আলবার্ট আইনস্টাইন বেহালা বাজাতেন। বেহালার সুরে ডুবে থাকতেন জটিল সব গবেষণার ফাঁকফোকরে। কেবল অবসর সময়েই নয়, জটিল গবেষণার সময় যখন তিনি ক্লান্ত হয়ে পড়তেন, তখন বেহালা বের করে কিছুক্ষণ বাজিয়ে নিতেন। বেহালার রাগিণী তাঁর চিন্তাভাবনাকে আরও ধারালো করে তুলত বলে জনশ্রুতি আছে।বেহালার কথা উঠে এসেছে উইলিয়াম শেক্সপিয়ারের সাহিত্যেও। তিনি নিজেও এই বাদ্যযন্ত্রটির মধ্যে খুঁজে নিতেন আনন্দ। রোমিও জুলিয়েট-এর মতো সাহিত্যকর্ম যেন বেহালার সুরের উপস্থিতিতে ব্যঞ্জনাময় হয়েছে দারুণ মাত্রায়। কেবল বিখ্যাত ব্যক্তিত্বই নয়, মানুষ মাত্রই বেহালার সুর-মূর্ছনায় নিজেকে হারিয়ে খুঁজতে পছন্দ করে। এর করুণ সুর আবেগের গহিনে নাড়া দিয়ে যায় সব সময়ই। সংগীতে বেহালার সুরধারা যেন সংগীতপ্রিয় ব্যক্তিদের নিয়ে যায় অন্য এক জগতে। গান-বাজনার ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ এই বাদ্যযন্ত্রটি কিন্তু মনুষ্য সভ্যতার সুপ্রাচীনকাল থেকে আনন্দ দিয়ে আসছে সংগীত পিপাসুদের। সংগীতে ‘স্ট্রিং ইনস্ট্রুমেন্ট’ বা ‘তারসংবলিত বাদ্যযন্ত্র’ হিসেবে বেহালার অবস্থান ওপরের দিকেই। এই সুপ্রাচীন যন্ত্রটির ব্যবহার ছাড়া সংগীতের অনেক সুরই যেন ঠিক সেই মাত্রায় পূর্ণতা লাভ করে না। প্রাচীন এই বাদ্যযন্ত্রটির উদ্ভব কিন্তু ইতালিতে। ১৫০০ শতকের একটু আগ দিয়ে উত্তর ইতালিতে এই বাদ্যযন্ত্রটি প্রথম ব্যবহূত হয়েছিল বলে নিশ্চিত হয়েছেন ইতিহাসবিদেরা। ১৫০৫ থেকে ১৫০৮ শতকের মধ্যে ফেরারা নামের এক শিল্পীর আঁকা একটি চিত্রকর্মে বেহালার ব্যবহার স্থান পেয়েছিল। ফেরারার আঁকা ওই চিত্রকর্মে যে ধরনের বেহালার ব্যবহার দেখা যায়, তার সঙ্গে বর্তমান যুগে ব্যবহূত বেহালার আশ্চর্য মিল। ইতালি থেকে এই বেহালার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল