বেখবর
কলায় সমাধানসামনে নির্বাচন। ইরাক যুদ্ধটুদ্ধ নিয়ে এমনিতেই লোকেজনের বিরাগভাজন হয়ে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। এর ওপর আবার নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী তাঁর চেয়ে বয়সে তরুণতর। সব মিলিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন ব্রাউন। সমাধানটা কী? কলা! হ্যাঁ, আপাতত গর্ডন ব্রাউন নাকি কলাতেই ভরসা রাখছেন। আগে প্রতিদিন গাদা গাদা ‘কিটক্যাট’ চিবুতেন। তাতে শরীরটা বেঢপ হয়ে যাচ্ছিল। ইদানীং তাই কিটক্যাট ছেড়ে প্রতিদিন নিদেনপক্ষে নয়টি করে কলা খাচ্ছেন। কলায় নির্বাচনী বৈতরণী পার হতে পারেন আর না-ই পারেন, চেহারাটা একটু ফিরবে। আর চেহারা দিয়েই এ বাজিটা মাত করতে চান ব্রাউন।বিয়ে নিয়ে ভয়?পাত্র-পাত্রী দুজনই পরস্পরকে ভালোবাসে, পরস্পরকে চেনে। বিয়ের সবকিছুই ঠিকঠাক। তার পরও দেখা যায়, বিয়ের আগে আগে দুজনই মারাত্মক নার্ভাস হয়ে পড়েছে। বিয়ে নিয়ে শেষ মুহূর্তের এই ভীতি নাকি এখন মহামারির আকার নিয়েছে। এ ধরনের ভীত পাত্র-পাত্রীর সাহায্যে তাই এবার এগিয়ে এসেছে ‘দ্য চার্চ অব ইংল্যান্ড’। তারা ঘোষণা দিয়েছে বিয়ে নিয়ে কোনো ধরনের ভয় থাকলে স্রেফ চার্চকে জানিয়ে দিতে। তারপর পাত্র-পাত্রীর জন্য বিশেষ প্রার্থনার ব্যবস্থা করবে চার্চ। ভয়ের ব্যাপারটা জানানোতেও যাতে ভয় না থাকে, সে ব্যবস্থাও করেছে চার্চ। মুখে কিছু বলতে হবে না। বিশেষভাবে তৈরি করা পোস্টকার্ড আছে। সেখানে কিসের ভয়, কেন ভয়; লিখে চার্চে পাঠিয়ে দিলেই হলো। তাহলে আর দেরি কেন?