বেখবর
সহজ উপায়বিল দিতে পারছিলেন না বলে কর্তৃপক্ষ কেটে দিয়েছিল ভদ্রলোকের বাড়ির বিদ্যুৎ সংযোগ। জার্মানির এই ভদ্রলোক তাতে একটুও মুষড়ে পড়েননি। বিকল্প ব্যবস্থা বের করে নিয়েছেন। বাড়ির পাশ থেকেই গেছে বিদ্যুৎ সরবরাহের লাইন। একটা তারের সঙ্গে হুক লাগিয়ে ছুড়ে দিয়েছেন লাইনের ওপর। তারপর তারটিকে বাড়ি টেনে এনে দিব্যি বিদ্যুৎ-সুবিধা ভোগ করছিলেন। কিন্তু মাসখানেক পর ধরা পড়ে গেলেন তিনি। এই চুরি ধরতে পেরে যরপরনাই বিস্মিত কর্তৃপক্ষ। এভাবে বিদ্যুৎ চুরি ঠিক আছে। কিন্তু ভদ্রলোক এই হাই ভোল্টেজ সরবরাহ লাইন থেকে বিদ্যুৎ নিয়ে গৃহস্থালি কাজে কীভাবে ব্যবহার করছিলেন! এত ভোল্টেজ থেকে সংযোগ নিলে তো যন্ত্রপাতিই নষ্ট হয়ে যাওয়ার কথা।অভিযানইন্টারনেটে বিজ্ঞাপন দেখে শৌখিন এই ‘নাবিক’ কিনে ফেলেছিলেন একটা মোটর ক্রুজার। তারপর সবকিছু গুছিয়ে নিয়ে একদিন ক্রুজার ছেড়ে দিলেন গিলিংহাম থেকে। লক্ষ্য সাউদাম্পটন। ছেড়ে তো দিলেন, কিন্তু পথ যে আর শেষ হয় না। একসময় তেলও শেষ হয়ে গেল। তিনি কোথায় আছেন, তাও বুঝতে পারছেন না। শেষমেশ উদ্ধারকারীদের ফোন দিয়ে বাঁচলেন ভদ্রলোক। কিন্তু ব্যাপারটা কী হয়েছিল? কিছুই নয়। ভদ্রলোক আসলে কোথাও যেতেই পারেননি। একটা দ্বীপকে কেন্দ্র করে দিন-রাত ঘুরেছেন। আসলে নৌবিদ্যা সম্পর্কে কোনো জ্ঞান না থাকা এ লোকটি কম্পাস বা চার্টের ব্যবহারও জানতেন না। সমুদ্র অভিযানের উপায় বের করেছিলেন, সব সময় ডান পাশে ডাঙা রেখে চলা। এমনিতে উপায়টা হয়তো ঠিকই ছিল। কিন্তু ডাঙাটা দ্বীপ হওয়ায় তাঁর অভিযান আর কোনো পরিণতি পায়নি। শুধু ঘুরপাক খেয়েছেন এই নাবিক!পরিষ্কারমেলবোর্নের হোসিয়ার লেনের বাসিন্দারা মেয়রের কাছে পরিচ্ছনতা নিশ্চিত করার আবেদন জানিয়েছিল। আবেদনে সাড়া দিয়ে ডেপুটি মেয়র সুসান রিলে একদল পরিচ্ছন্নতাকর্মীকে পাঠিয়েও দিয়েছিলেন। তাতেই বিরাট কেলেঙ্কারি হয়ে গেছে। এখন আদালতের সমন হাতে পেয়ে গেছেন রিলে। কারণ কী? কারণ পরিচ্ছন্নতাকর্মীরা নোংরা দেয়াল লিখন ভেবে পরিষ্কার করে এসেছেন বিখ্যাত কিছু ‘স্ট্রিট আর্ট’। এর মধ্যে স্ট্রিট আর্টের জন্য বিখ্যাত হয়ে যাওয়া বাঙ্কসির আঁকা কিছু ছবিও ছিল। এখন ডেপুটি মেয়রকে আদালত ডেকে পাঠিয়েছেন। তার আগেই রিলে অবশ্য ক্ষমা চেয়েছেন পরিচ্ছন্নতাকর্মীদের শিল্পকর্মগুলো সম্পর্কে ধারণা না দেওয়ার জন্য।