বৈচিত্র্যের বহতা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংস্কৃতিক বৈচিত্র্য আর বিবিধ চিন্তার সম্মিলনে তৈরি হয় নতুন সৃষ্টির সম্ভাবনা। ভিন্ন সংস্কৃতির অভিমুখগুলোর নিবিড় পর্যবেক্ষণে জারিত হওয়ার এমনই এক সুযোগ তৈরি হয়েছে ঢাকায়। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রদর্শনী ‘চেঞ্জিং ইমেজেস’ সম্প্রতি শুরু হয়েছে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে। এতে অংশ নিয়েছেন ১৬ জন ভারতীয় শিল্পী। বাংলাদেশের সঙ্গে সংস্কৃতি বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা আর্ট সেন্টার।ভিনদেশি শিল্পীদের বিভিন্ন মাধ্যম, করণকৌশল আর ভাবনার আঙ্গিক-বিন্যাস এই প্রদর্শনীকে গতিময় করে তুলেছে। এই প্রদর্শনীর শিল্পকর্ম অবয়বধর্মী, অলংকরণসমৃদ্ধ, তীব্র কল্পনাশক্তিতে সৌকর্যময়, অন্তর্ভেদী দৃষ্টিসম্পন্ন, কখনো রিয়েলিজম, স্যুররিয়েলিজম, অ্যাবস্ট্রাক্ট বা ফ্যান্টাসিতে উপস্থাপিত হয়েছে। তাঁরা প্রত্যেকেই সাবজেক্টিভ অর্থাৎ আত্মমনোভাবী হয়ে কাজ করেছেন। তাঁদের শিল্পভাবনায় বস্তুবাদিতাও কখনো এসেছে। শিল্পীদের এই বস্তুবাদিতার সঙ্গে আত্মবাদিতার একত্র উপস্থাপন নানা সম্ভাবনাকে উসকে দেয়।এ প্রদর্শনীর আহ্বায়ক শিল্পী নিখিল রঞ্জন পাল ও অতনু বসু এ প্রদর্শনী উপলক্ষে ঢাকায় এসেছেন; শিল্পী নিখিল তাঁর নিজস্ব শিল্পকর্ম সম্পর্কে বলেন, ‘আমার কাজে কিছু কিছু অবজেক্ট দিয়ে সিম্বলিক সুডো-স্যুররিয়েলিজমের অস্তিত্বকে জাগিয়ে তোলা হয়েছে। দিবাস্বপ্নের একটা বহিঃপ্রকাশের মতো। আমি যেন জেগে জেগে স্বপ্ন দেখে কাজগুলো করেছি। তাই বাস্তব আর অতিবাস্তবের সংমিশ্রণ ঘটেছে। ফর্মগুলো বাস্তবের কিন্তু একটা মেটামরফসিসের মধ্য দিয়ে অন্য একটা জগতে পৌঁছে দিয়েছি। আমার পেইন্টিংয়ে বস্তুর নিছক বাহ্যিক রূপ নয়, বরং মনস্তাত্ত্বিক দিকটি বের করার চেষ্টা করি। সেখানে নানা ডিজাইন, পোশাকের এমনকি অবয়বের আলো-ছায়ার মধ্য দিয়ে তার মনের কী ভাব, তা প্রকাশের চেষ্টা করি, হয়তো কখনো মেলোড্রামা তৈরি হয়। আমি একে অনেক সময় ফ্যান্টো রিয়েলিজমও বলি।’শিল্পী অতনু বসু বলেন, তিনি একই ধরন বা রীতিতে ছবি আঁকায় বিশ্বাসী নন। কারণ, শিল্পীর মনোভূমি প্রতিনিয়ত নতুন নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছে। তাই একই বৈশিষ্ট্য ধারণ করাকে তিনি প্রয়োজনীয় বিষয় হিসেবে মেনে নিতে নারাজ। শিল্পী অতনুর এই প্রদর্শনীতে দুটি সিরিজের ছয়টি শিল্পকর্ম রয়েছে। সেগুলোর ভিন্ন করণকৌশল, আঙ্গিক-রীতি, মাধ্যম, বিষয়বস্তু; ‘আমি নির্দিষ্টভাবে কোনো ফর্ম এখানে আঁকিনি। তবে যে ফর্মটা দেখা যায়, তার কোনো অস্তিত্ব নেই। অথচ এটা কবিতার মতো; আবার স্যুররিয়েলিজম-ফ্যান্টাসিও বলা যায়।’ শিল্পী অনিন্দ্য পণ্ডিতের ‘সেলিব্রেটিং বার্থডে’ শীর্ষক চিত্রকর্মে আদিম এবং আধুনিকতার চড়াই-উতরাইয়ে অদ্ভুত এক সুডো-স্যুররিয়েলিজমের সংমিশ্রণ ঘটেছে। শিল্পী দেবাশীষ ভট্টাচার্যের ব্রোঞ্জের ভাস্কর্যে মানব মুখাকৃতিতে টোপার সংযোজন ভিন্ন আবহ তৈরি করেছে। শিল্পী দোলনচাপা গাঙ্গুলির নিত্যব্যবহার্য উপাদানকে বিষয় করে উপস্থাপন হাতপাখা, ব্যাগ, থলি, যাঁতি, খেলনা কুমির এমন নানা অনুষঙ্গকে কালি-কলমের সাবলীলতায় অত্যন্ত দক্ষ উপস্থাপনা প্রদর্শনীতে ভিন্ন মাত্রা তৈরি করেছে। শিল্পী পরাগ রায়ের কাজে মেটামরফসিস তীব্রভাবে এসেছে। মানুষের মধ্যে পশুর যে ভাব-অনুভব তা উপস্থাপনের চেষ্টা দেখা যায়। ‘দাদাগিরি’ শীর্ষক লিথোগ্রাফের এমনই সব প্রতীকধর্মিতা এই শিল্পীদের শিল্পকর্মে বারবার আসে। শিল্পী জয়ন্ত নস্কর সেরিগ্রাফ মাধ্যমের কৌশলগত সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নতুন ব্যঞ্জনা সৃষ্টিতে সক্ষম হয়েছেন। শিল্পী পলা সেনগুপ্তের শিল্পকর্ম ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি-১’ শীর্ষক শিল্পকর্মে ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ লক্ষ করা যায়। শিল্পী নিজের মানসিক অবস্থাকে অনেকটা নির্বস্তুক ধারায় প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রজত সেনের নির্বস্তুক ভাবনায় রং এবং রেখার বৈচিত্র্য, সন্দীপ চক্রবর্তীর ব্রোঞ্জের ভাস্কর্যে মুখাবয়বে ভিন্নধর্মী ড্রয়িং, সুরজিত চন্দ্রের নিসর্গ প্রদর্শনীর অন্যতম দৃষ্টিনন্দিত শিল্পকর্ম। শিল্পী সোহেনী ধর প্রকৃতির প্রশান্তির বাস্তবতাকে রূপকে উপস্থাপন করেছেন। ‘প্রকৃতি-৩’ শীর্ষক শিল্পকর্মের কম্পোজিশন, রং-রেখার সঙ্গে বিষয়বস্তুর গড়নশৈলী, উজ্জ্বল-অনুজ্জ্বলতা পরিশুদ্ধির স্বরূপ উন্মোচিত করে। শিল্পী শ্রেয়সী চ্যাটার্জি তাঁর শিল্পকর্মে রৈখিক পরিমার্জনায় বিভিন্ন অনুষঙ্গ একত্র করে নিজস্ব ভাবনার সরল প্রকাশ ঘটিয়েছেন। শিল্পী অদিত্য প্রসাদ মিত্রের ‘শিরোনামহীন’ শীর্ষক শিল্পকর্ম বাস্তবধর্মী নিম্নবর্গীয় পোড়খাওয়া মানুষের মুখাবয়ব এবং প্রতীকীভাবে পাখি, মুষ্টিবদ্ধ হাতের গাছ হয়ে বেড়ে ওঠা এবং সবুজাভ মুখ সম্ভাবনার দ্যুতি—সব মিলিয়ে অন্য জগতের ভাবনার বিস্তার ঘটায়। শিল্পী অদিপ দত্তের ব্রোঞ্জের ভাস্কর্য প্রতীকধর্মী। একজন মানুষের দাঁড়ানো ভঙ্গির একটি পা বালিশের ওপর রাখা, এখানে মানুষের অস্তিত্ব এবং অবস্থানের প্রতীকী উপস্থাপন।এই শিল্পীদের ভাবনার বলয় এবং প্রদর্শনীর শিরোনাম বাস্তব ও মনের নিরন্তর উপস্থাপন।প্রদর্শনী আজ ১৮ মে শেষ হচ্ছে।