বেখবর
পুলিশের ঘরে...লন্ডন মেট্রোপলিটন পুলিশের অনেক নীতির মধ্যে একটা হলো, কর্মকর্তাদের ডেস্ক পরিষ্কার থাকতে হবে। বলাই বাহুল্য, এই নীতি খুব একটা পরোয়া করতেন না বেশির ভাগ স্টেশনের কর্মকর্তারা। তাতে সমস্যাও হচ্ছিল না। কিন্তু একটা পুলিশ স্টেশনের কর্মকর্তারা আবিষ্কার করলেন, তাঁদের অফিসে যত্রতত্র ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। আস্তে আস্তে ইঁদুরের উত্পাত চরমে উঠল। কারও আলমারি থেকে, কারও ডেস্ক থেকে, এমনকি বক্স ফাইল থেকে পর্যন্ত পিলপিল করে ইঁদুর বেরিয়ে আসতে থাকল। ব্যাপারটা সহ্যের বাইরে চলে গেল, যখন সবাই আবিষ্কার করলেন এক কর্মকর্তার কাগজপত্রের মধ্যে রীতিমতো ‘বাড়ি’ বানিয়ে ফেলেছে ইঁদুরে। আপাতত ‘পেস্ট কন্ট্রোলার’দের ডাকা হয়েছে সমস্যা সমাধানে। তাতে কাজ না হলে সেই হ্যামিলনের বাঁশিওয়ালাকে খবর দিলেই হয়!উত্সবে ক্লান্তিবছরের প্রথম দিনটা পরিবারের সঙ্গে কাটানোর জন্য মানুষ কি না করে। কেউ ছুটি নেন, কেউ অসুস্থ বলে কাজে আসেন না, আবার কেউ অফিসে বসেই আফসোস করেন। এর উল্টো চিত্রও আছে। সিসিলির ৩৫ বছর বয়স্ক লোকটি কি না ৩১ ডিসেম্বর চুরি করতে চলে গেলেন। মধ্যবিত্ত এই লোকটির সামান্য মিষ্টি আর চুইংগাম চুরি করার কোনো দরকারই ছিল না। তার পরও চুরি করলেন। চুরি করেই ক্ষান্ত হলেন না। পুলিশ না আসা পর্যন্ত নির্বিকার চিত্তে অপেক্ষা করতে থাকলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর ভদ্রলোক বললেন, আজকের রাতটা তিনি জেলেই কাটাতে চান। তাই চুরি করেছেন। পুলিশ কর্তৃপক্ষ তো অবাক! বিষয় কী? ভদ্রলোক ক্লান্ত স্বরে বললেন, ‘পরিবারের সঙ্গে নতুন বছরের উত্সব আর করতে চাই না। উত্সব থেকে রেহাই পেতে জেলে যেতে চাই।’ রয়টার। ধোয়া ধোয়া ধোয়াপ্রায় টাইটানিকের মতোই হতে চলেছিল গল্পটা। সম্প্রতি বিশ্বের দ্রুততম ট্রেনের উদ্বোধন করেছে চীন। কিন্তু একেবারে প্রথম যাত্রায় না হলেও ২৬ ডিসেম্বর মহা বিপাকে পড়ে গিয়েছিল এই বুলেট ট্রেনটি। বেশ সেজেগুঁজে বিশ্বরেকর্ডধারী ট্রেনে উঠে পড়েছিল লোকজন। ট্রেনও বুলেটের মতো ছুটতে শুরু করল। সবাই আনন্দে মশগুল। কিন্তু গুয়াংজু থেকে উহানে যাওয়ার পথে হঠাত্ বিকটস্বরে বেজে উঠল অ্যালার্ম। ঘ্যাঅ্যাচ করে থেমে গেল ট্রেন। আতঙ্কিত যাত্রীদের ছোটাছুটি। উদ্ধারকর্মীদের তত্পরতা। কিন্তু কী উদ্ধার করবেন তাঁরা? সমস্যাই তো খুঁজে পাওয়া যায় না! অ্যালার্ম বাজল কেন? অনেক খোঁজখুঁজির পর পাওয়া গেল একটা কামরায় কেউ একজন সিগারেট ধরিয়েছিলেন। কঠোরভাবে ধূমপান নিষিদ্ধ এই ট্রেনে কে কাজটি করেছিলেন তা অবশ্য কর্তৃপক্ষ ধরতে পারেনি। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টা বসে থাকার পর আবার চলতে শুরু করে বুলেট ট্রেন। ভাগ্যিস সত্যিকারের আগুন ছিল না।