রে ব্যাকরণ না মানার প্রথা সর্বজনগ্রাহ্য হলেও রং প্রয়োগের মৌলিক ধারণা অবশ্যাই অনুসরণযোগ্য।
এখন বরং জলরঙে আঁকা মামুনের কয়েকটি ছবি নিয়ে কথা বলি। বৃষ্টির ধোয়া আলোয় স্থির দাঁড়িয়ে থাকা নৌকার ছবির নাম ‘রেইনি ডে’। ছবিতে বিশাল অংশজুড়ে মেঘলা আকাশের রং বৃষ্টিবিধৌত আবহ তৈরি করে দেয়। এরপর আমরা ফিরে যাই এই নগরের বর্ষায় জীবন কেমন করে চলে সেই দিকে।
গাঢ় রঙের দালানগুলো ঠায় দাঁড়িয়ে। রিকশার দল, ছাতা মাথায় বৃষ্টি-আক্রান্ত মানুষের সমন্বয়ে ‘সিটি রেইন’ শিরোনামের ছবিটি প্রাঞ্জল হয়ে ওঠে শিল্পগুণেই।
‘ওল্ড ঢাকা’ শিরোনামের ছবিতে উঁচু দালানের বুক চিরে চলে যাওয়া গলিপথ ব্যস্ত নগরের কোলাহল মনে করায়। ‘তাঁতীবাজার’ ছবিটি একেবারে বান্ট সিয়েনা রঙের সঙ্গে হলুদ আভার মিশ্রণ। উঁচু দালানের সঙ্গে রিকশা ও মানুষের সামঞ্জস্যপূর্ণ অবস্থান ছবিকে বাস্তব রূপ দিয়েছে। পুরোনো আর নতুন ঢাকার জীবনযাপনের রূপ নির্মাণ করেন মামুন। বাস্তবধর্মী চিত্ররচনার বাইরে এ প্রদর্শনীতে মামুন কিছু প্রতীকী বিষয় উপস্থাপন করেছেন। যেমন ‘রিফ্লেক্সান অব রেইন’, ‘রেইন অ্যান্ড বোট’, ‘এক্সপ্রেশান অব নেচার’।
৮ আগস্ট আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনীটি শেষ হবে ২৬ আগস্ট।