বেড়ে ওঠার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেভাবে বেড়ে উঠি
যেভাবে বেড়ে উঠি

যেভাবে বেড়ে উঠি
আল মাহমুদ
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
প্রকাশক: প্রথমা প্রকাশন ২০১৩
১৬৮ পৃষ্ঠা
দাম: ২৬০ টাকা
আল মাহমুদের কবিতা পড়তে পড়তেই একসময় তাঁর গদ্যের দিকে চোখ গেল। বুঝতে অসুবিধে হলো না, গদ্যে-পদ্যে অসীম দখল তাঁর। তাই আল মাহমুদের আত্মজৈবনিক উপন্যাস যেভাবে বেড়ে উঠি যখন হাতে এল, তখন সেখানে খুঁজতে থাকি একজন ‘আয়েশা আক্তার’কে। চুল খোলা মক্তবের এই মেয়েটি আমাদের কৈশোরকে করে তুলেছিল স্বপ্নময়।
না। এই আত্মজৈবনিক উপন্যাসে আয়েশা আক্তারের দেখা মেলে না। কিংবা তারও কিছু পরের সেই অনবদ্য পঙ্ক্তি ‘আমাদের ধর্ম হোক ফসলের সুষম বণ্টন’ও খুঁজে পাওয়া যায় না পুরো বইয়ের কোথাও। কিন্তু সত্যিই কি পাওয়া যায় না? যে চরিত্রগুলো একের পর এক কবিকে সঙ্গ দিতে আসে, তাদের মধ্যেই তো আয়েশা আক্তার কিংবা সর্বহারা শ্রেণির মানুষের প্রতিনিধিত্ব দৃশ্যমান। পারিবারিক আবহে একটি শিশু বেড়ে উঠছে, চোখ মেলে দেখছে প্রকৃতি এবং সেই প্রকৃতির হাত ধরেই বড় হচ্ছে সে। চিরন্তন গ্রাম-বাংলার চিত্র তো এটাই। কিন্তু আল মাহমুদ সেই চিরন্তন ঘটনাবলির যে বর্ণনা দিয়েছেন, তা যেন দৃশ্যকাব্য হয়ে আমাদের চোখে জায়গা করে নেয়, সরতে চায় না।
মহররম মাসে তেল-চকচকে লাঠি নিয়ে লাঠিখেলা, একসময় দাদার সঙ্গে লাঠির লড়াই, ঢোলের আওয়াজ ইত্যাদি যেন একটি অনবদ্য গ্রামীণ সময়ের ছবি তুলে রাখে। নাইয়র যাওয়ার যে বর্ণনা তিনি দিয়েছেন কিংবা নৌকায় করে যাওয়ার পথে এক দ্বীপে নৈশযাপন, অন্য এক নৌকার প্রায় একই বয়সী শিশুর সঙ্গে খেলা, বালুতে নিজেদের নাম লেখা—যে কারও শৈশবকে মনে করিয়ে দেবে। তেমনি আঘাত পাওয়ার মতো সংবাদও রয়েছে ঢের। বাড়ি থেকে হারমোনিয়ামটি হটিয়ে দেওয়া সে রকম খবরেরই একটি।
শিশু বয়সে মসজিদে প্রথম পাঠ নেওয়ার বর্ণনাও অনবদ্য। ইমাম সাহেবের গাট্টা খাওয়ার ভয়ও ছাড়েনি ছোট শিশুটিকে। কিন্তু সেই ইমাম সাহেবই কী করে শিশুটির ভয় ভাঙিয়ে দেন, শিশুর চুল কেটে দেওয়ায় এই ইমাম সাহেবই বলে ওঠেন ‘বেহরম’—এ কথা ভাবলেও ভালো লাগে।
ধারাবাহিকভাবেই এগিয়েছে কাহিনি। তবে স্কুলের সময়টিতে একটু থামতে চাই। অঙ্কের শিক্ষক ব্রজেন বিশ্বাসের কথা আছে। অঙ্ক যে কবিতা লিখতেও প্রয়োজন হয়, সেটা কবি এখন বোঝেন। স্কুল সম্পর্কে লেখকের মত, ‘স্কুলের পাঠ্যপুস্তকের বাইরে যা কিছু আমরা পড়তাম, সবই আমাদের ভালো লাগত। শুধু স্কুলের বইপড়া ভালো লাগত না। কারণ, স্কুলের পাঠ্যবিষয়ে আমাদের জন্য কোনো স্বপ্ন ছিল না। স্কুল শুধু আমাদের মানুষ হওয়ার জন্য বেত মারত।...ক্লাসের সবচেয়ে নীরস গোমড়ামুখ ছেলেটি ছিল সবচেয়ে ভালো ছাত্র। সে হাসত না। দিনরাত তার একমাত্র কাজ ছিল উবু হয়ে অঙ্ক নিয়ে পড়ে থাকা কিংবা পড়া মুখস্থ করা।’ (পৃ: ৫৮)
কত কিছুই তো বলার আছে বইটি নিয়ে। অসাধারণ রূপসী আর পরিচ্ছন্ন বোন সাদেকা, যার বিয়ের কথা শুনে হু হু করে উঠেছিল শিশুটির বুক; নিজেই বিয়ে করতে চেয়েছিল তার রূপসী বোনটিকে। দরবেশ নূর আলী, যে গাছ হতে চেয়েছিল। মফস্বলের স্মার্ট মেয়ে শোভাও কি কবির মনে দোলা দেয়নি? এ বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র শোভা, যে মেয়েটি আধুনিক পড়াশোনার প্রতি কবিকে আগ্রহী করে তোলে।
এরপর বইটি অন্য বাঁক নেয় আরেক দিকে। কিছুটা রাজনীতি, বায়ান্ন, বামপন্থা, কাকাবাড়িতে বড় হওয়া—ইত্যাদি পার হয়ে একজন বিশিদির কাছে এসে আমাদের থামতে হয়।
এখানে এসে যে নাটকীয় ঘটনাগুলোর বর্ণনা আছে, এটা কবির জীবনে ঘটেছে, নাকি নিছক তাঁর কল্পনা, তা নিয়ে প্রশ্ন জাগে মনে। সত্য কি বানানো, তাতে কিছুই আসে যায় না, শেষটায় যে বিদায়ের সুর বেজেছে, তা যেন শৈশব-কৈশোর-তারুণ্য পার হওয়া এক মানুষের যৌবনের পথে পা বাড়ানোর ইঙ্গিত।
ছোট বইটি প্রথমবার পড়া হয়ে যাবে দ্রুত, কিন্তু দ্বিতীয় পাঠেই শুধু ধরা পড়তে শুরু করবে ভাষার মণিমুক্তাগুলো।