বৃহস্পতি ও মঙ্গল গ্রহের যুদ্ধ
প্রায় হাজার কোটি বছর আগে, মঙ্গল গ্রহে বাস করত একদল প্রাণী। তাদের ছিল মানুষের থেকেও বেশি বুদ্ধি। মানুষ বর্তমানে যেসব যন্ত্রপাতি আবিষ্কার করেছে, সেগুলো তারা অনেক আগেই আবিষ্কার করেছিল। প্রযুক্তির দিক থেকে তারা ছিল সবচেয়ে এগিয়ে। আর তার পাশেই ছিল বৃহস্পতি গ্রহ। সেই গ্রহেও বাস করত একদল প্রাণী। সবচেয়ে বড় গ্রহ হলেও এখানকার অধিবাসীরা মঙ্গলবাসীদের তুলনায় অনেক পিছিয়ে ছিল। তাই তারা সর্বদা মঙ্গলবাসীদের হিংসা করত।
একদিন বৃহস্পতি গ্রহের রাজা ফ্রেডরিকো ঘোষণা দিল যে সে মঙ্গলে আক্রমণ করবে। এতে করে মঙ্গল তার দখলে চলে আসবে এবং সেখানকার যন্ত্রপাতি ব্যবহার করে তারা আরও উন্নত হবে। যেই ভাবা সেই কাজ। রাজার মন্ত্রী নিজে মঙ্গলে বার্তা পৌঁছে দিল যে তারা দু-এক দিনের মধ্যে মঙ্গলে আক্রমণ করবে। তবে রাজা ফ্রেডরিকো শর্ত দিয়েছিল যে এই যুদ্ধে কেউ কোনো প্রযুক্তি ব্যবহার করতে পারবে না। শুধু যুদ্ধের অস্ত্র ব্যবহার করতে পারে।
এ কথা শুনে মঙ্গলের রাজা নিকো জুলিয়াস খুব চিন্তায় পড়ে গেল। কারণ, মঙ্গলের জনসংখ্যা ছিল খুব কম। আর তারা যুদ্ধে লড়াইয়ের জন্য প্রশিক্ষিতও ছিল না। তবুও যথাসময়ে যুদ্ধ শুরু হলো। বৃহস্পতির সৈন্যরা অনেক ঢাল, তলোয়ার, কামান ইত্যাদি নিয়ে যুদ্ধক্ষেত্রে নামল। যুদ্ধে বৃহস্পতি গ্রহ জয়লাভ করল। তারা মঙ্গলের সবকিছু ধ্বংস করে দিল। তারা তো খুবই খুশি। কিন্তু যখন দেখল যে কেউই আর বেঁচে নেই, তখন তারা তাদের বোকামিটা বুঝতে পারল। কারণ, তাদের উদ্দেশ্যই তো ছিল মঙ্গলের অধিবাসীদের দিয়ে যন্ত্র তৈরি করে আরও উন্নত হওয়া। কিন্তু সেটা তো আর সম্ভব না। কারণ কেউই তো জীবিত নেই। আর সব যন্ত্রপাতিও ধ্বংস হয়ে গেছে। তাই বৃহস্পতির অধিবাসীরা ফিরে যেতে লাগল। কিন্তু তাদের গ্রহের কাছাকাছি গিয়ে দেখল যে পুরো বৃহস্পতি গ্রহটা গ্যাসে ভরে গেছে। কীভাবে? আসলে মঙ্গলের কিছু অধিবাসী আগেই ওখানে গ্যাসবোমা নিক্ষেপ করেছিল। কিছুদিন পর ফ্রেডরিকো আর তার রাজ্যের সবাই মরে গেল।
আর এভাবেই শেষ হয়ে গেল মঙ্গল ও বৃহস্পতি গ্রহের জীবনযাত্রা।
অষ্টম শ্রেণি, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা