বেদনাময় কাহিনিভাষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নার্গিস
নার্গিস

নার্গিস
বিশ্বজিৎ চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
১১২ পৃষ্ঠা
দাম: ২০০ টাকা
নজরুল-নার্গিস সম্পর্ক ইতিহাসের রহস্যময় অথচ কৌতূহলোদ্দীপক এক অধ্যায়। ইতিহাসের সেই ঘুমন্ত অধ্যায়কে সম্প্রতি কাহিনিভাষ্য দিয়ে বিশ্বজিৎ চৌধুরী লিখেছেন হূদয়-স্পন্দিত উপন্যাস নার্গিস। নিষ্ঠাবান গবেষক ও ঐতিহাসিকের সততা দিয়ে লেখক কাহিনির চিত্রময় রূপ দিয়েছেন। এভাবে সন-তারিখ মিলিয়ে, তথ্যকে অবিকৃত রেখে ঘটনার বিন্যাস ও বিশ্বাসযোগ্য বাস্তবতা তৈরি করা সত্যি দুরূহ কাজ। আশার কথা, বিশ্বজিৎ চৌধুরী তা চমৎকারভাবে করতে পেরেছেন। তথ্য যেখানে শেষ, সেখানেই লেখক কল্পনার বিস্তৃতি ঘটিয়েছেন।
‘তোমরা একসঙ্গে রাত কাটিয়েছিলে?’ বান্ধবী ইন্দুর এই অমোঘ জিজ্ঞাসা দিয়ে উপন্যাসের কাহিনি শুরু। শুরুটা বেশ চমকপ্রদ। কলকাতা থেকে কুমিল্লার দৌলতপুর গ্রামে বেড়াতে এসেছেন অতিথি—নজরুল। বড় ভাইয়ের মামাতো বোনের বিয়ে। উৎসব-আয়োজনের মধ্যে মুন্সিবাড়ির মেয়ে সৈয়দা খাতুনকে দেখে কবির দৃষ্টি আটকে যায়। মামা আলী আকবর খানকে তিনি বললেন, ‘এত সুন্দর মেয়েটার কী নাম রেখেছেন আপনারা? আমি ওর নাম দিলাম নার্গিস, সুন্দর না?’ এভাবে সৈয়দা খাতুন হয়ে ওঠেন ‘নার্গিস’।
একমাথা ঝাঁকড়া চুল, গভীর দুটি চোখ, ফরসা, সুঠামদেহী যুবক যেন নিমেষে বালিকা নার্গিসের হূদয়ে ঝড় তোলেন। নির্জন পুকুরঘাটে দেখা হয়, কথা হয়, হাসি-কৌতুক, প্রণয়ের রং গাঢ় হয়ে লাগে দুজনের মনে। তারপর বিয়ের প্রস্তাব।
কাবিনে ২৫ হাজার টাকা দেনমোহর এবং বিয়ের পর স্ত্রীকে নিয়ে নজরুলকে দৌলতপুর থাকার শর্ত কবিকে প্রচণ্ডভাবে আঘাত করে। আকেদর সময় চরমভাবে রেগে যান নজরুল এবং তর্কবিতর্ক হয়। ফলে, বিয়েটা যতটুকু আনন্দময় হওয়ার কথা, তার চেয়ে বেশি উদ্বেগে ভরে যায়। তার পরও বিয়েটা হয়। ঘনিয়ে আসে রহস্যময় সেই রাত।
বাসরঘরে প্রবেশ করলেন নজরুল—‘উদভ্রান্ত চেহারা। ধপ করে বসল খাটের ওপর। ঝড়ের পূর্বাভাস টের পেল নার্গিস। কয়েকটা মুহূর্ত অপেক্ষা করে উঠে গিয়ে দাঁড়াল প্রায় গা ঘেঁষে। হাতটা ধরল গভীর মমতায়। সব ঠিক হয়ে যাবে, দেখো।
‘কী ঠিক হয়ে যাবে? আমি সারা জীবন তোমাদের বাড়িতে পড়ে থাকব?...কেন পড়ে থাকতে হবে এ বাড়িতে, আমি তোমার বিয়ে করা স্ত্রী, তুমি যেখানে নিয়ে যেতে চাও সেখানেই যাব আমি।...পারবে? তাহলে চলো, আজ রাত ফুরাবার আগেই এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই আমি।’ নজরুল বাসরঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। সেনগুপ্ত পরিবারের সঙ্গে কথা বলে আবার ফিরে এলেন বাসরঘরে। বললেন, ‘আমি ভোরে বীরেনদার সঙ্গে রওনা দেব। শ্রাবণ মাসে পরিবারের লোকজন এনে তুলে নিয়ে যাব তোমাকে।’ ‘বাসররাত ফুরাবার আগেই ফেলে যাবে আমাকে?’ হাহাকারের মতো শোনাল নার্গিসের গলা। অভিমান করে চলে গেলেন নজরুল।
দিন চলে যায়; নার্গিসের অপেক্ষা আর ফুরায় না। খান সাহেব কলকাতা গিয়ে নজরুলকে বলেন, ‘সবকিছু ভুলে আবার কি শুরু করা যায় না, নুরু?’ উত্তরে নজরুল বলেছেন, ‘কী ভুলে যেতে বলছেন, খান সাহেব? বাড়ির পোষা কুকুরটিও অবজ্ঞা-অবহেলার ব্যাপারটা বুঝতে পারে। আর আমি তো মানুষ।’
১৯২৪ সালে ২৫ এপ্রিল নজরুল-প্রমীলার বিয়ে হয়। তাঁদের প্রথম সন্তান হয় আগস্ট মাসে।
আর নার্গিস? দীর্ঘ ১৭ বছর অপেক্ষায় ছিলেন প্রিয়তমের জন্য। অবশেষে উপন্যাসের পরিণতিতে আমরা দেখতে পাই, ১৭ বছর পর নজরুলের পাঠানো তালাকনামায় স্বাক্ষর করার পর নার্গিস বিয়ে করেন কবি আজিজুল হাকিমকে।
নার্গিস ছিল নজরুলের প্রথম প্রেম। মিলনে পূর্ণতা পায়নি সেই প্রেম। কিন্তু নজরুলের কবিতা ও গানে এক শিল্পপ্রতিমা হয়ে আছেন নার্গিস। উপন্যাসের পরতে পরতে আছে নার্গিসের বেদনার্ত হূদয়ের অনেক অশ্রুসজল নীরবতার ভাষ্য। নার্গিস উপন্যাসের জন্য বিশ্বজিৎ চৌধুরী নজরুলপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন, সন্দেহ নেই।