বৃষ্টিভেজা দিনে

বছর ধরে হেঁটেছি কেবল
যেদিকে তাকাই বন্ধ দুয়ার
বুকের ভেতর রং-তুলি দিয়ে
কী সব আঁকাজোকা,
শুধু স্বপ্ন আর স্মৃতি নিয়ে সামনে যাওয়া
গাছের কাছে আশ্রয় চাই
একটু নির্মল বাতাস দাও—
বৃষ্টির কাছে ভিক্ষে চাই
বৃষ্টিধোয়া জলে কষ্টগুলো ধুয়ে দাও
জেগে উঠুক অন্তরজুড়ে ফুলের পাপড়ি
ভেজা চুল, ভেজা চোখের পাপড়ি নিয়ে ঘরে ফিরি।
খোলা জানালা
খোলা দরজা
আর ঘরে ফুলের সুগন্ধি খেলা!
চারদিকে সুরের ধ্বনি
ফুল আনন্দ আর সুন্দরকে বুকে আগলে
আনন্দিত দুয়ার খুলে
নতুন দিনের অবগাহনে
অসাম্প্রদায়িক বাংলায় সোনার মানুষ জাগবে?
সোনার মানুষ সোনা ঝরাবে
আনন্দ মিছিলে
সোনার মানুষ স্বাধীনতার পতাকা নিয়ে
মিছিলে শরিক হবে
প্রকম্পিত হবে জয় বাংলা ধ্বনিতে,
জাগো মানুষ জাগো
শান্তির মিছিলে আমার হবে নবযাত্রা—
সাম্যের গান গাইব গলা ছেড়ে।