বেয়ে চলা পথ
আমার একটু তাড়া ছিল। বাড়ির গেট থেকে বের হয়েই আমি রিকশা খুঁজি। পেয়েও যাই। ঝটপট দাম করে উঠে পড়ি রিকশায়। প্রথমটায় আমি লক্ষ করিনি বা তা মনে ছিল না। এমন একটা বিরক্তিকর অভিজ্ঞতা আমার বেশ কয়েকবার হয়েছে। সেই সব রিকশাচালকের চেহারা-আদল প্রায় একই রকমের। শান্ত গোছের নিরীহ চেহারা। মুখে দাড়ি। তা মুখভরা বা অগোছালো নয়। সেটি পরিপাটি একমুঠো দাড়ি। মাথায় চুল কম, সামান্য টাক। চুল, দাড়ি সব সফেদ-সাদা।এদের রিকশায় চড়ে বসলে, কয়েক প্যাডেল মেরে একই বয়ান শুরু করে দেয়।‘বাবা...আপনাগোর কত পয়সা কতভাবে যায়। আমার বড় মেয়েডার বিয়া।’ স্বজ্ঞানে বড় মেয়ে বলার একটা বার্ধক্যের অজুহাত রয়েছে। সেটা হলো, কেউ যদি ধরে বসে, ‘এই ব্যাটা...মাত্র কয়েক দিন আগে না তুই বড় মেয়ের বিয়ের কথা বলে ২০ টাকা নিলি?’ তখন তার তাৎক্ষণিক উত্তর, ‘বুড়া মানুষ, মনেও থাহে না বাবা...কী বলতে কী কই...মাফ করবেন, ভুল অইয়া গেছে। বিয়া আমার দ্বিতীয় মেয়ের...।’এমন পরিস্থিতিতে বুড়ো রিকশাওয়ালাকে কেউ কেউ ক্ষিপ্ত হয়ে তেড়ে গেছে মারতে। ‘যত সব চোর-বাটপারের দল...শহরটা ভরে গেছে...।’আমিও যে এমন পরিস্থিতিতে পড়িনি, তা নয়। তবে নিজেকে সামলে রাখার টেকনিক বের করতে হয়েছে। শান্ত-সংযত থেকেছি। সেই টেকনিকটা যে আবার অভিনব একটা কিছু, তেমনও নয়। সেটা হলো, এই উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণ ভুলে যাওয়া। রিকশাওয়ালার কথায় কান না দিয়ে একেবারে উদাসীন হয়ে থাকা। রাস্তার কোনো এক পাশে চেয়ে থাকা। একেবারে নিমগ্ন হয়ে। একা একা মানুষ কাঁহাতক আর কথা বলতে পারে?রিকশাওয়ালা বকবক করে একসময় থেমে যেতে বাধ্য হয়। প্যাডেল মারতে মনোযোগী হয় তখন।কিন্তু আজকে সেই ধরা খেয়ে আমার আগেকার টেকনিকের কথা ভুলে গেলাম। আমার ধৈর্যচ্যুতি ঘটতে থাকে।রিকশাওয়ালা একটু এগিয়েই শুরু করে দেয়।‘বাবা...আমার বড় মাইয়াডার বিয়া। টাহা লাগে দশ হাজার। জোগাড় অইছে তিন হাজার। বাকি টাহা...বাবারা আপনাগোরে ত আল্লায় অনেক দিছে...আতে-আতে দশ-বিশ টেহা কইরা দিলেও তো...’আজ সকাল থেকে মনটা বিগড়ে ছিল। আমাকে অশান্ত করে রেখেছিল। কাজেই প্রথম থেকেই আমি আগ্রাসী, আক্রমণাত্মক হয়ে উঠি।‘তোমাদের জাতটাই খারাপ। সারা দিন মিছা কথা কইতে থাকো।’‘আল্লার কসম খাই। আমার, মাইয়ার মাতা খাইয়া কইতাছি...আমার একটাঐ মাইয়া, আমি মিছা কতা কই না।‘বাবারে, আমি মিছা কতা কই না। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ...দশ হাজার টেহা আমি কই পাই?’‘আমি তোমার কথা বিশ্বাস করি না।’ আমার রাগ বাড়তে থাকে।আবার স্বগতোক্তির মতো সদম্ভে বলি, ‘তুমি কেন...সারা দেশের কেউই সত্য কথা বলে না। দেশের রাজা-উজির-সান্ত্রি কেউই সত্য কথা বলে না। শুধু বাহারি মিথ্যা কথার ফুলঝুরি চারদিকে। নিজের গীত নিজে গায়। আর দেশের ১৬ কোটি মানুষ তা-ই করে। সবাই মিথ্যা কথা কয়। লোভের ধান্দায় দিনকে রাত করে, রাতকে দিন...।’আমি বেমালুম ভুলে গেলাম যে সামান্য এক রিকশাওয়ালার প্রসঙ্গ টেনে আমি সমগ্র জাতিকে এক লেজেগোবরে অবস্থায় ফেলে দিয়েছি। চেতনার এক বিদ্রোহী বহিঃপ্রকাশ ঘটে গেছে।প্যাডেল মারতে মারতে রিকশাওয়ালা তার কথা থামায় না।‘বাবারে, তিন হাজার টেহা মাইয়ার মার কাছে রাইক্কা পরিবারের কাছেথন বিদায় নিছি। মরি...না...বাঁচি ঠিক নাই। ঢাকায় আইয়া হাসপাতালে আছিলাম ১৫ দিনের জায়গায় ১৭ দিন। অসুখ ছাড়ে না। কথা আছিল টাকা পামু...ঢাহা শহরে ট্যাহার ছড়াছড়ি।’রিকশাওয়ালা প্যাডেল মারতে মারতে কাশতে শুরু করে। কফ ফেলে। লুঙ্গি টেনে মুখ মুছে।আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম। সোবহানবাগ থেকে উঠেছি। যাব শ্যামলী সিনেমা হল পেরিয়ে। এতক্ষণে মাত্র আদেল প্লাজা তক এসেছি। ঘুরে আসতে হচ্ছে। মেইন রোডে রিকশা চলে না।‘দেশের সব ভদ্রজনেরা মিথ্যা বলতে থাকলে বাকি ১৬ কোটি মিথ্যা বলবে, এটাই তো স্বাভাবিক।’রিকশাওয়ালা কাশি থামিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে।‘বাবা রে, আমি মিছা কই না। বাবা রে...হারা দেশের মানুষ,...রাজা-উজির কী কয়, আমি জানি না। আমার তা জানার ক্ষ্যামতা নাই...আমি জানি, আমি মিছা কই না...আমারে অবিশ্বাস কইরেন না।’একটু থেমে আবার বলে যায় সে, ‘হাসপাতাল থনে বাইর অইলে যারা টাহা দিব কইছিল, তাগোরে আর পাইলাম না। কই গেছে কেডা জানে! দিনের পর দিন হাসপাতালে গুরলাম। কাউরে পাইলাম না। কেউ পয়সাও দিল না। আমার কতাডা...একটুহান...।’আমি ধমকে উঠি।‘এই ব্যাটা, তুমি হাচা কথা কইবা কী? আমিই তো সারা দিন মিছা কথা কই। চেয়ারে বইয়া। কাজেই তোমারে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না।’আমার ধৈর্যের আর বাঁধ মানছে না। আমি তাড়া দিই, ‘এই ব্যাটা, তাড়াতাড়ি চালা...আমার অফিসের সময় যাচ্ছে।’‘বাবা রে, চেরেষ্টা তো করতাছি। গায়ে বল নাই। নাশতা খাই নাই।’‘আবার মিছা কথা! খাইয়া কছ খাই নাই...। চুপ...।’ সজোরে কুঁদে উঠি আমি।রিকশাওয়ালা এ পর্যায়ে তার মুখের ভাবভঙ্গিতে সকরুণ কাকুতি-মিনতি ফুটিয়ে আমার দিকে পেছন ফিরে তাকিয়ে কথা বলায় ক্ষান্তি টানে। সজোরে প্যাডেল মারতে থাকে। পায়ে অতিরিক্ত শক্তি জুগিয়ে। সামনে ঝুঁকে পড়ে।শ্যামলী সিনেমা হল পেরিয়ে যেতে যেতে আমার অফিসের সময় পেরিয়ে যায়। ভাড়াটা আগে থেকে ঠিকঠাক গুনে হাতেই রেখেছিলাম। এক পয়সা কমও না, বেশিও না। রিকশা থেকে নেমে পয়সাটা বুড়ার হাতে ধরিয়ে এক লাফে অফিস বিল্ডিংয়ে ঢুকে পড়ি। হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চাকরি। নতুন বস এসেছেন বদলি হয়ে। অফিসের সবাই বলে, বস বদমেজাজি। অবশ্য আমি এখনো তেমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হইনি। তবে কাস্টমার সার্ভিসের ডিউটি। এমনিতে লোকজন এসে সকাল থেকে লাইন ধরে থাকে। বিশেষ করে, ঋণগ্রস্ত বুড়ার দল, যাঁরা ঋণ পরিশোধ করতে করতে জীবনের প্রায় অর্ধেকটা সময় কাটিয়ে দিয়েছেন। তারাই অসুবিধা করেন। নানা কথা শোনাতে থাকেন।সামান্য দেরিতে কাজের টেবিলে বসেই ফাইল খুলতে হয়। ডিউটি পিয়ন সাজিয়ে রেখেছে ফাইল। আগে আসা, আগে কাজ। এর ব্যতিক্রম হলে লেগে যায় ঝগড়া-বিবাদ। সেই সব বিবাদ কখনো ওপরতলা পর্যন্ত গড়ায়।বেলা ১১টার দিকে পিয়ন চা দিয়ে যায় নিয়মমাফিক। তখন আমার হাতের কাজও কমে কিছুটা। চায়ের তেষ্টাও পেয়েছিল। চা খেতে খেতে ভাবি, আগামীকাল থেকে বরং হেঁটে আসার চেষ্টা করব। আধঘণ্টা সময় হাতে নিয়ে বেরোলেই হয়। রিকশার থেকে আগে আসা যাবে হয়তো। হাঁটা পথে অন্তত যানজট তো আর আটকাতে পারবে না।পরদিন সকাল সকাল আধা ঘণ্টা সময় নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়েই দেখি, বাড়ির সামনে মানুষের ছোটখাটো একটা জটলা। আমার এ ব্যাপারে তেমন কোনো কৌতূহল ছিল না। রাস্তাঘাটে এমনটা তো হরহামেশাই দেখা যায়। সাইকেলের টায়ার ফেটে গেলেও তো রাস্তাঘাটে দশ-বিশজনের একটা জটলা জমে যায়। যেখানে-সেখানে।পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জটলার এক ফাঁক দিয়ে যা আমার চোখে পড়ল, তাতে মনে হলো, রিকশার পা-দানিতে যে লোকটি চিত পড়ে আছে, সে চেনাজানা। তার হাত দুটি দুই পাশ দিয়ে ঝুলে আছে। কৌতূহল নিবারণ তত সহজ হলো না আমার। আমি জটলায় উঁকি দিই। তখন স্পষ্টই আমার চোখের সামনে ভেসে ওঠে গতকালের সেই বুড়া রিকশাওয়ালার ছবি। তার চোখ দুটি খোলা। সরাসরি আকাশমুখী। অনড়, ভাবলেশহীন পাথরের মতো। মুখ দিয়ে বেরোচ্ছে অর্ধগলিত খাবার। তার কাছেই দাঁড়ানো ছেলেটি আমার চেনা। সে আমার পাশের বাড়িতে থাকে। স্থানীয় মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র। তার গায়ে ধোয়া অ্যাপ্রোন। গলায় স্টেথোস্কোপ। সে তখন চারপাশে জমে থাকা উৎসুক পথচারীর উদ্দেশে শেষ বয়ান পেশ করছে মোটামুটি পেশাদারি কায়দায়। তার বক্তব্য শোনায় কৌতূহলী হই আমিও।সে বলে চলে, ‘মৃত ব্যক্তি গত রাতে ভালোমন্দ কিছু খেয়েছিল...বিরিয়ানি জাতীয়...। কোনো মিলাদ বা বিয়ে-পর্বে। হজম করতে পারেনি।’রিকশাওয়ালার ছেঁড়া শার্ট বুক অবধি উঠানো ছিল। ডাক্তার ছেলে আঙুল দিয়ে দেখিয়ে আবার বলে যায়, ‘আর তার ডান কোমরে, পাশে যে বড় কাটা দাগটা দেখছেন, যা এখনো ভালোভাবে শুকায়নি, তাতে আমি নিশ্চিত যে সে কিডনি বিক্রি করেছে। বেশির ভাগ ক্ষেত্রে ওই সব অসৎ ব্যবসার সঙ্গে জড়িত ভয়ংকর লোকগুলো ডোনারের অজ্ঞাতে লিভারও নিয়ে নেয়। এ ক্ষেত্রে হয়তো তা-ই হয়েছে। যার জন্য সে খাবার হজম করতে পারেনি।’পাশে দাঁড়ানো মর্নিংওয়াক শেষ করা এক ভারিক্কি গোছের ভদ্রলোক তার কথায় সমর্থন দেন।‘দিন কয়েক আগে পত্রপত্রিকায় দেখেন নাই...জয়পুরহাটের কালাই গ্রামাঞ্চলে কুচক্রী অর্গেন ব্যবসায়ীর দল নিরীহ শত শত অভাবী গ্রামবাসীর কিডনি-লিভার নিয়ে নিয়েছে। ছলে-বলে, অর্থের লোভ দেখিয়ে...। শেষমেশ টাকা পায়নি...প্রতারিত হয়েছে।’ভারিক্কি ভদ্রলোক মৃতজনের জন্য সামান্য মাথা নেড়ে দুঃখ প্রকাশ করে কেটে পড়েন। ডাক্তার ছেলেটিও সবাইকে উপদেশ দিয়ে সরে পড়ার প্রস্তুতি নেয়।‘ভাইসব, যার যার কাজে যান। র্যাব-পুলিশ এসে গেলে আবার দর্শক হিসেবেও ফেঁসে যেতে পারেন। সাক্ষী-সাবুদ, কোর্ট কাচারি...রিমান্ড...।’আমি দ্রুত হেঁটে চলি অফিসের দিকে।