বৃষ্টিভেজা সবুজের শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের একটি হাসপাতালে বসে মার্ক অজের সঙ্গে আমার দার্শনিক তর্ক চলছিল। না, ৭৮ বছরের এই ফরাসি নৃতত্ত্ববিদ সেই হাসপাতালে ছিলেন না, তিনি ছিলেন প্যারিস অথবা অন্য কোথাও, হয়তো সুপারমডার্নিটি বিষয়ে বক্তৃতা-সফরে। বেশ কয়েক বছর আগে বোস্টনে তাঁর একটা বক্তৃতা শুনেছিলাম ওই সুপারমডার্নিটির ওপর: তিনি বলেছিলেন, এই জবর-আধুনিকতার যুগে প্লেস বা স্থানের ধারণা ও সংজ্ঞা বদলে গেছে, যেহেতু এখন অনেক ‘অস্থান’ বা নন্-প্লেসের আবির্ভাব হচ্ছে, যেখানে নাগরিকদের অনেকটা সময় কাটে, কিন্তু যেগুলোতে স্থানের কোনো মহিমা নেই, টান নেই, আবেগ নেই: যেমন হোটেল বা বিমানবন্দর, সুপারমার্কেট অথবা হাসপাতাল। এই প্রতিটি স্থান যে আমাদের জীবনযাপনের অনিত্যবোধকে তুলে ধরে এ ব্যাপারে তাঁর শ্রোতাদের সঙ্গে আমারও ঐকমত্য ছিল। কিন্তু সিঙ্গাপুরের এই হাসপাতাল? পাশে বসা এক বৃদ্ধ আমাকে জানালেন, মাসে যে কবার তাঁকে এখানে আসতে হয়, তিনি আনন্দিত প্রতীক্ষায় থাকেন। হাসপাতালের অপেক্ষা ঘরে রোগীরা ডাক্তার অথবা সেবার জন্য বসে থাকেন, মুফেত চা কফি খান, একজন নার্স এসে ক্রম ধরে তাঁদের নাম ডাকেন, মি. অমুক অথবা ম্যাডাম তমুক, এবং তিনি উঠে দাঁড়ালে পরম মমতায় তাঁর হাত ধরেন। নার্সের মুখে হাসি, যেন অনেক দিন পর মামা-মাসি বা খুল্লতাত ভাইয়ের সঙ্গে তাঁর দেখা হচ্ছে। ডাক্তারের কাছে পৌঁছে সেই রোগীর শরীর অর্ধেক ভালো হয়ে যায়। কী যত্ন, কী মনোযোগ, এবং অকারণ কোনো প্রতিশ্রুতি ছাড়াই সর্বোচ্চ করার প্রতিজ্ঞা। ‘এখন প্রার্থনাই ভরসা’ ধরনের মারফতি সমাধানে কঠিন রোগের রোগীকে কবরের রাস্তা ধরিয়ে দেওয়ার বদলে ওই কবরযাত্রাটা যত দিন মুলতবি করা যায়, তাঁর পণ। মার্ক অজে সিঙ্গাপুরে এলে আরও দেখতেন, শহরের চেঙ্গি বিমানবন্দরটি পশ্চিমের ভয়াবহ সব বিমানবন্দরের তুলনায় অনিত্যবোধকে কত সহজে তাড়িয়ে দেয়। আমার দেখা পশ্চিমের কোনো বিমানবন্দরেই আমি চেঙ্গির সেবার ধারে কাছে পাইনি। ওই সব অস্থানের প্রতিটি কর্মী যেন এক একজন কোতোয়াল, বাংলাদেশের পাসপোর্ট দেখলে তলোয়ারটা বের করে রাখে কোপ দেওয়ার জন্য। চেঙ্গিতে দু-একজন বাদে অভিবাসন কর্মকর্তাদের আমি হাসিমুখ দেখেছি, ভোর চারটার সেই অপার্থব প্রহরেও। আমাদের সবুজ পাসপোর্টও পাঁচ মিনিটের বেশি তাঁদের কবজায় থাকে না। আর পরিবেশ? আর সেবা? ঢাকার সঙ্গে তুলনা করে লাভ নেই, অন্তর্জ্বালাই শুধু তাতে বাড়বে; কিন্তু পশ্চিমের বিমানবন্দরগুলোতেও কি পণ্য থেকে নিয়ে খাবারের দোকানে, নানান সেবাকেন্দ্র থেকে নিয়ে পাতালরেলের ইস্টিশানে এত সৌজন্যের সাক্ষাৎ পাওয়া যায়? টম হ্যাংকেসর টার্মিনাল ছবিটা যদি চেঙ্গির পটভূমিতে হতো, বেচারা হয়তো সেখানেই পাকাপাকি থানা গেড়ে ফেলত। কিন্তু পশ্চিমের দু-এক বিমানবন্দরেও ট্যাক্সিচালকেরা আমাকে যে ঠকিয়েছে, এটা মনে করে চেঙ্গির ট্যাক্সিচালকদের আমি মনে মনে সালাম দিয়েছি। ৫০ টিপস দিলেও তাঁরা একগাল হেসে ধন্যবাদ জানান। সিঙ্গাপুরের মানুষ ভদ্র। তাঁরা কাজপাগল, এবং নিয়মের অনুবর্তী। কেউ আইন ভাঙলে তাঁরা কুপিত হন। নিজেদের মধ্যে কথাবার্তায় তাঁরা উচ্চকিত, কিন্তু অচেনা কারও সঙ্গে কথা বলার সময় তাঁদের গলা নেমে আসে। তাঁদের কাছে বিশৃঙ্খলাটা একটা অশব্দে পরিণত হতে চলেছে। টিভিতে বাংলাদেশের হরতালচিত্র দেখে তাঁরা খুব চিন্তায় পড়ে যান। আমাকে জিজ্ঞেস করেন, মানুষগুলো নিজেদের গাড়ি পোড়াচ্ছে কেন? সযাত্রী ট্যাক্সিতে আগুন দিচ্ছে কেন? আমি আর কী বলি! ‘একটা মারদাঙ্গা সিনেমার শুটিং হচ্ছে, ভাই,’ এ রকম বলার কথা মনে আসে। কিন্তু নিজে নিজেই হাসি। কারণ, এই প্রতিদিনের শুটিংটা যে সিনেমার তাতে ভিলেনরাই যে নায়ক এবং তাদের খুনখারাবি আর খণ্ডাখণ্ডি যে আমাদের জীবনের নিত্যবাস্তবতা, এবং এই সিনেমার নাম যে ক্ষমতার মসনদ! ২.সিঙ্গাপুরের সবুজ দেখে ভিরমি খেতে হয়। যেদিকে চোখ যায়, সবুজের উৎসব। শহরজুড়ে সবুজ পার্ক, মাঠ, গাছ আর গাছ। ২০ তলা দালানের ১৫ তলাটা গাছের জন্য ফাঁকা: ছাদে গাছ, ব্যালকনিতে গাছ। রাস্তার দুদিকে গাছের জঙ্গল। এমনকি কংক্রিটের স্থাপনা, উড়ালপুল সব লতানো সবুজে ঢাকা। আর ফুল। এত ফুল! যেন ভুল করে কেউ শহরটাকে বাগান ভেবে ফুলের চাষ করেই যাচ্ছে। এত সবুজ কি ঢাকার কোথাও দেখতে পাব, কোনো দিন? সিঙ্গাপুরের সবুজ যে চিরযৌবন ধরে রেখেছে, তার কারণ প্রায় প্রতিদিনের বৃষ্টি। মাঝেমধ্যে অনেক আয়োজনে, কালবৈশাখীর মতো বিজলি-বাতাসে বৃষ্টি নামে, অঝোরে ঝরে; বাজ ডাকে আকাশজুড়ে। কিন্তু কিছুক্ষণ পর থেমেও যায়। তখন রাস্তায় বেরিয়ে প্রথম প্রশ্নটা মনে জাগে, রাস্তায় কেন হাঁটুপানি নেই?নেই, কারণ সিঙ্গাপুর হচ্ছে পরিকল্পিত নগরের পরাকাষ্ঠা। আমরা এখনো কল্পিত নগরের তালাশে আছি, পরিকল্পিত করার জন্য যেসব উদ্যোগ-মেধার প্রয়োজন, সেসব আমাদের নেই। সিঙ্গাপুরের সবুজ দেখে, শৃঙ্খলা দেখে, মানুষের ভদ্রতা দেখে, তারুণ্যের নিষ্ঠা দেখে আমার মনে হয়েছে একটি জাতি কৃতসংকল্প হলে সবাই মিলেই এভারেস্টের মাথায় চড়ে বসতে পারে। সিঙ্গাপুরের এক নেতা ছিলেন, এখন অবসরে অদৃশ্যে বসে কখনো কখনো পরামর্শ দেন, যদি পরামর্শ কেউ চায়, যাকে সে দেশের মানুষ জানে এলকেওয়াই নামে, যিনি দীর্ঘদিন সামনে থেকে মানুষের মেধাকে জাগিয়েছেন, উদ্যোগকে সমন্বিত করেছেন, এবং সমাজ গঠনে পথ দেখিয়েছেন। তাঁর উদ্দেশে সালাম জানান হাসপাতালের সেই বৃদ্ধ এবং কথাপ্রিয় ট্যাক্সিচালক।সিঙ্গাপুরের জাদুঘরে একবেলা ঘুরেছিলাম। একটি নগর-রাষ্ট্র কীভাবে সবার চেষ্টায় সব প্রতিকূলতাকে জয় করতে পারে, সভ্যতাকে পরিমার্জন করতে পারে, মূল্যবোধকে জাগিয়ে তুলতে পারে, ওই ভ্রমণে আমি তা বুঝেছিলাম। ৩. বৃষ্টি নিয়ে আমাদের কত যে বিলাস! বৃষ্টিতে আমরা ভিজি, কিন্তু ভেতরটা তাতে পরিষ্কার হয় না। অথচ বৃষ্টি সিঙ্গাপুরের মানুষকে নিশ্চয় প্রতিদিন পরিষ্কার করে, কারণ গাছপালা, দরদালান আর রাস্তাঘাটের মৃত মানুষগুলোও তো চকচক করে।