বেখবর
পুলিশের একদিন আমস্টারডামের শিফল বিমানবন্দর থেকে একটি বোয়িং ৭৩৭ বিমান ছেড়ে যাবে টার্কির উদ্দেশে। বিমানে যাত্রী আছেন একুনে ১০১ জন। প্লেন ছাড়বে ছাড়বে করছে। এর মধ্যে বেরসিক পুলিশ এসে হাজির। তারা কিছুতেই প্লেন ছাড়তে দেবে না। পাইলটকে বলছে, তোমার লাইসেন্স দেখাও। এ তো ভারি জ্বালা, যেন ঢাকার রাস্তায় কোনো লোকাল বাস চেক করছে পুলিশ—যদি পয়সা মেলে। সবাই হতভম্ব। এই পাইলটের বয়স ৪১। ১৩ বছর ধরে প্লেন চালাচ্ছেন। অন্তত ১০ হাজার ঘণ্টা তিনি বিমান হাঁকিয়েছেন আকাশে। এমন নিপাট পাইলটের কাছে লাইসেন্স দেখতে চাওয়া তো প্রায় বেয়াদবি। পুলিশের জোরাজুরিতে লাইসেন্স বের করে দিলেন পাইলট। প্রায় ভিরমি খাওয়ার মতো ঘটনা হলো, লাইসেন্সটা ভুয়া। এই ভুয়া লাইসেন্সেই উনি মজাসে ১৩ বছর পার করেছেন। ১৩ বছর চোরের হয় তো হোক, একদিন ঠিকই পুলিশের।কলার অন্তর্বাসপরিবেশবান্ধব পণ্য বানাও—এই এক শোর উঠেছে দুনিয়াজুড়ে। এই শোরগোলের মধ্যে প্রায় ঠেলেঠুলে সামনে চলে এসেছে অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান, যার একমাত্র কাজ অন্তর্বাস তৈরি করা। হঠাত্ কি এক অদ্ভুত কারণে বানরের অনুকরণে তারা খুবই আগ্রহী হয়ে উঠেছে। বানরের প্রিয় খাবার কলা। কলা পরিবেশবান্ধব ফল। এই কলার খোসায়ই তৈরি হচ্ছে অন্তর্বাস। ৬৪ শতাংশ কাপড়, নয় শতাংশ ইলাস্টিক আর ২৭ শতাংশ কলার খোসা দিয়ে বানানো এই অন্তর্বাস হু হু করে বিক্রি হচ্ছে অস্ট্রেলিয়ায়। জানা গেছে, এসব অন্তর্বাস এমনিতে হালকা, তার ওপর পরিবেশবান্ধব হওয়ায় লোকে হুমড়ি খেয়ে পড়ছে, ফুরিয়ে যাওয়ার আগেই কিনতে হবে। কর্মকর্তা জোনস জানিয়েছেন, ‘বান্দর দেখে ভীত হওয়ার কিছু নেই। ওরা আকৃষ্ট হবে না। কারণ, আমাদের অন্তর্বাসের গন্ধ ঠিক কলার মতো নয়।’দেশে পালোয়ান কোথায়?বেইজিং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ইয়াং হুয়া আজ মরিয়া। অনেক দিন তিনি মুখ বুজে সহ্য করেছেন। কিন্তু আর নয়। রাষ্ট্রের খাতিরে তাঁকে বেপরোয়া হতেই হচ্ছে। তাঁর মতো দায়িত্বশীল লোকের পক্ষে এত বড় অসংগতি মেনে নেওয়া সম্ভব নয়। উনি আবেগ ওথলানো গলায় যে ঐতিহাসিক ভাষণ দিয়েছেন, তার সারমর্ম এ রকম:‘আমাদের নতুন প্রজন্মের ফিটনেস নিশ্চিত করতে সরকারকে অবশ্যই পয়সা ঢালতে হবে। আমাদের সরকারের এখন অনেক পয়সা। আগামী পাঁচটা বছর যদি ওদের শরীর-স্বাস্থ্যের যত্ন না করি, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। একটা গোটা প্রজন্ম বেহুদা নষ্ট হবে। তারপর ধরেন, জাপানের সঙ্গে যদি একটা যুদ্ধ বাধে, কী হবে তখন? আমাদের তরুণেরা কি পারবে একেকটা জাপানিকে ধরাশায়ী করে ফেলতে? সরকার ভুরিভোজনে, তারপর বাহারি অফিস বানাতে গুচ্ছের টাকা শ্রাদ্ধ করছে। আমাদের সোনামণিদের সঠিক শিক্ষা দিতে কি তাদের পয়সা নেই?’