বৃষ্টির ভেতরে বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণে বুকের নিচে এক খরাদগ্ধ মরা নদী

উজান হাওয়ার টানে জেগে ওঠে—বলে, জল নাও—

পৃথিবীর তিন ভাগ জলাভূমি তোমাকে দিলাম,

বিনিময়ে কবিতার কৌটা খুলে অন্য কিছু নয়—

মেঘের জরায়ু কেটে শুধু জীবনের এক টুকরো

রাঙা স্বপ্ন ভাঙা চাঁদ তুলে রাখো ঘাসের জীবনে;

যে জীবনে স্বপ্ন নেই তাকে কেউ জীবন বলে না;

যার চোখে বৃষ্টির উল্লাসে কোনো ময়ূর নাচে না

কী করে গোলাপ তাকে প্রণয়ের প্ররোচনা দেবে!

ওই যে পাথর মুখে বসে আছে পাহাড়-দেবতা

তার পায়ে বেঁধে দাও ডানাহীন জলের ঘুঙুর

নদীও বৃষ্টির গন্ধে খুলে ফেলে মুখরা যৌবন।


অদৃশ্যে কুয়াশা ওড়ে চৈতন্যের স্তব্ধ চরাচরে;

তারপর যাত্রা শুরু গন্তব্যের অজানা রাস্তায়:

এত যে বিমর্ষ দিন ঝুলে আছে কালের হ্যাঙ্গারে

কেউ কি আড়ালে তাকে সেবিকার আদর দেবে না?

যখন আকাশ ভেঙে নেমে আসে নির্ঘুম বরিষা

কী ব্যাকুল তৃষ্ণা বুকে পাশের বাড়ির জানালায়

যে হাতে মেহেদি রং ছড়িয়েছে অস্থির নেশায়

কেউ কি বাসেনি ভালো সে হাতের অধরা আগুন?

নিজেকে গোপন রেখে জনারণ্যে বৃষ্টির ভাষায়

যে হাঁটে বেগানা পথে তার চোখে চতুর ইশারা!


কোথাও অনেক দূরে একটানা বৃষ্টি ঝরে, বৃষ্টি...

বৃষ্টির ভেতরে বৃষ্টি! এ কেমন ডাহুক সময়

কবিকে উন্মন করে সারাক্ষণ ঘড়ির কাঁটায়

টিক টিক শব্দ করে! কে যায় হৃদয়-হ্রদে ভেসে

অবেলায় রংধনু ছড়িয়ে-ছিটিয়ে—বৃষ্টি, বৃষ্টি...

মেঘের পোশাক পরে অন্ধকারে রয়েছে দাঁড়িয়ে

সে আমার শৈশবের খোলা মাঠ, অসীম ঠিকানা:

এ বুকে বৃষ্টির গন্ধে ঝড় ওঠে যমুনার তীরে।