বেদনা-জাগানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবুজ বাংলাদেশ’, শিল্পী: সৈয়দ হাসান মাহমুদ
‘সবুজ বাংলাদেশ’, শিল্পী: সৈয়দ হাসান মাহমুদ

তাঁর প্রদর্শনীর নাম ছিল ‘বিমূর্ত প্রশান্তি’। ছবি ছিল উনসত্তরটি। তবে প্রদর্শনীতে প্রবেশ করেই ধাক্কা খেতে হলো খানিকটা। গ্যালারির এক কোণে রাখা ইজেল, রং-তুলি, রঙের বাক্স, আঁকার সময় ব্যবহার করা এক জোড়া জুতা সহজেই দৃষ্টি আকর্ষণ করে সবার। ছবির সঙ্গে এসব জিনিস রেখে গ্যালারির প্রথাগত আমেজ ভেঙে দিয়ে হয়তো এখানে ছবি আঁকার স্টুডিওর আবহকে ফুটিয়ে তুলেছেন শিল্পী। ফলে ছবি উপস্থাপনের ধরনে এসেছে নতুনত্ব। দৃশ্যকলার এই রূপবন্ধকে আমরা বিমূর্ত অতিব্যক্তিবাদী আচরণ হিসেবে চিহ্নিত করতে পারি। এতক্ষণ ধরে বলছি সৈয়দ হাসান মাহমুদের একক প্রদর্শনীর কথা। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে গত ২৪ অক্টোবর শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হয়েছে ১৫ নভেম্বর। 
সৈয়দ হাসান মাহমুদের ছবির ক্যানভাসে বারবার দেখা গেল বেদনার স্ফুরণ—নাগরিক মানুষের জটজটিলতা আর ক্লেদ থেকে উৎসারিত বেদনা। সমকালীন চিত্রকলার পরিপ্রেক্ষিতে তাঁর চিত্রমালাকে উত্তর-আধুনিক ধারার বলা যাবে কি না, সে তর্ক চলতে পারে। প্রদর্শনীর ছবিগুলো বরং তর্কটিকে একটু বাতাসে ভাসিয়েছে।
২০১০-১৪ সালের মধ্যে করা কাজগুলোতে জ্যামিতিক আকৃতির ভারী অবয়ব থেকে সরে এসে হাসান দেখিয়েছেন প্রকৃতির ভেতরে থাকা বর্ণের পরিবর্তন। সাদাকালো ক্যানভাসজুড়ে রঙের এ হিসাব-নিকাশ ও নির্দিষ্ট বিন্যাসের পেছনে তাঁর যুক্তিও দৃঢ়, ‘প্রকৃতির হারিয়ে যাওয়া রঙের আবহ আমার ছবিতে নেই। এখন প্রকৃতির রং আমার ছবির রঙের মতোই।’—হাসানের কথা এমনই।
‘সবুজ বাংলাদেশ’ নামের একটি ছবির কথা বলি। ‘সবুজ বাংলাদেশ’-এর ক্যানভাসে সবুজের আধিক্য নেই মোটেই, আছে কালো আর সাদা রঙের বৈপরীত্য। এখানে আকৃতির সঙ্গে রেখা ও বিন্দুর ঘনিষ্ঠ সখ্য গড়ে ওঠার প্রচেষ্টায় ব্যবহৃত রঙের মধ্যে রয়েছে এক বিষণ্ন ছায়া। পাশ্চাত্যের করণপদ্ধতির সঙ্গে হাসানের ছবির পার্থক্য এখানেই। বাংলার প্রকৃতির রং বদলের স্নিগ্ধতা তাঁর কোনো কোনো কাজে স্পষ্ট।
আরও কয়েকটি ছবি, ‘অগ্রহায়ণ’, ‘পৌষ’ ও ‘শীতের রাত’-এ ধূসর রঙের আধিক্য সত্ত্বেও দর্শকদের চোখ ঠিকই বুঝতে পারে, এখানে আছে প্রকৃতির মূল সুরের মূর্ছনা। বলা ভালো, শিল্পীর অন্তর্দৃষ্টির মধ্যে প্রকৃতির যে অনুরণন খেলা করে, তা-ই প্রকাশিত তাঁর চিত্রসম্ভারে।
আবার কোনো কোনো ক্যানভাসে সাদাকালো রঙের বিন্দু ভেদ করে লাল-সবুজের উপস্থিতি বিদ্যমান। হাসান একে বর্ণনা করেছেন সবুজ মাঠ আর রক্তাক্ত সবুজ গাছের অভিব্যক্তি হিসেবে। ২০০৬-এ করা জলরং ও মিশ্র মাধ্যমের একটি ছবিতে দেখি রেখা ও জ্যামিতি রয়েছে ত্রিমাত্রিকভাবে—সূক্ষ্ম রেখার গতি এক আকৃতি থেকে ছুটে গিয়ে ভেদ করে অন্য আকৃতি। অন্যদিকে তাঁর ২০১০-পরবর্তী কাজে রঙের ফোঁটা ও রেখার গতি ক্যানভাসের উপরিভাগ থেকে দ্রুত ছুটে যায় নিচের দিকে।
সব মিলিয়ে ছবিতে হাসানের প্রকাশভঙ্গি সহজ বটে, এবং সহজ ভঙ্গির মধ্যে আছে নাগরিক জীবনের বিভিন্ন পীড়ন ও বেদনা প্রকাশ, দর্শকের ভেতর যা উসকে দেয় নানা প্রশ্ন।