বৃষ্টির দিনে সেখানে অনবরত ঝুমঝুম শব্দ হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক মিউজিক শুনতে ভালোবাসেন মেরিনা তাবাসসুম। ছবি: খালেদ সরকার
রক মিউজিক শুনতে ভালোবাসেন মেরিনা তাবাসসুম। ছবি: খালেদ সরকার

মেরিনা তাবাসসুম। খ্যাতিমান স্থপতি। ঢাকার দক্ষিণখানে বাইতুর রউফ মসজিদসহ বিভিন্ন নান্দনিক স্থাপনার নকশাকার। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার, জামিল প্রাইজসহ নানা পুরস্কার। তিনি লিখেছেন তাঁর প্রিয় ৫ নিয়ে।

১. প্রিয় জায়গা
ঘুরে দেখেছি ইস্তাম্বুল শহর

‘প্রিয়’—এই ধারণাতেই তেমন বিশ্বাস নেই আমার। তার পরেও যদি জিজ্ঞাসা করা হয় আমার ভালো লাগার জায়গা সম্পর্কে, বলব যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল আমার ভালো লাগার অন্যতম একটা জায়গা। প্রথমবার সেখানে গিয়েছিলাম বাবার সঙ্গে। সেটা ২০০৫ সালের ঘটনা। কাজ শেষে ফ্রি হয়ে গেলাম প্রায় ১০ দিনের জন্য। সেই সময়ে একা একা হেঁটে ঘুরে দেখেছি গোটা ইস্তাম্বুল শহর। দেখেছি, ইস্তাম্বুল এমন একটি শহর যেখানে ঐতিহ্য এবং সমসাময়িকতা মিলেমিশে এমন এক আবহ তৈরি করেছে যে মানুষকে পদে পদে বিমোহিত হতে হয়। যদি স্থাপত্য নিদর্শনের কথা বলি, তো বলতেই হবে অটোমান সাম্রাজ্যের সময়ের দৃষ্টিনন্দন সব স্থাপনা—মসজিদ, প্রাসাদ, কবরস্থান—এগুলোর কথা। এখানে অতীত ঐতিহ্যের সঙ্গে মিলেমিশে দাঁড়িয়ে আছে সমসাময়িক স্থাপত্য।

২. প্রিয় খাবার
মায়ের হাতের ধোঁয়া ওঠা খিচুড়ি-ইলিশ

আমি পছন্দ করি ইতালিয়ান খাবার। এর কারণ সম্ভবত অলিভ অয়েলের ব্যবহার। আমি অলিভ এবং অলিভ অয়েলও পছন্দ করি খুব। শুধু ইতালি নয়, তার আশপাশের দেশগুলোর রান্নায় অলিভ অয়েলের ব্যবহার থাকবেই। এ জন্যই ওদের খাবার আমার বেশি ভালো লাগে। কিন্তু এখানে, বিশেষত যে খাবারটির কথা আমি উল্লেখ করতে চাই সেটি হলো, আমার মায়ের হাতে রান্না—ধোঁয়া ওঠা গরম খিচুড়ি-ইলিশ। কিশোরী বয়সে আমাদের শান্তিনগরের বাড়ির ছাদটি ছিল টিনের। বৃষ্টির দিনে সেখানে অনবরত ঝুমঝুম শব্দ হতো, আমার মা ভাই-বোনদের সবাইকে পাশে বসিয়ে গরম খিচুড়িসহ পাতে তুলে দিতেন কড়কড়া ইলিশ মাছ ভাজা। মা চলে গেছেন পরপারে। ইলিশ এখনো খাওয়া হয় প্রায়ই। তবে সেই স্বাদ আর পাই না। জানি, পাবও না কোনো দিন।

৩. প্রিয় গান
আজও শুনি ‘বোহেমিয়ান র​্যাপসোডি’

বরাবরই আমি রক মিউজিক শুনেছি, এখনো শুনি। আমার বেড়ে ওঠা, ক্যাম্পাসজীবন আশির দশকে। তখন আমরা বন্ধুরা মিলে হেভিমেটাল শুনতাম। সে সময় নিউমার্কেট ও এলিফ্যান্ট রোডে কিছু নামকরা ক্যাসেট প্লেয়ারের দোকান ছিল। সেখান থেকে ক্যাসেট সংগ্রহ করতাম। কুইন ব্যান্ডের গান শোনা হতো খুব, এখনো শুনি প্রায় প্রতিদিন। ওদের অনেক গানই ভালো লাগে। বহু বছর ধরে শোনার পর আজও অক্ষুণ্ন আছে সেই ভালো লাগা। কিন্তু এর মধ্য থেকে আমাকে যদি একটি গানের কথা বলতে বলা হয়, তবে সমস্যাতেই পড়ব—কোনটা রেখে কোনটা বলি? ‘বোহেমিয়ান র​্যাপসোডি’র কথা বলা যেতে পারে। এটি প্রথম শুনেছিলাম সেই আশির দশকে। সেই থেকে শুরু, আজও শুনছি।

রেনে মাগরিতের ‘দ্য ব্ল্যাংক সিগনেচার’
রেনে মাগরিতের ‘দ্য ব্ল্যাংক সিগনেচার’

৪. প্রিয় চিত্রশিল্পী
বিস্ময়কর রেনে মাগরিৎ

সন্দেহাতীতভাবে আমার প্রিয় চিত্রশিল্পী বেলজিয়ান পরাবাস্তব ধারার চিত্রশিল্পী রেনে মাগরিৎ। তাঁর বহু শিল্পকর্মই আমাকে টানে, আমাকে ভাবায় এবং বিমোহিত করে। তাঁর শিল্পকর্মের সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে, ওঁর ছবির দিকে যিনি একবার মনোযোগ নিয়ে তাকাবেন, তিনি ছবির বিষয়বস্তু নিয়ে ভাবতে বাধ্য হবেন। বিষয়বস্তু, রঙের ব্যবহার সব মিলিয়েই রেনে মাগরিতের ছবিগুলো বিস্ময়কর ও চমৎকার। তাঁর একটি শিল্পকর্মের কথা আলাদাভাবে বলা কঠিনই হবে, অনেকটা অসম্ভবও বটে। তবে এই মুহূর্তে রেনে মাগরিতের একটি ছবির কথা বলতে হলে বলব ‘দ্য ব্ল্যাংক িসগনেচার’-এর কথা। ১৯৬৫ সালে আঁকা তাঁর এ ছবিটি কিন্তু অমর এক চিত্রকলা।

বারবার পড়েন লুই আই কান ইন কনভারসেশন
বারবার পড়েন লুই আই কান ইন কনভারসেশন

৫. প্রিয় বই
বারবার পড়ি লুই আই কানের বই

ইদানীং গল্প-উপন্যাস খুব একটা পড়া হয় না। এখন প্রধানত স্থাপত্যকলার বই-ই বেশি পড়ি। স্থাপত্য দর্শন, স্থাপত্য তত্ত্ব, গবেষণা—এগুলোই পড়া হয়। লুই আই কানের বইগুলোই বারবার পড়ি। বলা যায়, আমি লুই আই কানের কাছে ফিরে আসি বারবার। এখানে বিশেষভাবে উল্লেখ করব লুই আই কান ইন কনভারসেশন বইটির কথা। একজন স্থপতি হিসেবে আমার মনের গভীরে যেসব প্রশ্ন অথবা জিজ্ঞাসা প্রতিনিয়ত তৈরি হয়, লুই আই কানের কথোপকথনমূলক বইয়ে আমি তার উত্তর খুঁজে পাই। এখান থেকে আমি অনুপ্রেরণা পাই।