বৃষ্টিকেই বন্ধু ভেবে জন্মলাভ করি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসের গায়ে মিশে আছে প্রপিতামহের ঋণ
ভেতরে বৃষ্টির মতো জমা আছে শেকড়-বাঁকড়
অবশেষে মহাকাব্যের রাতে জন্ম নিয়েছে
আমারও নবীন পাতা
ধূলি থেকে অসমাপ্ত গাছ...
সে গাছে সকাল-সন্ধ্যা পাখিদের আনাগোনা
সে গাছে উঁচু হচ্ছে ডালপালার স্বপ্ন
ক্রমশ এভাবেই দিগন্তের পাশে তীব্র হচ্ছে
পূর্বপুরুষের গ্রামে হারানো কোলাহল
রুদ্ধশ্বাস আমিও এসে গেছি পাখিদের এই গ্রামে
মাটি, আমি তোমার অক্ষর।
২.
মাঝে মাঝে এ রকম হয়, বৃষ্টিকেই বন্ধু ভেবে
জন্মলাভ করি
প্রতিটি জন্মে একটাই খোলা মাঠ
একটাই তেপান্তর, গোচারণভূমি
গোল্লাছুট খেলবার ফাঁকে
অতিথি পাখির চোখে গড়ে তুলি লবণ খামার
সেখানে দাঁড়িয়ে থেকে
অনেক শীতের রাত পার করি
ঘোর লাগা কুহকের দিনে
বিধাতার মতো একা ভিজে যাব বলে।