বেন চাচার পছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনিশ শ উনিশ সালে আমি ছিলাম উমুউরুতে নাইজার কোম্পানির এক তরুণ কেরানি। তখনকার দিনে কেরানি এখনকার মন্ত্রীর মতো। আমার বেতন ছিল দুই পাউন্ড দশ। আপনি হাসতে পারেন কিন্তু সে-আমলে দুই পাউন্ড দশ এখনকার পঞ্চাশ পাউন্ড। চার শিলিংয়ে বড় একটা ছাগল কিনতে পারতেন আপনি। আমি মনে করতে পারি কোম্পানির সবচেয়ে সিনিয়র আফ্রিকান ছিলেন ১০-১৩-৪ এর জনৈক সারো। আমাদের চোখে তিনি ছিলেন গভর্নর জেনারেলের মতো। সব প্রগতিশীল যুবকের মতো আমিও আফ্রিকান ক্লাবে যোগ দিয়েছিলাম। টেনিস এবং বিলিয়ার্ড খেলতাম আমরা। প্রতিবছর য়ুরোপিয়ান ক্লাবের সঙ্গে টুর্নামেন্ট খেলতাম। তবে ওতে আমার আগ্রহ ছিল কম। আমি পছন্দ করতাম শনিবার রাতের নাচগুলো। মেয়ের ছড়াছড়ি ছিল। ইদানীং শহরগুলোতে যেমন টসটসে মেয়ে দেখা যায়, তেমন না কিন্তু একই রকমের সুন্দর জিনিস।একটা রালি বাইসাইকেল ছিল আমার, একদম নতুন, আর সবাই আমাকে ফুর্তিবাজ বেন নামে ডাকত। গরম রুটির মতো বিক্রি হচ্ছিলাম আমি। তবে আমার একটা নিয়ম আছে—আমরা হাসি-তামাশা করতে পারি, রসিকতা করতে পারি, মদ খেতে পারি, এমনকি অন্য কিছুও করতে পারি কিন্তু আমাকে সব সময় হুঁশে থাকতে হবে। আমার বাবা আমাকে বলতেন, এই মাটির খাঁটি সন্তানকে অবশ্যই জানতে হবে কীভাবে এক চোখ খোলা রেখে ঘুমোতে হয়। আমি কখনো ভুলি না এটা। তাই আমি সবার সঙ্গে হাসতাম এবং খেলতাম, আর ওরা আমাকে ‘ফুর্তিবাজ বেন! ফুর্তিবাজ বেন’ বলে ডাকত কিন্তু আমি জানতাম আমি কী করছি। উমুউরুর মেয়েরা ভীষণ চালাক; আপনি ক গোনবার আগেই তারা খ গোনে। তাই আমাকে সতর্ক থাকতে হতো। কখনো আমার বাড়ির রাস্তা দেখাইনি ওদের এবং ইশ্ক্ দাওয়াইর ভয়ে কখনো ওদের রান্না করা খাবার খাইনি। সেই দিনগুলোয় আমি অনেক যুবককে মেয়েদের সঙ্গে আত্মহত্যা করতে দেখেছি, তাই আমার বাবার পরামর্শটা মনে রাখতাম সব সময়: করমর্দন কখনো যেন কনুই অতিক্রম না করে।এটুকু বলতে পারি যে একমাত্র ব্যতিক্রম ছিল এ রকমই লম্বা, হলদে, লোনা-পানির এক মেয়ে, নাম মার্গারেট। এক রোববার সকালে আমি আমার গ্রামোফোন বাজাচ্ছিলাম, আনকোরা নতুন এইচএমভি সিনিয়র। (আমি কখনো সেকেন্ড-হ্যান্ড জিনিসে বিশ্বাসী না। আমার কাছে যদি নতুন কেনার টাকা না থাকে, আমি স্রেফ মুখ বুজে থাকব; এটাই আমার দর্শন।) তো এই রেকর্ড বাজাচ্ছিলাম আমি আর মুখে খিলাল পুরে জানালায় দাঁড়িয়ে ছিলাম। মানুষজন সুন্দর সুন্দর কাপড় পরে কাছের একটি গির্জায় যাচ্ছিল। এই মার্গারেটও যাচ্ছিল ওদের সঙ্গে যখন সে আমাকে দেখল। আমার বরাত এমন ওকে সময়মতো দেখতে পাইনি যে লুকোব। সুতরাং একেবারে সেদিনই—আগামীকাল বা তার পরদিনের জন্য অপেক্ষা করেনি—গির্জা বন্ধ হওয়ার পরপরই আমার বাসায় এসে হাজির হলো সে। বলল, আমাকে রোমান ক্যাথলিকে ধর্মান্তরিত করতে চাইছে। বিস্ময়ের শেষ কবে! মার্গারেট জাম্বো! কী খুবসুরত জিনিস। কিন্তু এখন আমি আপনাদের মার্গারেটের কথা বলতে চাইছি না। আমি আপনাদের বলতে চাইছি, আমি কীভাবে ওই সব বোকামি বন্ধ করেছিলাম। এটা ছিল এ রকম এক নববর্ষের আগের দিন। আপনারা জানেন, ফুর্তিতে নববর্ষ কীভাবে টেক্কা দেয় বড়দিনকে, আমাদের মতো মাস-কাবারি লোকদের। বড়দিন নাগাদ মাস কুড়ি-উপোসে পৌঁছেছে কিন্তু নববর্ষে আপনার পকেট ভারী। তাই সেদিন ক্লাবে গেলাম আমি। আমি যখন দেখি আপনারা এখনকার ছেলে-ছোকরারা মদ খাওয়া নিয়ে বড়াই করেন, আমি শুধু হাসি। আপনারা জানেন না মদ খাওয়া কাকে বলে। আপনারা এক বোতল বিয়ার বা এক শট হুইস্কি পান করেই পাগলের মতো হল্লা শুরু করেন। সেই রাতে আয়েশ করে আমি হোয়াইট হর্স পান করছিলাম। এডিনবরা থেকে লন্ডনে কিংবা অন্য কোথাও যাওয়ার পথে আগ্রহীদের বিশ্রাম নিতে দিন হোয়াইট হর্স সেলারে...ঈশ্বর সর্বশক্তিমান! আমার এই একটা ব্যাপার, আমি কখনো আমার মদ মেলাই না। আমি যেদিন হুইস্কি পান করতে চাই, আমি জানি সেদিন হুইস্কির দিন; আমি যদি কাল বিয়ার পান করতে চাই, আমি একে জানি বিয়ারের দিন হিসেবে; আমি আর কিছু ছোঁব না। তো সেই রাতে আমি হোয়াইট হর্সের ওপর ছিলাম। একটা রোস্টেড চিকেন আর এক টিন গিনি গোল্ড সাবাড় করেছিলাম। হ্যাঁ, সেই দিনগুলোয় আমি ধূমপান করতাম। এটা ছেড়ে দিই যখন এক জার্মান ডাক্তার আমাকে বললেন আমার হূৎপিণ্ড রান্নার কড়াইয়ের মতো কুটকুটে। ওই জার্মান ডাক্তাররা ছিলেন দেবতা। আপনি জানেন, তাঁরা মাথায় অথবা পেটে অথবা যে-কোথাও সুই ফোটাতেন। আপনি শুধু দেখাবেন কোথায় ব্যথা, আর অমনি তাঁরা ঠিক সেখানে ওটা ফুটিয়ে দেবেন—কোনো সময় নষ্ট করবেন না। কী বলছিলাম আমি?...হ্যাঁ, এক বোতল হোয়াইট হর্স পান করেছিলাম এবং তার ওপর বসিয়েছিলাম আস্ত এক মুরগির রোস্ট...মাতাল? আমার অভিধানে নেই ওটা। আমি জীবনে কখনো মাতাল হইনি। আমার বাবা বলতেন, মাতলামির চিকিৎসা হচ্ছে না বলা। আমি যখন পান করতে চাই আমি পান করি, যখন আমি থামতে চাই আমি থামি। তো সেই রাতে আনুমানিক তিনটার দিকে আমি নিজেকে বললাম, ঢের হয়েছে। তারপর চট করে চেপে বসলাম আমার রালি বাইসাইকেলে, চুপ করে বাড়ি ফিরে গেলাম ঘুমোনোর জন্য। সে সময় এক গাঁট শাদা কাপড় চুরির দায়ে জেল হয়েছিল আমাদের সিনিয়র ক্লার্কের এবং আমি তার জায়গায় দায়িত্ব পালন করছিলাম। তাই কোম্পানির ছোট একটা বাড়িতে থাকতাম আমি। আপনি জানেন জি.বি. অলিভ্যান্টটা কোথায় এখন?...হ্যাঁ, নাইজার নদীর ধারে। ওখানেই ছিল আমার বাসা। একদিকে আমার দুই কামরা এবং আরেক দিকে স্টোরকিপারের দুই কামরা। কিন্তু কপাল এমন এই লোক ছিল ছুটিতে, ফলে তার দিকটা খালি পড়ে ছিল। আমি সামনের দরজা খুলে ভেতরে গেলাম। তারপর আবার বন্ধ করে দিলাম ওটা। প্রথম কামরায় আমার বাইসাইকেল রেখে শোবারঘরে ঢুকলাম। বাতি খুঁজতে শুরু করার পক্ষে একটু বেশিই ক্লান্ত ছিলাম আমি। তাই কাপড় খুলে একটা চেয়ারের পিঠে রেখে, কাঠের গুঁড়ির মতো শরীরটাকে ছেড়ে দিলাম আমার বিশাল লোহার বিছানায়। এবং যিনি বানিয়েছেন সেই খোদার নামে বলছি, আমার বিছানায় দেখি এক মেয়ে শুয়ে। আমার মন মুহূর্তে বলে দিল ওটা মার্গারেট। তাই আমি হাসতে শুরু করলাম এবং ওর এখানে-সেখানে ছুঁতে লাগলাম। ও শতভাগ নগ্ন। আমি অবিরাম হাসছি, জিজ্ঞেস করছি ও কখন এসেছে। কিছু বলল না ও এবং আমার সন্দেহ হলো ও রাগ করেছে। কারণ, ওকে ক্লাবে নিয়ে যেতে অনুরোধ করেছিল ও কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম: তুমি যদি আসো ওখানে আমাদের দেখা হবে, কিন্তু আমি এভাবে কাউকে ক্লাবে নিয়ে যাই না। তাই আমার সন্দেহ হলো ওটাই ওকে খোঁচাচ্ছে। আমি ওকে রাগ করতে মানা করলাম কিন্তু তবু সে কিছু বলল না। আমি জিজ্ঞেস করলাম ও ঘুমিয়ে ছিল কি না—কেবল জিজ্ঞেস করার জন্য জিজ্ঞেস করা। কিছু বলল না ও। যদিও আপনাদের আমি বলেছি, আমি বাড়িতে মেয়েমানুষ আসা পছন্দ করি না, কিন্তু সব নিয়মেরই ব্যতিক্রম থাকতে হয়। তাই আমি যদি বলি, ওই রাতে মার্গারেটকে আবিষ্কার করে আমি ক্রুদ্ধ হয়েছিলাম, ওটা একটা নির্দোষ মিথ্যা বলা হবে। আমি তখনো হাসছিলাম যখন লক্ষ করলাম ওর স্তনগুলো ষোলো—বড়জোর সতেরো বছর মেয়ের স্তনের মতো খাড়া। আমি ভাবলাম হয়তো ও যেভাবে চিত হয়ে শুয়ে আছে সে জন্যই ও রকম মনে হচ্ছে। কিন্তু আমি যখন ওর চুল স্পর্শ করলাম, য়ুরোপিয়ান মেয়ের চুলের মতো নরম মনে হলো ওগুলো এবং সঙ্গে সঙ্গে আমার হাসি মিলিয়ে গেল। আমি ছিটকে উঠে পড়লাম বিছানা থেকে, চেঁচিয়ে জিজ্ঞেস করলাম: ‘কে তুমি?’ পিপার মতো ফুলে উঠেছে আমার মাথা, শরীর কাঁপছে। উঠে বসল মেয়েটি, আমাকে ডেকে নেওয়ার জন্য হাত বাড়াল; আর তখন ওর আঙুলগুলো স্পর্শ করল আমাকে। আমি ছিটকে সরে গেলাম নিমেষে এবং চেঁচিয়ে ওর নাম জিজ্ঞেস করলাম। পরক্ষণে নিজেকে বললাম আমি: একটা মেয়েকে তুমি ভয় পাচ্ছ কীভাবে? শাদা মেয়ে হোক আর কালো মেয়ে, সেই দশ আর দশ পেন্স। তো আমি বললাম: ‘ঠিকাছে, আমি এখুনি তোমার মুখ খোলাব,’ এবং একই সময়ে টেবিলে দেশলাইটা খুঁজতে শুরু করলাম। মেয়েটা অনুমান করল আমি কী খুঁজছি। ও বলল, ‘বিকো অকপাকওয়ানা ওকু।’আমি বললাম: ‘অ, তুমি তার মানে শাদা মেয়ে নও। কে তুমি? আমাকে না বললে এখুনি ম্যাচের কাঠি জ্বালাব।’ আমি এক কথার মানুষ ওকে বোঝাতে দেশলাইয়ের কাঠিগুলো ঝাঁকালাম। আমার সাহস ফিরে এসেছে, কণ্ঠস্বরটা চিনতে চেষ্টা করছিলাম। কারণ, ওটা চেনা-চেনা লাগছিল। ‘বিছানায় ফিরে এসো, আমি তোমাকে বলব,’ এরপর শুনতে পেলাম আমি। আমাকে যে-ই বলে থাক ওটা চেনা কণ্ঠস্বর, আমাকে মিথ্যা বলেছিল। চিনির মতো মিষ্টি ওটা কিন্তু আদৌ চেনা নয়। তাই আমি ম্যাচ ঘষলাম। ‘মিনতি করি তোমার কাছে,’ বলল ও। আমি যদি আপনাদের বলি, এরপর আমি কী করেছিলাম বা কীভাবে ওই কামরা থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম, সেটা হবে পুরোই অনুমানের ওপর। এরপর আমার যেটা মনে আছে তা হলো আমি পাগলের মতো দৌড়ে গিয়েছিলাম ম্যাথ্যুর বাড়িতে। তারপর আমার দুই হাত দিয়ে আঘাত করছিলাম ওর দরজায়।‘কে?’ ভেতর থেকে বলল সে। ‘খোল,’ চেঁচালাম আমি। ‘খোল, ওপরে ঈশ্বরের নামে।’আমি আমার নাম বললাম কিন্তু আমার কণ্ঠস্বর আমার মতো শোনাচ্ছিল না। সামান্য ফাঁক হলো দরজা, দেখলাম আমার আত্মীয় ডান হাতে ভারী ছুরি হাতে দাঁড়িয়ে। আমি লুটিয়ে পড়লাম ওর মেঝেয়। ও বলল, ‘ঈশ্বর একমত হবেন না।’সে-রাতে স্বয়ং ঈশ্বর নিজেই আমাকে ম্যাথ্যুর বাড়ির উদ্দেশে পরিচালিত করেছিলেন। কারণ, আমি দেখিনি আমি কোথায় যাচ্ছিলাম। আমি বলতে পারব না আমি তখনো এই দুনিয়ায় আছি নাকি মারা গেছি। ম্যাথ্যু ঠান্ডা পানি ঢালল আমার গায়ে এবং খানিক পর আমি ওকে সবকিছু খুলে বলতে পারলাম। আমার মনে হয় আমি ওকে উল্টোপাল্টা বলেছিলাম, নয়তো সে আমাকে বারবার জিজ্ঞেস করত না কেমন ছিল মেয়েটা, কেমন ছিল মেয়েটা।‘আমি আগেই বলেছি তোমাকে আমি দেখিনি ওকে,’ বললাম আমি। ‘বুঝেছি, কিন্তু তুমি ওর গলা শুনেছ?’‘ওর গলা শুনেছি। ওকে ধরেছি, সেও আমাকে ধরেছে।’‘আমি জানি না ওকে ভয় দেখিয়ে তাড়ানোর জন্য তুমি যথেষ্ট কিছু করেছ কি না,’ বলেছিল ম্যাথ্যু। আমি জানি না কীভাবে ব্যাখ্যা করব, তবে ম্যাথ্যুর ওই কথাগুলোই আমার চোখ খুলে দেয়। আমি সঙ্গে সঙ্গে বুঝলাম, আমাকে নাইজার নদীর দেবী, মামি ওটা দর্শন দিয়েছিলেন। ম্যাথ্যু বলল আবার: ‘এটা নির্ভর করে তুমি জীবনে কী চাও। যদি তুমি সম্পদ চাও, তাহলে আজ মস্ত ভুল করেছ, আর যদি তুমি তোমার বাবার সত্যিকার ছেলে হয়ে থাকো, তাহলে এসো আমার হাত ধরো।’করমর্দন করলাম আমরা এবং ও বলল: ‘আমাদের পিতারা কখনো আমাদের বলেননি একজন পুরুষের স্ত্রী এবং সন্তানের বদলে সম্পদকে অগ্রাধিকার দেওয়া উচিত।’এখন যখনই আমার বউয়েরা জ্বালাতন করে আমাকে তখন আমি তাদের বলি: ‘আমি তোমাদের দোষ দিই না। আমি যদি বুদ্ধিমান হতাম, তাহলে মামি ওটাকেই বেছে নিতাম।’ ওরা হাসে এবং জিজ্ঞেস করে আমাকে কেন আমি তাকে পছন্দ করিনি। সবচেয়ে ছোট বউ বলে ওঠে: ‘চিন্তা কোরো না, বাবা, ও আবার আসবে; ও আগামীকাল আসবে।’ এবং সমস্বরে হেসে ওঠে ওরা।কিন্তু আমরা সবাই জানি এটা একটা ঠাট্টা। সন্তানের পরিবর্তে সম্পদ পছন্দ করবে কোন পুরুষ? যদি না সে ড. জে.এম. স্টুয়ার্ট-ইয়াংয়ের মতো কোনো উন্মাদ শ্বেতাঙ্গ হয়। ওহ, আমি বলিনি আপনাদের। যে-রাতে আমি মামি ওটাকে তাড়িয়ে দিয়েছিলাম, সেই রাতেই শ্বেতাঙ্গ ব্যবসায়ী ড. জে.এম. স্টুয়ার্টের কাছে যায় সে এবং তার প্রেমিক হয়। আপনি শুনেছেন ওর কথা?...ওহ হ্যাঁ, সে দেশের সবচেয়ে ধনাঢ্য হয়েছিল। কিন্তু তাকে বিয়ে করার অনুমতি দেয়নি ও। কী ঘটল যখন সে মারা গেল? বারভূতে লুটেপুটে খেল তার সম্পদ। এটা কি ভালো সম্পদ? আমি জিজ্ঞেস করছি আপনাদের। ঈশ্বর মাফ করুন।