সদানন্দর মা বলল, ‘যা হওনের তা হৈচে, আর ওমুন কইরা ঝিমুনি ধইরা ধাইকো না গো। ভগবান লেশ্চয় হের বিচার করব। তয় মানুষরে আর বিশ্বাস কইরো না!’স্ত্রী বলল, ‘বিহিত একডা করাই লাগব। অন্যায় করইন্যা আর অন্যায় সওইন্যা হগলে একই অপরাধী।’ভাই বলল, ‘হালার ঠিকানা দে হামারে।’পরিচিতদের মধ্যে যারা ঘটনার আদ্যোপান্ত জানে, তারা শেষটা শুনে বলল, ‘কী জমানা আইলো। দুনিয়া থাইক্যা বিশ্বাস জিনিসটা উইঠ্যাই গেল নাকি!’কেউ কেউ বলল, ‘মধুর লগে লেশ্চয় কেউ জড়িত আচে। মধু একাই এত বড় বেইমানি করার কতা লয়!’এই মন্তব্য শোনার পরই সদানন্দর মনে পড়ল, মোবাইল ফোন বন্ধ করে রাখার আগে মধুর শেষ কয়েকটি কথা, ‘আপনে তো বালাই আছেন, চাকরি-বাকরি করতাছেন। মাস গেলেই ট্যাকা পান। আমি এই কয়টা ট্যাকা না দিলে আপনে মইরবেন না। আর ট্যাকা চাইয়েন না।’সদানন্দর স্পষ্ট মনে পড়ে মধুর বন্ধু দাঁতালের কথা। সদানন্দর সঙ্গে দেখা হলে দাঁতাল এ ধরনের কথাই বলত। কিন্তু এসব কথা বলে দাঁতাল বড়জোর চা-সিগারেট খাইত আর রিকশা ভাড়া নিত। সদানন্দ এতে বিরক্ত হলেও হাস্যোচ্ছলেই মধুর বন্ধুর আবদার পূরণ করত। কিন্তু মধুর এই অভিপ্রায় কি সহ্য করার সাধ্য আছে সদানন্দর? আর ভাবতে পারে না সদানন্দ। কোথায় যেন হারিয়ে যায়। পায়ের তলার মাটি যেন খুঁজে পায় না। কানে শুনতে পায় ভোঁ ভোঁ শব্দ।দাঁতালের সঙ্গে সদানন্দের কীভাবে পরিচয়, তা মনে করতে পারে না সদানন্দ। কার মাধ্যমে যেন পরিচয় হয়েছিল। তারপর দেখা হতো রাস্তায়। এই দাঁতালই মধুর সঙ্গে সদানন্দর পরিচয় করিয়ে দিয়েছিল। বলেছিল, ড্রাইভারি এবং গাড়ির বডি মিস্ত্রির কাজ জেনেও মধু ছেলেটা বেকার। শ্রমিকদের প্রতি গ্যারেজ-মহাজনদের অন্যায় ও শোষণ সহ্য করতে পারে না বলেই একের পর এক গ্যারেজ পাল্টায় আর ছেড়ে চলে আসে। মধুর একটা কাজ জোটাতে সদানন্দকে অনুরোধ করেছিল দাঁতাল। মধুর জন্য কী করে নাই সদানন্দ! বাড়িতে থাকতে দিয়েছে, খাইতে দিয়েছে দিনের পর দিন। সদানন্দর ভাই দেওয়ানবাড়ির সামনে দোকান ধরেছিল একবার। দোকানে টেলিভিশন আর ভিসিআর ছিল। বছরের মাথায় দোকান বন্ধ হয়েছিল বাকিতে দেওয়া সওদার দাম তুলতে না পেরে। দোকান বন্ধ হলে দোকানঘরটি পর্যন্ত বিক্রি করে মহাজনদের টাকা পরিশোধ করতে হয়েছে সদানন্দদের। কিন্তু সদানন্দর মা টেলিভিশন আর ভিসিআরটা বেচতে দেয়নি। বলেছিল, টেলিভিশন আর ভিসিআরের পরিবর্তে তার কানপাশা বিক্রি করতে। ছেলেরা মায়ের একমাত্র স্বর্ণালংকার দুখানা বিক্রি করেনি। উপায়ান্তর না পেয়ে তারা ঋণ নিয়েছিল স্থানীয় এনজিও থেকে। সদানন্দর মা ছেলেদের ঋণের কিস্তি শোধ করতে এক বেলা খাওয়া বন্ধ করে দিলেও মনে আনন্দের অভাব ছিল না। দিন-রাত টিভিতে হিন্দি সিরিয়াল দেখত, ডিশের লাইন চলে গেলে ভিসিআরে দেখত হিন্দি ছবি। ঘরে অমিতাভ বচ্চনের বিভিন্ন বয়সের ছবি স্থান পেয়েছিল গণেশ, কার্তিক আর কালীর পাশাপাশি।মধু যখন সদানন্দদের বাড়িতে ঘন ঘন আসতে শুরু করে, তখন সবচেয়ে বেশি বিরক্ত হয়েছিল সদানন্দর মা। কেননা বাইরের লোকদের বসানোর বা থাকতে দেওয়ার ঘর বলতে ওই একটাই ঘর তাদের। যে ঘরে থাকে সদানন্দর মা আর ভাইপো। বাড়িতে কেউ এলেও সদানন্দর এবং সদানন্দর ভাইয়ের ঘরে পুরুষ-মহিলা ভাগাভাগি করে ঘুমাতে হতো। তবু সদানন্দর মা বাইরের ঘরটা ছাড়ত না। কারণ ওই ঘরেই ছিল টেলিভিশন ও ভিসিআরটা, যা ছাড়া সদানন্দর মায়ের পরিষ্কার ঘুম হয় না এবং পরিষ্কার ঘুম না হলে পায়খানাও হয় না ঠিকমতো। ছেলেদের ছুটতে হয় ওষুধের দোকানে।আগন্তুক মধু সদানন্দদের পরিবারে এমন ব্যক্তি, যাকে না রাখা যায় সদানন্দর ঘরে, না সদানন্দর ভাইয়ের ঘরে। মায়ের ঘরেই তাকে বসতে দিতে হতো। ফলে বেশি সমস্যা পোহাতে হতো সদানন্দর মাকে। ঘর থেকে বেরিয়ে যেত সে।স্বভাবে সদানন্দর মা এমন নয় যে অপরিচিত লোকের সঙ্গে সহজে মিশতে পারে না। বরং নারী-পুরুষ সবার গা ঘেঁষে চলায় তার আনন্দ। সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে পারে বলেই মহল্লার প্রায় সব বাড়িতে তার অবাধ যাতায়াত। বিপদাপদ ও দুঃখের দিনে মহল্লার অনেকেরই নিরাপদ আশ্রয় সে। ছেলেদের অনেক বন্ধুকে সে মায়ের মতোই স্নেহ করে। কিন্তু মধু লোকটা কেমন যেন। কথাবার্তা বলে না, শুধু হাঁ করে তাকায়। খাওয়ার ধরনটাও ঠিক মানুষের মতো নয়, কোত্ কোত্ শব্দ করে নিমেষেই সাবাড় করে। তবুও যেদিন থেকে রাতে সদানন্দদের বাড়িতে মধু থাকা শুরু করে, তার পূর্বে সদানন্দ মাকে বোঝাতে সক্ষম হয়েছিল যে মধু একজন ভালো লোক। তার ছেলেদেরই মতো সহজ-সরল। সদানন্দ একজন ড্রাইভার। সুগার মিলের গাড়ি চালায়। মিলের কয়েকটি নষ্ট গাড়ি নিলামে বিক্রির দরপত্র আহ্বান করা হলে একটি কেনার ইচ্ছে জাগে সদানন্দর। কেননা নষ্ট গাড়ি সচল করার বিদ্যা তার জানা। নষ্ট গাড়ি সচল করে বিক্রি করতে পারলে ন্যূনতম দ্বিগুণ লাভ হতে পারে, কিন্তু নষ্ট গাড়িটিও কেনার সামর্থ্য নাই সদানন্দর। একদিন অফিসে যাওয়ার সময় দুঃখ করে বউয়ের কাছে সে কথাই বলেছিল সে।সদানন্দর স্ত্রী স্বামীর এই দুঃখ বেশিক্ষণ বহন করতে পারেনি। সদানন্দ অফিসে যাওয়ামাত্রই শাশুড়ির কান পর্যন্ত তা ছুড়ে দিয়েছিল। ফলে সদানন্দ বাড়িতে ফিরেই জানতে পেরেছিল, নষ্ট গাড়ি কেনার টাকার ব্যবস্থা হয়ে গেছে। সদানন্দর মা কানপাশা বিক্রি করে দিয়েছে। সদানন্দর শ্বশুর এক কাঠা জমি বন্ধক রেখে মেয়েকে টাকা দিয়ে গেছে। এসবের জন্য সদানন্দ স্ত্রীকে ছেড়ে কথা বলেনি। সে সবাইকে বোঝাতে চেষ্টা করছে, এসবের দরকার ছিল না। তবে টাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় খুশিও হয়েছিল। যা-ই হোক, কয়েক দিন পরে ঠেলাগাড়িতে করে বিরাট একটা যন্ত্র আনা হলো বাড়িতে। অফিস থেকে ফিরে রাত জেগে জেগে যন্ত্রটির সেবায় নিবিষ্ট হলো সদানন্দ। সঙ্গে ভাইপো রঘুকে বিরক্ত করে তুলল ‘এটা দে, ওটা ধর’ করে করে। প্রায় দুই মাসের মাথায় একদিন রাতে হঠাত্ ভটভট শব্দ আর কালো ধোঁয়ায় প্রায় গোটা মহল্লা প্রকম্পিত করল যন্ত্রটি। ঘটনাস্থলে অনেকেই ছুটে এসে সদানন্দর মুখে ফুটে ওঠা আনন্দ আর রঘুর উচ্ছ্বাস দেখে ফিরেছিল ঘরে।আরও কদিন পর জিপগাড়ির মরিচাপড়া খোলস আনা হলো সদানন্দদের বাড়িতে। সেই মরিচাপড়া খোলসটিতে ঘষামাজা, ঝালাই এবং রং করার কাজে আনা হলো মধু মিস্ত্রিকে। সদানন্দের ভাইপো রঘুকে পূর্ববত্ নিয়োজিত করা হলো মধুর ‘এটা দে, ওটা ধর’-এর কাজে। সদানন্দদের বাড়িতে মধু রাত্রি যাপন আরম্ভ করলে সদানন্দর মায়েরই কষ্ট হয়েছিল বেশি। তবু ছেলের দুপয়সা যদি আয় হয় তাতে সদানন্দর মায়ের যত কষ্টই হোক, তা সাদরে গ্রহণ করতে সে বিন্দুমাত্র সময় নেয় না। মধুর থাকার ক্ষেত্রেও তা-ই হলো। সদানন্দর মা প্রতিবেশী রংলালদের উঠানের খোলা রান্নাঘরটিতে রাত্রি যাপন করতে আরম্ভ করল। প্রতিরাতে সদানন্দ এবং মধু অনেক রাত ধরে খুট-খাট-টুং-টাং করত। এভাবে সপ্তাহ দুয়েকের মধ্যে জিপগাড়ির মরিচা পড়া খোলস রঙিন হয়ে উঠল। নষ্টযন্ত্রটির শব্দের মাত্রাও নেমে এল সহনীয় পর্যায়ে। একদিন রঙিন খোলসের ভেতর স্থাপন করা হলো সচল যন্ত্রটিকে। শর্ট ট্রায়ালে উত্তম সার্ভিস পাওয়া গেল। পরদিনও লং ট্রায়ালে যাওয়ার কথা সদানন্দর নিজের। এ জন্য সে ছুটিও নিয়েছিল, কিন্তু রাতে সাহেব ফোন করে জানায় জরুরি প্রয়োজনে জেলার বাইরে যেতে হবে। অর্থাত্ সদানন্দর ছুটি বাতিল। নিরুপায় সদানন্দ লং ট্রায়ালের দায়িত্ব মধুর হাতেই তুলে দিল। মধুকে সকাল ১০টায় গাড়ি নিয়ে ট্রায়ালে বের হওয়ার কথা বলে নিজে অফিস থেকে গাড়ি নিয়ে সকাল আটটার আগেই উপস্থিত হলো সাহেবের বাসায়। সাহেব নিচে নামল এগারোটার পর। অফিসের গাড়ির স্টিয়ারিংয়ে হাত দিয়ে নিজের গাড়িটির কথা মনে পড়ল সদানন্দর। মুহূর্তে মুহূর্তে মোবাইল ফোনে যোগাযোগ করে নিশ্চিত হলো লং ড্রাইভেও ডিসস্টার্ব দেয়নি সদ্য সচল গাড়িটি।সন্ধ্যায় বাড়িতে ফেরার পথে রিকন্ডিশন এজেন্সিতে গাড়ি বিক্রির খবর জানাল। এজেন্সি পরের দিন গাড়ি নিয়ে আসতে বললে এজেন্সি অফিস থেকে বের হয়ে সদানন্দ বর্তমান অবস্থান জানার জন্য আবার মোবাইল করল মধুকে। মধু জানাল, পীরগাছায়। বাড়ি ফিরে পুনরায় মোবাইলে মধুর অবস্থান জিজ্ঞেস করলে মধু জানাল, মাহীগঞ্জে। মাহীগঞ্জ থেকে পনেরো মিনিটের দূরত্বে সদানন্দর বাড়ি। কিন্তু আধাঘণ্টা পরেও গাড়ির কোনো শব্দ না পেয়ে সদানন্দ আবার মোবাইল চাপে। —হ্যালো, মধু আপনে কো?—মাহীগঞ্জে।—দেরি করতাছেন ক্যা, তাড়াতাড়ি আহেন।—কই আমু?—বাড়িতেই চইলা আহেন। কিছু স্টিকার লাগামু গাড়িতে। সকালে এজেন্সিতে গাড়ি নিয়া যাইতেইবো।—তো যান, আমাকে ডাহেন ক্যা?মধুর কথায় তালগোল হারায় সদানন্দ। বলে, আপনেক ডাহি ক্যা মানে, গাড়ি লিয়া আসবেন না?—কিয়ের গাড়ি? মধু পাল্টা জিজ্ঞেস করে।—আমার গাড়ি, যে গাড়ি ট্রায়াল দিতে লিয়া গেছেন...—আমি আপনের গাড়ি ট্রায়াল দিমু ক্যা। আমি তো লিজের গাড়ি লিয়া আইছি, ব্যাছাইয়াও ফেলাইছি। হা হা হা হা... সদানন্দর শরীর থেকে যেন প্রতিটি অঙ্গ খসে পড়ার উপক্রম হয়। কিছু একটা বলার জন্য মুখ খোলে কিন্তু বলতে পারে না। মধু হাসি সামলে নিয়ে বলে, ‘বালাই তো আছেন, চাকরি-বাকরি করতাছেন। মাস গেলেই ট্যাকা পান। এই কয়টা ট্যাকা না নিলে আপনে মইরবেন না। আর ট্যাকা চাইয়েন না।’ মধু সংযোগ কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেয়।চিত্কার দিয়ে কেঁদে উঠে মাটিতে লুটিয়ে পড়ে সদানন্দ। জ্ঞান ফিরলে পরিবারের লোকজন ছাড়াও বহু লোকে তাকে ঘিরে থাকতে দেখে। সকলের জানাজানি হয় ঘটনার আদ্যোপান্ত। অনেকে মাহীগঞ্জ গিয়ে তল্লাশি করেও মধুর সন্ধান না পেয়ে ফিরে আসে।দিন যতই যায়, শোক বাড়তেই থাকে সদানন্দর। মায়ের কানপাশা বিক্রির কথা পীড়া দেয় তাকে, শ্বশুরের বন্ধকি জমি ফিরিয়ে দেওয়ার অসামর্থ্য তাকে উপহাস করতে থাকে। ভাইপো রঘুর রাতদিনের পরিশ্রমের পর মলিন মুখ তাকে লজ্জিত করে তোলে। এই প্রতারণার বিহিত কী হতে পারে, তা মাথায় আসে না সদানন্দর। মামলা করার কথাও ভাবে কিন্তু মামলায় জেতার মতো কোনো প্রমাণ নেই সদানন্দর হাতে। বুকে ব্যথা চাপা দিয়েই সদানন্দর দিন যেতে থাকে। একদিন দেখা হয় মধুর বন্ধু দাঁতালের সঙ্গে। সদানন্দ জানতে চায়, মধুর সঙ্গে দেখা হয় কি না। দাঁতাল বলে, ‘না।’—মধুর ঠিকানা জানেন? —না, হেয় আমারে কোনোদিন ঠিকানা দেয় নাই। তয় হের বাপ-ভাইরা সন্ত্রাসী, বহু খুনের আসামি, হেইটা জানি।এদিন সদানন্দর কাছে চা খাওয়ানোর কিংবা রিকশাভাড়ার জন্য আবদার না করেই দাঁতাল তাড়াতাড়ি কেটে পড়ে।