বৃষ্টির দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীর মতো বৃষ্টির দিন বয়ে যায়
তোমার ভেতরে, দেহে;
মুখের ভাষার কাছাকাছি
তুমি আছ
টি-স্টলের দোচালায়, বাসস্টপেজে; আতঙ্ক আর শঙ্কার ভিড়ে।
কত কথা শরীর মেলে, স্তন ও উৎকণ্ঠা দেখায় সেখানে! সবটা বলা এখন একেবারেই ঠিক হবে না; চারদিকে গোয়েন্দা, পিস্তল, নীরবতা, বাস্তব আর অবাস্তবের অজস্র কান, কানাকানি; তাই চুপ যাওয়া ভালো; চক্ষু পেলে সবকিছু দেখতে হবে? দেখেও না দেখার জন্য নির্মল বর্ষাতি থাকলেই তো হয়!
ভরা বর্ষার ঘোর বৃষ্টিতে মুখের ভাষায়
তোমাকে আমি স্পর্শের নগ্নতায় শুইয়ে দিতে পারি;
লিখিত ভাষায় রেইনকোট পরে
কাছেও আসতে পারি না!
নদীর মতো বর্ষণমুখরতা
জানালার ওই পারে
দেহ খুলে ভেসে যায়...
কাচের এপার থেকে দেখি
রাজনৈতিক আলাপ ক্রমশ মেঘে মেঘে
কালো হয়ে আসে...