আমাদের মফস্বল কলেজের বাংলা ক্লাসে ছেলেরা উল্টোপাল্টা প্রশ্ন করত। বিশেষ করে বিজ্ঞান বিভাগের ডেঁপোগুলো। ওরা ভাবত, বাংলা সাহিত্য মানেই প্রেম। বিজ্ঞানের রসহীন খটোমটো পিরিয়ড শেষ করে ওরা টিফিনের পর বাংলা ক্লাস শুরু হওয়ার আগেই ক্লাসে ঢুকে বসে থাকত। মানবিক বিভাগের মেয়েদের সঙ্গে খাতির জমানোর চেষ্টা করত। আমাদের বাংলার হাসমত স্যার তখন শ্রীকান্ত শুরু করেছেন। আসলে স্যার দেখতে একদম বাংলা সিনেমার কৌতুকাভিনেতা হাসমতের মতো ছিলেন বলে কে যেন কবে তাঁর এ নাম দিয়েছিল। স্যারের আসল নাম আমরা অনেকেই জানতাম না। একদিন আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল, ‘নজরুল মজমাদার তোদের বাংলা পড়ায় না?’ আমি বলেছিলাম, ‘না তো, হাসমত স্যার।’ তো শ্রীকান্ত-রাজলক্ষ্মীর প্রেমপর্ব এলে বাংলার মুখচোরা লাজুক হাসমত স্যার দ্রুত সে অধ্যায় শেষ করার চেষ্টা করছিলেন। কিন্তু বিজ্ঞান বিভাগের ভালো ছাত্র খ্যাত সৈয়দ মুশফিক সুযোগ হারাতে রাজি নয়। বৈঁচিফলের মালা দিয়ে যে বয়সে রাজলক্ষ্মী শ্রীকান্তকে মনে মনে বরণ করে নিয়েছিল সে বয়সটা বৈজ্ঞানিক যুক্তিতে প্রেমে পড়ার ক্ষেত্রে কতখানি উপযোগী তা জানার জন্য সে রাজলক্ষ্মীর প্রেম নিয়ে দড়াম করে প্রশ্ন করে বসে, ‘স্যার, বায়োলজি পইড়ি আমরা জানতি পারি যে মেয়িমানিষর এগারো-বারো বছরের একোলে ফার্টিলাইজেশন হয় না। তাহলি কী কইরি নয় বচ্ছর বয়সে রাজলক্ষ্মীর মনে প্রেমভাব জাগ্রত হইলু?’মুচকি হেসে স্যার বললেন, ‘প্রেমের ক্ষেত্রে তোর বায়োলজি খাটে না রে আহাম্মক!’তো এই স্মৃতির অবতারণার একমাত্র উদ্দেশ্য হলো আমার নিজের প্রেমের গল্প বলা। আমার বয়স তখন আট। রাজলক্ষ্মীর হূদয়দানের বয়সের চেয়ে এক বছরের ছোট। আমার বড় আপা তখন ম্যাট্রিক পরীক্ষার্থী। লেখাপড়া ছাড়াও যে সমাজ-সংসারে কত দিন কত কিছু ঘটে যায় তার কোনো খোঁজখবর রাখত না সে। মা আমাকে দিয়ে ওর পড়ার টেবিলে চা-নাশতা পাঠাত। আমি এদিক-ওদিক নাচানাচি করে এক ঘণ্টা পরে গিয়ে দেখতাম, টেবিলে চায়ের ওপর ঠান্ডা আস্তরণ ফ্যানের বাতাসে ঝিরঝির করে কাঁপছে। দাঁড়াতেই—‘যা তো, মাকে বল আর এক কাপ চা দিতে।’আমি মনে মনে বলতাম, ‘বইয়ে গেছে।’ কিন্তু ভালো ছাত্রীর হুকুম না শুনলে কি আর রক্ষে আছে? আমারও তো সামনে ক্লাস থ্রির হাফইয়ারলি। কই, মা তো কাউকে দিয়ে আমার জন্য চৌদ্দবার চা পাঠায় না? আপাকে নিয়ে বাবারও ভারি বাড়াবাড়ি! একটু সর্দি লাগল তো ডাকো ডাক্তার কাকুকে। আজ গা গরম গরম লাগছে তো গোসল করে কাজ নেই। চোখ লাল কেন? নির্ঘাত জ্বর। মাথার কাছে জানালা খোলা? বাপরে ঠান্ডা বাতাসে গলা ব্যথা হবে না? আমার না-হয় রোগবালাই কমই হয়, তা বলে আমার কপালে হাত দিয়ে দেখতে হবে না? ও, তাহলে ওর গায়ের রং ফর্সা আর আমি শ্যামলা বলে? কিন্তু ও তো আসলে বোকা। ও কেবল বইয়ে ডুবে থাকে। আমি বলি, ‘আপা, দেখবি চল, দোপাটির পাখা খুলতে শুরু করেছে। এক্ষুনি গেলে পাখা মেলা দেখতে পাবি।’‘ম্যালা বকিসনে। ওটা ছিঁড়ে এনে এখানে রাখ।’‘ইঁ! ওটায় কেউ হাত দিলে আমি তার ইয়ে ছিঁড়ে দেব না!’‘তাহলে ভাগ।’আপাকে পরীক্ষার পড়া দেখানোর জন্য বাবা বিশুদাকে ডেকে এনেছে। বিশুদা হলো গিয়ে আমাদের পাশের বাড়ির ডাক্তার কাকুর ছেলে। ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হয়েছে। সব সময় সাদা হাফশার্ট আর পাজামা পরে নীল রঙের একটা সাইকেলে আমাদের বাড়ির সামনে দিয়ে চক্কর দেয়। কেন চক্কর দেয় সেটা হাঁদারাম আপাটা না বুঝলেও আমি ঠিক বুঝতে পারি। আমি বারান্দার লোহার বেঞ্চে বসে পা দোলাই আর বিশুদা সাইকেল থেকে ঝট করে পা নামিয়ে একবার বেল বাজিয়ে বেশ জোরেই বলে, ‘ঝুনু ডাকছে তোমাকে।’ ভেতরে আপার কানে বিশুদার কণ্ঠস্বর পৌঁছালেও তার পড়ায় বিন্দুমাত্র বিঘ্ন ঘটে না জানি, কিন্তু বিশুদাকে দেখলেই আমি লজ্জায় আধা মরা। আমার এত লজ্জা লাগে যে আমি দৌড়ে গিয়ে আলমারির আড়ালে দাঁড়াই। ডাক্তার কাকুর ছোট মেয়ে ঝুনু আমার বন্ধু। আমি ঝুনুর সঙ্গে ওদের বাড়ির ঠাকুরঘরের পেছনে রান্নাবাটি খেলি। একদিন বিশুদা এসে পাত পেড়ে বসে গেল, ‘কী রাঁধছ গো তোমরা? আমায় একটু খেতে দেবে?’‘দাদা! যাও, আগে চান করে এসো। এখনো শুক্তোটা বাকি।’ ঝুনু দাদাকে ঠেলে ওঠাতে চায়। আর আমি সংকোচে মরে যেতে যেতে বিশুদার সামনে খেলনা গ্লাসে পানি আর থালা ধুয়ে রাখার সময় নিজেকে মনে হতে লাগল, আমি যেন ওর বউ, ও আমার বর। সেই আট বছর বয়েসে। রাজলক্ষ্মীর হূদয়দানের বয়সের চেয়ে এক বছরের ছোট। আমি মরি প্রেমে আর ও কিনা জিজ্ঞেস করে, ‘তোমার দিদি খুব পড়ছে, না? ফার্স্ট ডিভিশন পেতে হবে কিন্তু। বোলো, বিশুদা বলেছে।’মনে মনে বললাম, ‘আমার বইয়ে গেছে।’ বিশুদা আপাকে পড়া বোঝাতে আসে। মা চা-শিঙাড়া বানিয়ে দেয়। আমি চা দিতে গিয়ে বিশুদার টেবিলে রাখা হাতের নিচ দিয়ে মাথা নামিয়ে ফিরে আসি। আসলে তো আমি বিশুদার গন্ধ নিই। বিশুদার গায়ে কেমন ধূপ আর সিগারেটের গন্ধের মিশেল। আমি আবার আলমারির পেছনে গিয়ে চোখ বন্ধ করে মনে মনে বিশুদার শার্টে নাক ঘষি। বিশুদা আপার টেবিল থেকে না ওঠা পর্যন্ত আমি একবার চায়ের খালি কাপ তুলে নিয়ে আসি, একবার গিয়ে শিঙাড়ার তসতরি, একবার না চাইতেও পানির গ্লাস হাতে দাঁড়াই। আস্ত গবেট আপাটা কেবল অঙ্ক কষে। একবার লুকিয়ে দেখি, হাত থেকে কলম পড়ে গেলে আপা আর বিশুদা দুজনই তুলতে গেলে মাথায় ঠোকাঠুকি। আরও একবার বিশুদা ইচ্ছে করেই কি না জানি না কলম ফেলে দিয়ে ঠোকাঠুকির অপেক্ষার আগেই আমি দৌড়ে গিয়ে কলম তুলে দিয়ে আসি। আমার কড়া নজরদারির মধ্যে আপার ম্যাট্রিক পরীক্ষার পড়া তৈরি হলো। আমার নজরদারি কেবল আমিই জানতাম। মা রান্না নিয়ে ব্যস্ত, বাবা অফিসে। তখন যুদ্ধ আর স্বাধীনতা বড়দের মধ্যে একমাত্র আলোচ্য ছিল। স্কুল-কলেজ বন্ধ। চারদিকে যুদ্ধের দামামা। আমি বারান্দার দড়িতে রঙিন কাগজ কেটে কেটে টাঙিয়ে দিতাম। বুঝে না-বুঝে স্বাধীনতার আগাম প্রস্তুতি। ওখান থেকে আপা আর বিশুদার লেখাপড়ার বাইরের কোনো ভঙ্গিই আমার নজর এড়াত না। কিন্তু আপার চোখেমুখে কোনো দুষ্পাঠ্য বিষয় আমাকে উতলা করেনি। তবে মুখের রং বদল হতে দেখেছি বিশুদার। আপার মুখ নিচু করা মনোযোগী চোখ, বাঁকা ঠোঁট, কোঁকড়া চুল, অর্ধচন্দ্র কপাল, মসৃণ চিবুক, লতানো হাত, নিষ্পাপ চাউনি, ফ্যানের বাতাসে ওড়া অস্থির ওড়নার স্থান-বদল বিশুদাকে বিচলিত করলেও আপার কোনো ভাবান্তর ছিল না। বিশুদা চলে না যাওয়া পর্যন্ত আমি এমনকি আমার পেশাব-পায়খানার বেগও সামলে রাখতাম। ঝুনু যেদিন আমার সঙ্গে খেলত সেদিন ও দুপুরে খেয়ে আমার পাশেই ঘুমাত। একদিন ওদের বাড়ি, একদিন আমাদের বাড়িতে আমাদের খেলার আসর বসত। বিশুদাও একদিন পরপর আসত। আমি বিশুদার পড়ানোর শিডিউল মাথায় রেখে ওদের বাড়িতে খেলতে যেতাম। এরই মধ্যে যুদ্ধের ভয়াবহতা বড় শহরগুলোকে গ্রাস করতে লাগল। আমাদের মফস্বল শহরেও মুক্তি সন্দেহে যুবক ছেলেদের ধরপাকড় শুরু হলো। ডাক্তার কাকুর বৈঠকখানায় রোজ রাতের তাসের আড্ডা থেকে বাবার আঁধারের নিস্তব্ধতা ভেদ করা ‘ডাবল’ ধ্বনি ভেসে আসা ক্রমেই বন্ধ হলো। সপ্তাহান্তে রাতে মা যেত কাকিমার সঙ্গে আড্ডা দিতে। কাকিমা পানের বাটা নিয়ে বসত। রেকাবিতে নাড়ু। আমি সঙ্গে গিয়ে ঝুনুর ছড়ার বই দেখতাম। ওগুলো ইন্ডিয়া থেকে আনা। ‘আলতা বাদুড় চালতা বাদুড় কলা বাদুড়ের বে, টোপর মাথায় দে।’ এসব আমাদের ছড়ার বইতে ছিল না।আমার খুব ইচ্ছে হতো একবার বিশুদার ঘরে ঢুকে বিশুদার বিছানার ওপর পা ঝুলিয়ে বসতে, বিশুদার অগোছালো বিছানা গুছিয়ে দিতে। কিন্তু গেলেই সেই ‘তোমার দিদি এল না? খুব পড়ছে, না?’ এসব বিরক্তিকর প্রশ্নের সম্মুখীন হওয়া। বসে বসে দেয়ালে হেলান দিয়ে মা-কাকিমার এত এত গল্প, তবু দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসেও গল্প শেষ হতো না। আরে বাবা, এ গল্পটুকু বসে বসেই সেরে নিতে পারতে। আমাদের বাগানে দাঁড়িয়ে মা-কাকিমার সন্ধ্যাবধি গল্পও আর তেমন ধারাবাহিকতা রক্ষা করতে পারল না। ওদের বাড়ির বারো মাসের তেরো পার্বণের পুজোয় ‘ড্যাং ড্যাং ড্যাং ড্যাডাং ড্যাং’ ঢাকের বাড়ি এত মৃদুস্বরে হতে লাগল যে আমি গিয়ে পুজোর প্রসাদও জোগাড় করতে পারতাম না। ঝুনু আর আগের মতো আমাদের বাড়িতে যখন-তখন চলে এসে বলত না, ‘তুই একটু খেয়ে আমাকে সেই গ্লাসেই জল দে। এক গ্লাসের জল না খেলে বন্ধু হওয়া যায় না। দেখিস, কাউকে বলিস না।’ একবার ঝুনু ওর মায়ের সেলাই মেশিনের বাক্স থেকে চুরি করে সুচে সুতো পরানোর ছোট্ট একটা যন্ত্র দিয়েছিল আমাকে। আমি বাগান পেরিয়ে বাড়ি আসতেই ওটা হাত থেকে পড়ে কোথায় যে হারাল, আর খুঁজে পেলাম না। পরদিন অনেক সংকোচে, অনেক দুঃখে ঝুনুকে বলতেই ও বলল, ‘শোন, রাতে ঘুমোবার আগে তোর বালিশে আঙুল দিয়ে তিনবার রাম রাম রাম লিখে তারপর ঘুমোবি। পরদিন সকালে উঠে দেখবি তোর বালিশের নিচে সেই হারানো জিনিসটা।’আমি মাকে লুকিয়ে নির্দ্বিধায় বালিশে তিনবার রাম নাম লিখে ঘুমোলাম। উত্তেজনায় ঘুমই আসতে চায় না। সকাল হতেই জানালায় ঝুনু। খুব নিচুস্বরে জিজ্ঞাসা—‘কিরে, লিখেছিলি?’আমি সঙ্গে সঙ্গে বালিশ উল্টিয়ে দেখি কিছুই নেই। বললাম, ‘হ্যাঁ, লিখেছিলাম তো।’‘সত্যি, বিদ্যা?’‘বিদ্যা।’ ঝুনু কেমন অবিশ্বাস নিয়ে ফিরে গেল। ও হয়তো ভেবেছিল, আমি মুসলমান হয়ে কখনোই রাম নাম লিখতে পারব না। যেদিন আপার পরীক্ষা শেষ হলো সেদিন বিশুদা এসেছিল দুপুরে। যুদ্ধের বছরে পরীক্ষা দেওয়া না-দেওয়া নিয়ে দোলাচলতা, অস্থিরতা, অচলাবস্থা, এতসবকিছুর পরও পরীক্ষার টানা ব্যস্ততা-শেষে একধরনের স্বস্তিতে খেয়েদেয়ে মা-বাবা দুপুরে বিশ্রাম নিচ্ছে। আমি যথারীতি সচকিত। দেখলাম প্রশ্নপত্র হাতে নিয়ে কোনো প্রশ্ন ছাড়াই বিশুদা আপার মুখের দিকে তাকিয়ে আছে। হাতে ধরা প্রশ্নপত্র থিরথির করে কাঁপছে। এই প্রথম আমি আপার গালে গোলাপ ফুটতে দেখলাম। এই প্রথম দেখলাম আপা বারবার কপালের ওপর থেকে চুল সরাচ্ছে, ওড়না ঠিকঠাক আছে, তবু টেনে টেনে আরও ঠিক করার চেষ্টা করছে। এই প্রথম বিশুদার সামনে থেকে আপা দৌড়ে পালিয়ে যেতে গিয়ে চৌকাঠে পা বেঁধে পড়তে পড়তে সামলে নিল। বিশুদা পেছন থেকে অস্ফুটে ‘আহ্’ করে উঠল। আহা রে! যেন নিজের পায়েই ব্যথা পেয়েছে। আমি দিব্যি দাঁড়িয়ে দেখলাম সব। আমাকে ওরা গ্রাহ্যই করল না। কয়েক মাসের পড়াশোনার চাপ চলে যাওয়াতে দেখলাম আপা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছিল না মুখে বালিশ চাপা দিয়ে বিশুদার কথা ভাবছিল কে জানে। সন্ধ্যাবেলার একটু আগে বাইরের বারান্দায় বসে তেঁতুলমাখা খাচ্ছিলাম আর সঙ্গে বিশুদার ঘটনাটা মাকে কীভাবে বলে দেওয়া যায় তার পরিকল্পনা করছিলাম। হঠাৎ আকাশটায় মুহূর্তে ডালিম ফুলের রং ছড়াল। গোধূলির রং সেদিনের দুপুরের আপার মুখের রঙের সঙ্গে কেমন মিলে যাচ্ছিল। বারে, আমার রং না-হয় একটু চাপা, তা বলে আমি কি দেখতে খারাপ? বরং সবাই বলে, আমার চোখ দুটো নাকি আপার চেয়ে সুন্দর। বিশুদা কখনো কেন আমার চোখের দিকে ওভাবে তাকিয়ে থাকে না? আরে! সাইকেল থামিয়ে বিশুদা এগিয়ে আসছে আমার দিকে। হাতে সাদা গন্ধরাজের গোছা। বিশুদাকে খুব সুন্দর দেখাচ্ছে। হাতের তেঁতুল ফেলে দিয়ে চেটে আঙুল পরিষ্কার করে উঠে দাঁড়াতেই বিশুদা আমার দিকে এগিয়ে দিল সুতো দিয়ে গোড়াবাঁধা সদ্যফোটা ফুলের গোছা। বিশুদাদের বাগানের ফুল। ফুলের মধ্যে কাগজে ইংরেজিতে কী যেন লেখা। ‘দিদিকে দিয়ো।’ বলে সাইকেল ঘুরিয়ে প্যাডেল দিতেই কাছেপিঠে কোথাও বোমার আওয়াজ শোনা গেল। তারপর পরপর দুটো গুলির শব্দ। মা আর আপা হা হা করে ছুটে এসে আমাকে প্রায় পাঁজাকোলা করে বাড়ির মধ্যে নিয়ে গেল। তখন চারদিকে নিস্তব্ধতার আলোছায়া। আমি মায়ের কোল থেকেই বাগানের বেড়ার ওপারে ফুলের গোছা ছুড়ে ফেলে দিলাম। ঝোপের মধ্যে কোথায় গিয়ে ওটা জায়গা আলো করে বসে রইল, আমরা কেউ জানতে পারলাম না। পরদিন সকাল। অন্য দিনের মতো নয় যেন। কেমন স্তব্ধতার মোড়কে চারদিক শুনশান। একদিন সকালে ঝুনু এসে আমাদের জানালায় দাঁড়ায়, একদিন আমি। আজ ঝুনুর পালা ছিল। ওর অপেক্ষায় থেকে স্যান্ডেলে পা গলিয়ে ওদের বাগান পার হলাম। ওদের গহর গোয়ালা নিত্যদিনের মতো গরুর গলায় হাত বুলিয়ে দিচ্ছিল। তবে ধারেকাছে ওদের কুকুর লালু নেই। রোজ সকালে লালু অকারণে বাগানের এ-মাথা খেকে ও-মাথা দৌড়ে এসে গহরের গা ঘেঁষে জিব বের করে হাঁপায়। দেখলাম ওদের লাল দালানের উঁচু জানালা বন্ধ। গহরকে জিজ্ঞেস করলাম, ‘গহর ভাই, ঝুনু ওঠেনি?’গহরের হাত গরুর গলায় আরও দ্রুত ঘুরছিল। অস্থিরতা। হাতের পোঁছায় চোখ মুছে ইশারায় বাড়ির মধ্যে যেতে বলল। খিড়কি দরজা পেরিয়ে ঠাকুর ঘর। লাল শানের তেলতেলে মেঝের ওপর তিনটে শুকনো কাঁঠালপাতা। রোজকার মতো মেজে রাখা ঝকঝকে কাঁসার বাসনগুলো নেই। ভেতরে গণেশ ঠাকুরের বেদিমূলে ফুলের কটা মরা পাপড়ি। দুটো নেতিয়ে পড়া গন্ধরাজ। বুকটা ধক করে উঠল। দরদালানের সব কটা দরজা বন্ধ। বারান্দায় তারে কাকিমার সরুপেড়ে সাদা শাড়ি বাতাসে উড়ে একখানে জড়ো হয়ে আছে। ঝুনুর পুরোনো ঘটিহাতা জলছাপ জামাটা চৌকির পায়ার কাছে পড়ে আছে। কাশীর পেয়ারাগাছের নিচে অনেক ঝরা মুকুল। লালু সিঁড়ির ওপর বিছানো দুই পায়ে মুখ রেখে একবার লেজ নাড়ল। রান্নাঘরের সামনে খোলা উনুনের মুখে পানি দিয়ে নিভানো কাঠকয়লা। টিউবওয়েলের নিচে কলস বসাতে বসাতে অনেক দিনে সৃষ্টি ছোট্ট মসৃণ গর্তটা শুকনো খটখটে। গহরের পেছনে পেছনে বিস্মিত চোখ নিয়ে আপা এসে ঢুকল। ‘কয়েক দিন থেকেই গোছগাছ চলছিল। গতকাল মাঝরাতে বাবুরা সবাই ইন্ডিয়া চলে গেছেন।’ গহর ঠাকুরঘরের বারান্দা থেকে শুকনো পাতা হাতে নিয়ে মচমচ করে ভাঙতে ভাঙতে বলল। ও-রকম পাতা ভাঙার শব্দ ঝুনুর জন্য আমার বুকের মধ্যেও শুনতে পেলাম। আমার কম কথা বলা ভালো ছাত্রী আপা চারদিকে চোখ ঘুরিয়ে দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল। ওর কান্না দেখে এতক্ষণ পর এই প্রথম বিশুদার চলে যাওয়াতে আমার গুমোট ভেতরটা ফুরফুরে হয়ে উঠল। আমার বয়স তখন আট। রাজলক্ষ্মীর হূদয়দানের বয়সের চেয়ে এক বছরের ছোট।