বৈচিত্র্যময় সুখপাঠ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যে বিকাশ ঘটে, তা যেমন একদল নতুন নিবেদিত রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীর জন্ম দিয়েছিল, তেমনই সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি জগতেও তৈরি করেছিল নবীন স্রষ্টা ও কর্মীর দল।শফিউল আলম সেই ষাটের দশকের প্রজন্ম। কক্সবাজার জেলার গণ্ডগ্রাম থেকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে যে তিনি বিচরণ করেছেন, তার পুুঁজি কিন্তু এসেছে প্রথম জীবনের সাহিত্য ও সংস্কৃতিচর্চার অভিজ্ঞতা থেকে। অন্য অনেকের মতোই গল্প-কবিতা দিয়ে চমৎকার একটি পত্রিকা পূর্বপত্র—আজকের দিনের ভাষায় লিটল ম্যাগ—প্রকাশ করেছিলেন। পরে কর্মজীবন তাঁকে ভাষা ও শিক্ষার গভীর বিচিত্র বিষয়ে টেনে নিয়েছে। শিক্ষকতা, শিক্ষাসংশ্লিষ্ট প্রশিক্ষণ ও প্রশাসনিক কাজ এবং গবেষণা, পাঠ্যবই রচনা, সম্পাদনাসহ এমন সব গুরুত্বপূর্ণ কাজে জড়িয়ে পড়লেন যে অকাজের সৃজনশীল সাহিত্য রচনায় আর সময় দেওয়া সম্ভব হয়নি।ষাটের দশকের প্রস্তুতি তাঁকে দিয়েছে সাহিত্যের বোধ ও রুচি এবং মানবতাবাদী সংস্কৃতিচেতনার সম্পদ। ফিরে দেখা শফিউল আলমের স্মৃতিচারণামূলক নিবন্ধের সংকলন। ২৩টি লেখার মধ্যে দুটির শিরোনামেই ষাটের চট্টগ্রামের প্রতি তাঁর ভালোবাসাময় স্মৃতিকাতরতার প্রকাশ ঘটায় ‘ষাটের দশক: প্রিয় চট্টগ্রাম কলেজ’ এবং ‘চট্টগ্রামের সংস্কৃতিচর্চা: ষাটের দশক’। এ ছাড়া অন্তত আরও ১০টি লেখায় ব্যক্তি কিংবা ঘটনাকে আশ্রয় করে ষাটের চট্টগ্রামের সংস্কৃতি জগৎ প্রাণবন্ত হয়ে ওঠে।অধ্যাপক শফিউল আলম সরকারি কলেজের শিক্ষক হিসেবে ঢাকায় কর্মজীবন শুরু করে কলেজ ও শিক্ষাসংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্ব নিয়ে কেবল ঢাকাবাসীই হয়ে পড়েননি, সাহিত্যামোদী থেকে শিক্ষা বিশেষজ্ঞও হয়ে উঠেছেন।ফিরে দেখায় আমরা দক্ষিণ চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত হই, এক সজাগ সপ্রাণ কিশোরের উন্মেষকালীন অভিজ্ঞতা শুনি। ষাটের দশকের চট্টগ্রাম কলেজের কয়েকজন উল্লেখযোগ্য শিক্ষকের প্রতিকৃতি দেখি, চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন উপেক্ষিত গবেষকের পরিচয় পাই এবং চট্টগ্রামের সারস্বত সমাজের দুই দিকপাল আবদুল করিম সাহিত্যবিশারদ ও কবিয়াল রমেশ শীলকে জানতে পারি। সেকালের দুটি উল্লেখযোগ্য পত্রিকা পাঞ্চজন্য ও মোসলেম জগৎ-এর সঙ্গে একালের পাঠকদের ভালোভাবে পরিচয় করিয়ে দিয়েছেন।সাম্প্রতিক কালের পরিচিত ও খ্যাতিমানদের মধ্যে আখতারুজ্জামান ইলিয়াস ও আবু ইসহাককে নিয়ে তাঁর স্মৃতিচারণা ও মূল্যায়ন দুজনকেই প্রাণবন্তভাবে তুলে আনে। তাঁর গভীর সযত্ন পর্যবেক্ষণ আখতারুজ্জামান ইলিয়াসের লেখালেখির অভ্যাস জানতে ভালো লাগে, ‘ইলিয়াস লিখতেন রুল করা ফুলস্কেপ কাগজে, অসাধারণ শিল্পিত হাতের লেখা, খুব ছোট ছোট অক্ষর, রয়েল ব্লু কালি তাঁর ছিল প্রিয়।’ (পৃ: ১৮)।গবেষকের মন ও সত্তাকেও তিনি ত্যাগ করেননি। অনেক লেখায় তিনি মূলত গবেষক।শফিউল আলমের গ্রাম হারবাংয়ের বিস্মৃত এক কবি শ্রীনূতনচন্দ্র দের (১৮৮২-১৯৫৮) লেখা যে গদ্য তিনি উদ্ধৃত করেছেন, সে সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘মার্জিত ও ভাবগম্ভীর গদ্যশৈলী আমাকে মুগ্ধ করে।’ সে গদ্যের নমুনা তুলে দেওয়া যাক, ‘শিক্ষিত মানব মরিয়াও অমর। যুগযুগান্তর তাহার কীর্তিরাশি সুবিমল চন্দ্রালোকের ন্যায় দিগিদগন্ত ব্যাপৃত হইয়া অতীতের গৌরব বর্ধন করিয়া থাকে।’এ রকমই চমৎকার দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন বিস্মৃতপ্রায় নারী চিন্তাবিদ খায়রুন্নেসা খাতুনের (মৃত্যু ১৯১৯) লেখা থেকে। তাঁর ‘আমাদের শিক্ষার অন্তরায়’ নিবন্ধ থেকে উদ্ধৃতি, ‘আমাদের শিক্ষালাভে বাধাবিঘ্ন কি, এবং কি উপায় অবলম্বন করিলেই বা সেইসকল বাধাবিঘ্ন দূরীভূত হইতে পারে। তৎসংকল্পে কেহ কি কখন চিন্তা করিয়াছেন? শিক্ষার মূলগত অসুবিধা ও বাধাবিঘ্ন দূর না করিয়া শতসহস্র বক্তৃতা ও শতশত প্রবন্ধ দ্বারাও কখনও এ শিক্ষার বিস্তৃতি হইবে না, তাহা কি আর বলিতে হইবে?’ (পৃ. ১০২)গবেষণা, স্মৃতিকথা, জীবনী, সাহিত্য-সমালোচনা, ব্যক্তিগত অভিজ্ঞতার বয়ান—এ রকম নানা দক্ষতায় বৈচিত্র্যময় আঙ্গিকে রচিত এক সুখপাঠ্য গ্রন্থ হয়ে উঠেছে অধ্যাপক শফিউল আলমের ফিরে দেখা।