বৈঠকি ঘরানায় অনন্য কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাবুলের ক্যারাভান সরাই—মঈনুস সুলতান \ প্রকাশক: প্রথমা \ প্রকাশকাল: জানুয়ারি ২০১২ \ প্রচ্ছদ: অশোক কর্মকার \ ১৮৪ পৃষ্ঠা \ মূল্য: ২৭৫ টাকাশিল্প-সাহিত্য বিচারে মুগ্ধতা যে কত ক্ষতিকারক তার ভূরি ভূরি নজির সত্ত্বেও কোনো রচনার পরতে পরতে ঝলসানো হিরকদ্যুতি যখন পাঠককে আপ্লুত, অভিভূত করে, তখন মুগ্ধতার অনুভূতিকে অপরিণামদর্শী ভাবার সংগত কোনো কারণ থাকে না। মঈনুস সুলতানের কাবুলের ক্যারাভান সরাই পড়তে শুরু করেই এমন অনুভূতির মুখোমুখি হওয়া, এমনকি ‘আক্রান্ত’ হওয়ার মতো অভিজ্ঞতাও পাঠকের হতে পারে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের, বিশেষত রাজধানী কাবুলের গলি-উপগলি, কেল্লা, মাজার, হাভেলি দিনের পর দিন চষে ফিরে লেখক পাঠকের সামনে যা তুলে ধরেছেন, তা যেমন গা শিউরানো, তেমনি তাঁর পর্যবেক্ষণের শক্তিমত্তার ও কৌতূহলোদ্দীপক পরিবেশনায় হূদয়গ্রাহী।বইটি তথাকথিত ভ্রমণকাহিনি নয়, বিস্তর ছোট-বড় ভ্রমণের উপাদান সত্ত্বেও গোটা বইয়ের পাতায় পাতায় লেখক যা জড়ো করেছেন, তা এক লক্ষ্যমুখী অটল অন্বেষণের ফসল। কিসের অন্বেষণ? প্রথমে সোভিয়েত আগ্রাসন, মাঝখানে তালেবানি নৃশংসতা ও স্বেচ্ছাচার এবং সবশেষে মার্কিন ধ্বংসযজ্ঞ—একের পর এক তাণ্ডবলীলায় ছিন্নবিচ্ছিন্ন আফগানদের দুর্বিষহতম বেঁচে থাকাকে পর্যবেক্ষণের পাশাপাশি তিনি খুঁজে ফিরেছেন গোটা আফগানিস্তানের আত্মাকে— অদম্য, বিস্ময়কর জীবনচর্চাকে। ভূমিকায় লেখক জানাচ্ছেন, আফগানিস্তান বিশেষ করে কাবুলের প্রতি তাঁর আকর্ষণ আবাল্য। ধারণা করি, সৈয়দ মুজতবা আলী তাঁর এমনতর আকর্ষণের অন্যতম কারণ (ধারণাটি ভুল হতে পারে)। আফগানিস্তানে পাড়ি জমানোর প্রথম সুযোগ তিনি পেয়েছেন ২০০৩ সালে। তারপর বারবার ফিরে গেছেন মূলত কাবুলে। ভিন্ন ভিন্ন যাত্রায় সপ্তার পর সপ্তা, মাসের পর মাস কাটিয়েছেন। ২০০৯ সালে কাটিয়েছেন পুরো একটি বছর। শুধু যদি যুদ্ধ-পরবর্তী ধ্বংসস্তূপ চাক্ষুষ করাই উদ্দেশ্য হতো, তাহলে এক-দুবারই যথেষ্ট ছিল। ক্যামেরাবন্দী ছবির পাহাড় নিয়ে ফিরে আসাই যথার্থ হতো। কিন্তু তিনি যুদ্ধের ক্ষতের পাশাপাশি খুঁজেছেন মানুষ, সারি সারি বিক্ষিপ্ত অগুনতি মানুষ—নারী-পুরুষ-শিশু, আর সেসব মানুষের বুকের ধুকপুক খাঁচায় আগলানো তাদের নিভৃত ব্যক্তিগত ও সমষ্টিগত আত্মা। মঈনুস সুলতানের এ বই পড়তে গিয়ে পাঠকের এমন ধারণা হতে বাধ্য যে যন্ত্রণা-নিপীড়নের কল্পনাতীত সীমায় পৌঁছেও মানুষ শেষ পর্যন্ত মানুষই রয়ে যায়। জীবজগতে লাখো কোটি বছর ধরে অর্জিত তার শ্রেষ্ঠত্বকে সে জলাঞ্জলি দিতে পারে না। সে ভুলে যেতে পারে না তার সংস্কারকে, তার আত্মগত ও পুরুষানুক্রমিক বোধবুদ্ধিকে। তার অভ্যাস ও চর্চার ক্ষেত্র থেকে সে বিচ্যুত হতে পারে না। স্মৃতিভ্রষ্ট হওয়া তার সাজে না। এমনই একবগ্গা, নাছোড়। মার্কিন বোমা হামলায় ঘরবাড়ি হারিয়ে আগুনে ঝলসানো পায়ের অসহনীয় জ্বালাপোড়া দমাতে সফেদ বৃদ্ধ মরুভূমিতে জীর্ণ চাদোয়ার নিচে তপ্ত বালুতে গর্ত খুঁড়ে পা দুটি ঢুকিয়ে বসে থেকেও অনতিদূরে কবরস্থানের গাছপালা ও প্রজাপতি নিয়ে কথা বলেন। একজন নিবেদিতপ্রাণ নৃত্যশিক্ষককে নাচ শেখানোর মতো গর্হিত, নাজায়েজ কাজের উপযুক্ত সাজা দিতে তালেবানরা যখন তাঁর একটা পা কেটে নেয়, পেশা হিসেবে একপেয়ে মানুষটি বেছে নেন জুতা বিক্রি। তাঁর কাঁচা ইটের দোকানের দেয়ালে ঝুলছে নানা মাপের জোড়হীন মাত্র একটি করে জুতা। ল্যান্ডমাইনে, বোমায়, মর্টারশেলে পা খোয়ানো অসংখ্য আফগান দু-দুটো পা কোথায় পাবে যে পুরো একজোড়া জুতা কিনবে! কাব্যচর্চার মতো অপ্রয়োজনীয় ও দণ্ডনীয় কর্মকাণ্ডকে লোকচক্ষুর আড়ালে রাখতে তালেবানি আমলে বৃদ্ধ এক শায়ের কার্পেটের দোকান খুলে ভান করতেন, কার্পেট বিক্রিই তাঁর রুটিরুজির উৎস। আদতে দোকানে বিক্রিবাট্টা হতো না, সেদিকে শায়েরের মোটেও নজর ছিল না। মূল কারণ আর কিছু নয়, শায়েরের দোকানে যাঁরাই আসতেন, তাঁরা সবাই শায়ের, দোকানের পেছনে গুপ্ত কামরায় ততোধিক গোপনে তাঁরা কবিতার মাহফিল বসাতেন। দোকানে মহিলা কবিরাও আসতেন। কার্পেট বোনার নাম করে তাঁরা ইশতেহারধর্মী কবিতা লিখতেন এবং কার্বন কপি করে সুযোগমতো বিতরণের ব্যবস্থা করতেন। শায়েররা লুকিয়েচুরিয়ে কাব্যচর্চা করে গেলেও বিখ্যাত চিত্রশিল্পী মোহাম্মদ ফারহাদ তালেবানি নিগ্রহে স্তব্ধ, প্রায় বাকহারা। তাঁর শ্রেষ্ঠ ছবিগুলোকে তাঁরা মহাউল্লাসে ধ্বংস করেছে, নয়তো বিচিত্র স্যাডিস্ট প্রেরণায় আলকাতরা-মণ্ডিত করেছেন। নিজের ছবির বীভৎস চেহারার সামনে দাঁড়িয়ে বৃদ্ধ শিল্পীর মুখে অস্ফুট যে কথাগুলো ফোটে তা এই, জীবন তো বর্ণই এবং বর্ণ মূলত বিপজ্জনক, মারাত্মক বিপজ্জনক।মঈনুস সুলতানের এ বই পড়তে গিয়ে নানা দিক থেকে সৈয়দ মুজতবা আলীর নীরব ও সরব উঁকিঝুঁকি পাঠক টের পাবেন। আরবি, ফার্সি, উর্দু ও সিলেটের খাস আঞ্চলিক শব্দাবলির দেদার ব্যবহার কারও কারও কাছে খটোমটো লাগতে পারে। ছাপার অক্ষরে সিলেটের আঞ্চলিক শব্দগুলো খোদ সিলেটিদেরও চমকে দিতে পারে। কিছু উদাহরণ: খেশকুটুম, ধুন্দুরমুন্দুর, হোদার খামোখা, তাইশবিস, চাউমাউ, দুছুমুছু ইত্যাদি।মঈনুস সুলতানের বর্ণনারীতির অন্যতম হাতিয়ার তাঁর পরিমিতি বোধ ও বাকসংযম। হাড়কাঁপানো ঘটনার বর্ণনা তিনি দেন স্কেচধর্মিতায়। বক্তব্যকে রুদ্ধ করে গূঢ় ব্যঞ্জনার ব্যাপ্তি ছড়াতে তাঁর সিদ্ধি অনায়াস। সেই সঙ্গে যা উল্লেখ না করলেই নয়, তা তাঁর দুর্ধর্ষ উপমা প্রয়োগ। পাহাড়ের ঢাল বেয়ে শুঁড় (কামানের নল) উঁচিয়ে আগুয়ান ট্যাংকবহরকে অনেক দূর থেকে দেখে তাঁর মনে হয়, বেওয়ারিশ রুটির দিকে ধাবমান তেলচোট্টার (তেলাপোকা) দল। আমাদের প্রায় দিশেহারা লেখালেখির অঙ্গনে মঈনুস সুলতানকে স্বাগতম।