হোর্হে লুইস বোর্হেসকে যাঁরা লেখকের লেখক বলে একবাক্যে স্বীকৃতি দেন, তাঁরা যে তাঁর বৈদগ্ধ, দার্শনিক প্রজ্ঞা ও সুদূরপ্রসারী কল্পনা-বাস্তবের সমীকরণে ও গোলকধাঁধায় খাবি খেয়ে নাজেহাল, পরাজিত হয়ে তাঁকে অবিসংবাদী মেনে মুক্তি খোঁজেন, এ নিয়ে তর্ক না তোলাই সংগত। ব্যক্তিগত জীবনে যেমন, লেখালেখিতেও নিজস্ব ধ্যানধারণার প্রতি তাঁর একরোখামি সুবিদিত। নিজের লেখালেখির ওপর অটল অবিচল আস্থাও তাঁকে অনেকের কাছে রাইটার্স রাইটার হিসেবে চিহ্নিত করেছে। ব্যাপার কি তবে এই, বোর্হেস নিজের লেখালেখির ধরনধারণ নিয়ে এতটাই নিঃসংশয় ছিলেন, কখনো দিকবদলের কথা ভাবেননি? এতটাই অনড়-অটল!বাস্তবে যা দেখা যায়, তা বেশ অন্য রকম। কৌতূহলোদ্দীপক হলেও সত্য যে শেষ বয়সে, ১৯৭০-এ, বয়স যখন তাঁরও সত্তর, বোর্হেস নিজের সাহিত্যদর্শন ও কলাকৌশল সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ নিজেকে দিয়েছেন, যা তাঁর পূর্বেকার সবচেয়ে ফলপ্রসূ সময়ের লেখালেখির ধারণা থেকে স্বতন্ত্র।সত্তর বছর বয়সে প্রকাশিত ক্ষীণকায় গল্পসংকলন ডক্টর ব্রডিস রিপোর্ট (স্মরণীয় গল্প ‘দ্য গসপেল অ্যাকর্ডিং টু মার্ক’ এ সংকলনভুক্ত) বোর্হেসের শেষ বয়সের সাহিত্যভাবনার গুরুত্বপূর্ণ ধারক। এ গল্প সংকলনের প্রথম সংস্করণের মুখবন্ধে বোর্হেস তাঁর চিন্তাভাবনার দিক পরিবর্তনের বিষয়ে বলতে গিয়ে যা জানাচ্ছেন তা বেশ চমকপ্রদ, বলা চলে অবোর্হেসিও। অনেকটা স্বগতোক্তির কায়দায় বোর্হেস জানান, বয়স তো হলো, আমার বিশ্বাস এত দিনে আমি আমার নিজ কণ্ঠস্বর খুঁজে পেয়েছি। বোর্হেস-পাঠকদের জন্য চমকে ওঠার মতো কথা বটে। ৩০ বা ৪০-এর দশকের কর্মমুখর সময়ে তাঁর অবিস্মরণীয় ও স্বাতন্ত্র্যময় রচনাসম্ভারে কি বোর্হেস নিজের কণ্ঠস্বর খুঁজে পাননি? বৃদ্ধ বয়সে যে খুঁজে পেলেন বলছেন, সেটাই বা কেমন?বোর্হেস খোলামেলাভাবেই জানান, গল্প-আখ্যান রচনায় ঘোরপ্যাঁচের পরিবর্তে সোজাসাপ্টা (স্ট্রেইট ফরোয়ার্ড) বয়ানেই তাঁর এখন পক্ষপাত। এও জানান, এ উপলব্ধি থেকেই ব্রডিস রিপোর্টের গল্পগুলোয় তিনি সাধ্যমতো সোজাসাপ্টা প্রকাশভঙ্গি গ্রহণ করেছেন। বারোক ঘরানার অন্তর্নিহিত চমক ও দুর্জ্ঞেয় দিকচিহ্নহীন পরিসমাপ্তির বদলে এখন তাঁর পছন্দ আখ্যানে দানা-বাঁধা গল্পকে একধরনের পরিপূর্ণতাদান। এ প্রসঙ্গে যাঁকে তিনি স্মরণ করেছেন, স্মরণই না, কুণ্ঠাহীনভাবে যাঁর পদাঙ্ক অনুসরণের কথাও উচ্চারণ করেছেন, তিনি ইংরেজ কিপলিং।হ্যাঁ, শেষ বয়সে বোর্হেস কিপলিংকে গ্রহণ করেছেন। শেষ বয়সের কিপলিংকে না, তরুণ কিপলিংকে। ১৮৮৫ থেকে ১৮৯০—এ সময়কালে রচিত কিপলিংয়ের স্বল্পদৈর্ঘ্য গল্পসিরিজের অনাড়ম্বর টানটান ভঙ্গি তাঁকে এতই মুগ্ধ করে, বিশেষ করে, গল্পগুলোর বাকসংযম, তিনি প্রবলভাবে উদ্বুদ্ধ বোধ করেন। কিপলিংয়ের সে সময়কার গল্প ইন দ্য হাউস অব সুধেহা, বিয়ন্ড দ্য পেইল, দ্য গেট অব হানড্রেড সোরোসকে তিনি আখ্যা দেন ল্যাকোনিক মাস্টারপিসেস বলে। এখানেই থেমে থাকেন না বোর্হেস। কিপলিংয়ের সেই গল্পসিরিজ তাঁকে এতই প্রেরণা জোগায়, তিনি প্রায় ঘোষণার কায়দায় জানান, তরুণ বয়সে কিপলিংয়ের মতো ধীমান লেখক যা সম্পন্ন করতে সক্ষম হয়েছেন, বৃদ্ধ বয়সেও কারও পক্ষে তা করার চেষ্টা চলতে পারে—যদি শৈলীটা আয়ত্তে থাকে। নিজেকে লক্ষ করেই বলেন। বলতে গিয়ে নিজের প্রতি নিজের চ্যালেঞ্জকেও প্রচ্ছন্ন রাখেন না।বলার অপেক্ষা রাখে না, নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়া বলতে বোর্হেস ভাষার টান টান সংযমী শক্তিকে বুঝিয়েছেন। ভাষা নিয়ে তাঁর উপলব্ধিকে তিনি অকপটে উপস্থাপন করতে গিয়ে বলেন, প্রতিটি ভাষাই একেকটি ঐতিহ্য, প্রতিটি শব্দ শেয়ারড সিম্বল; নিরীক্ষাকারীরা ভাষা পাল্টানোর নামে যা করেন তা কাজের কিছু না। উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মালার্মে ও জয়েসের ‘জমকালো কিন্তু দুষ্পাঠ্য’ (স্প্লেনডিড বাট আনরিডেবল) রচনাকে। আগে কখনো জয়েসকে নিয়ে ঘাঁটাঘাঁটি না করলেও বোঝা যায়, শেষ বয়সে জয়েসকে তিনি নস্যাৎই করলেন।এ তো গেল উপলব্ধির কথা। বাস্তবিকই কি বোর্হেস তা কাজে খাটিয়েছেন? লেখার ধরন পাল্টেছেন? কতটা?বোর্হেসের গল্পের বর্ণনাভঙ্গি সেই শুরু থেকেই বলা চলে সোজাসাপ্টা। ১৯৪১-এ প্রকাশিত গল্পসংকলন দ্য গার্ডেন অব ফর্কিং প্যাথস-এ অন্তর্ভুক্ত কয়েকটি গল্প ছাড়া বর্ণনাভঙ্গি অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি, আঁটোসাঁটো, দ্রুত। ভঙ্গিকে আরও সরাসরি, তাঁর ভাষায় স্ট্রেইট ফরোয়ার্ড ও গতিময় করতে গিয়ে (অন্ধত্বের কারণে একপর্যায়ে ডিকটেশনের সাহায্যে) তাঁর রচনার অমূল্য সম্পদ দার্শনিক দ্বান্দ্বিকতাকে কি তিনি ত্যাগ করলেন? তাঁর গল্পের বিষয়-আশয় বলতে যে দ্বন্দ্বমুখর দার্শনিক-আধ্যাত্মিক-মনস্তাত্ত্বিক সংকট ও সম্ভাবনার অবতারণা, তা কি শেষ পর্যন্ত একরৈখিকতায় পর্যবসিত হলো?ডক্টর ব্রডিস রিপোর্টের মুখবন্ধে বোর্হেসের ভাবনাচিন্তাকে বইটির নাতিদীর্ঘ ১১টি গল্পের সঙ্গে মিলিয়ে পড়লে তাঁর উপলব্ধির কিছু কিছু সচেতন প্রতিফলন পাওয়া যায় বটে, তবে এমন কথা বলা যাবে না তাঁর গল্পে খুব বড় রকমের দিকবদল ঘটেছে। এসেনশিয়াল বোর্হেস প্রতিটি গল্পেই উজ্জ্বল। আসলে, ১৯৭০ সালে এই গল্প সংকলনটি বেরোনোর আগে দীর্ঘদিন, প্রায় ২০ বছর, বোর্হেস গল্পের পথে হাঁটেননি। লম্বা বিরতির পর গল্প লিখতে বসে কীভাবে এগোবেন, ভাবতে গিয়ে তরুণ কিপলিংকে তাঁর মনে ধরেছে, আর লেখা হয়ে যেতে দেখা গেল হ্যাঁ, টান টান ভঙ্গির প্রয়োজনে আখ্যানের বয়ানে জটিলতা তিনি অনেকটাই পরিহার করেছেন, উপস্থাপনাকৌশলও বাহুল্যবর্জিত, কিন্তু চিরাচরিত দার্শনিক প্রস্তাবনায় ও প্ররোচনায় একচুলও ছাড় দেননি। কিপলিংকে স্মরণ করে যে চ্যালেঞ্জ তিনি নিজের দিকে ছুড়েছিলেন, এ তারই ফসল? হয়তো। এ সংকলনের বিখ্যাত গল্প ‘দ্য গসপেল অ্যাকর্ডিং টু মার্ক’ তাঁর শ্রেষ্ঠ রচনাগুলোর একটি শুধু নয়, যৌবনের অত্যুজ্জ্বল গল্পঘরানা থেকেও একে আলাদা করা যাবে না। এ গল্পে যে মনস্তাত্ত্বিক আধ্যাত্মিক প্ররোচনা পাঠককে বিমূঢ় করে ছাড়ে, তার পেছনে তীক্ষ ইংগিতময়, রুদ্ধবাক বর্ণনাভঙ্গিই অনেকটা দায়ী। গল্পের শেষাংশে যখন মূল চরিত্র এসপিনোসার (স্প্যানিশ উচ্চারণ নিশ্চয় অন্য) পিছু পিছু সভ্যতার আলোবিবর্জিত র্যাঞ্চবাসী পরিবারটির তিন সদস্য এগিয়ে চলে, চলতে চলতে তার আশীর্বাদ কামনা করে হঠাৎই তার ওপর চড়াও হয় এবং পরপরই ছাদহীন ঘরের বিমে তৈরি ক্রুশটি তার সামনে উন্মোচিত হয়, তখন এসপিনোসা কী ভাবে? কিংবা হতভম্ব পাঠক? ক্রুশবিদ্ধ হয়ে সে যিশুখ্রিষ্টের মতো গোটা মানবজাতিতে উদ্ধার করবে, নিদেন হনন উদ্যত র্যাঞ্চবাসী তিনজনকে, নাকি এ তার প্রাপ্য—পূর্বরাত্রির কর্মফল? একি ভালোবাসা, না নিষ্ঠুরতা, না ভালোবাসার পথে অমোঘ অনিবার্য অবশ্যপালনীয় রিচুয়াল? মানুষকে মহান, যিশুখ্রিষ্টের মতো মহান মর্যাদা দিতে গেলে ক্রুশে না চড়িয়ে উপায়ই বা কী! বোর্হেস নিজে টুঁ-শব্দটিও করেন না। পাঠককে তিনি এতটাই উঁচু আসনে দেখতে পছন্দ করেন।জীবনের দ্বন্দ্বমুখর সম্ভাবনায় দীর্ঘকাল মেতে থেকে শেষ বয়সে বোর্হেস যতই নিরাভরণ হওয়ার চেষ্টা করেন, বয়স বেড়ে যাওয়ার অজুহাত তুলে মেধার চেয়ে শৈলী বা কৌশলের কথা বলেন, কার্যত তাঁর শক্তিমত্তায় যেন নতুন উদ্যমে শান পড়ে। প্রথম জীবনের ‘ত্লন উকবার অরবিস তারতিয়াস’, ‘লটারি অব ব্যাবিলন’, ‘দি গার্ডেন অব দ্য ফর্কিং প্যাথস’, ‘দি কাল্ট অব ফিনিক্স’, ‘সাউথ’ ইত্যাদি গল্পের বিশ্বখ্যাতি সত্ত্বেও বোর্হেসের পক্ষে এমন ধারণা পোষণ করা বিচিত্র নয় যে, যে-দার্শনিক প্রতিবেদন তিনি এসব গল্পে উপস্থাপন করেছেন তা হয়তো বা তৎকালীন দুরূহ বর্ণনারীতির জটিলতায় অনেকটাই আচ্ছন্ন হয়ে পড়েছে। তাই কি ভণিতাহীন গল্প বলা, সরাসরি বৃষচক্ষু বিদ্ধ করা? এ পর্যায়ের অন্যান্য গল্প—‘ডক্টর ব্রডিস রিপোর্ট’, ‘দ্য মিটিং’, ‘ইন্ট্রুডার’, ‘এন্ড অব দ্য ডুয়েল’ প্রভৃতিতে বোর্হেসের লক্ষ্য স্পষ্টতই কোনো ধারণা বা অস্ফুট, বিমূর্ত ধারণার বীজকে কোনো ঘটনার বয়ানে ব্যবহারিক জীবনে প্রাসঙ্গিক করে তোলা। গল্প বলাটা অনেক ক্ষেত্রেই নিছক মাধ্যম। ‘ডক্টর ব্রডিস রিপোর্ট’ গল্পটি অবশ্য ব্যতিক্রম। ইয়াহুদের জীবনপ্রণালির বর্ণনায় কৌতুক, হেঁয়ালির পাশাপাশি সভ্য মানুষের প্রতি নীরব ইশারায় গল্পটি ভিন্ন ব্যঞ্জনায় বাঙ্ময়।কিপলিংয়ের সোজাসাপ্টা ন্যারেটিভের প্রসাদগুণ বোর্হেসকে মুগ্ধ করেছে, উদ্বুদ্ধ করেছে এবং নিজের ওপর তাঁর প্রবল আত্মবিশ্বাস জীবনের পড়ন্ত বেলায় তাঁকে এ ধাঁচের লেখায় সম্পূর্ণভাবে মনোনিবেশের শক্তি জুগিয়েছে—বোর্হেসের নিজ জবানিতে এ তথ্য পাওয়ার পরও এ কথা বলা চলে না, ভঙ্গিটি তাঁর ক্ষেত্রে আনকোরা। লেখকজীবনের তুঙ্গ পর্যায়ে (তিরিশ বা চল্লিশের দশকে) তাঁর কয়েকটি গল্পের দেখা মেলে (‘শেপ অব দ্য সোর্ড’, ‘থিম অব দ্য ট্রেইটার অ্যান্ড হিরো’ প্রভৃতি), যেখানে বয়ানরীতি প্রায় একই। এখানে একটি তথ্য প্রাসঙ্গিক মনে হতে পারে। সমসাময়িক আরেক প্রতিভাবান, যিনি প্রধানত গল্পকার না হয়েও বেশ কিছু অসামান্য গল্প লিখেছেন এবং যেগুলোকে তিনিও, অন্য কিছু না, স্ট্রেট ফরোয়ার্ড ন্যারেটিভই আখ্যা দিয়েছেন, তাঁর কথা স্মরণে এলেও বোর্হেস উল্লেখ করেননি। তিনি ব্রেখ্ট্। বোর্হেসের চেয়ে মাত্র এক বছরে বড় ব্রেখেটর গল্পের সংখ্যা নেহাত কম নয়, সাঁইত্রিশটি, যার প্রায় সব কটাই ধারাবিবরণীর মতো সরাসরি, গতিময়। কোথাও লোকগাথার কায়দায়, কোথাও খবরের কাগজের প্রতিবেদনের ঢংয়ে, আবার কোথাও নিরাভরণ ঘটনা বর্ণনার মধ্য দিয়ে ব্রেখ্ট্ যা হাসিল করতে চেয়েছেন তা তাঁর নিজের ভাষায় ‘এক্সটারনালাইজিং দ্য প্যারাডক্সেস অব লাইফ অ্যান্ড দ্য ইউনিভার্স’। বোর্হেসের লেখালেখির সঙ্গে এ ভাবনার মৌলিক কোনো বিরোধ তো নেই-ই, বরং জোরালো ঐক্যই লক্ষণীয়। ব্রেখ্ট্ অবশ্য নিজের গল্প নিয়ে কোনো দিনই উচ্চবাচ্য করেননি, অসামান্য কয়েকটি গল্পের স্রষ্টা হয়েও নিজের গল্পলেখক পরিচিতিকে আমলই দেননি। সে অন্য প্রসঙ্গ। গোড়ার কথায় আসি। শেষ বয়সে দীর্ঘ বিরতিতে রীতিমতো ঘোষণা দিয়ে ‘ভিন্ন রীতিতে’ গল্প লিখতে বসে বোর্হেস যা করেছেন, সে কৃতিত্বের পুরোটা শৈলীগত দক্ষতার ওপর ছেড়ে দিলে বোর্হেসকে ছেঁটে ফেলা হয়। বোর্হেস নিজে শৈলীর কথা বললেও তাঁর পাঠকমাত্রই জানেন এ তাঁর হেঁয়ালি। কেবল শৈলীর কারসাজিতে ‘গসপেল’ লেখা যায় না।