বৈপরীত্যের সহাবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অপেক্ষারত মা’, ভাষ্কর: হামিদুজ্জামান খান
‘অপেক্ষারত মা’, ভাষ্কর: হামিদুজ্জামান খান

কঠিন-কোমল, দিন-রাত্রি, ভালো-মন্দ, সাদা-কালো, পাপ-পুণ্য, আলো-আঁধার, সত্য-মিথ্যা, ধনী-গরীব, সুখ-দুঃখ প্রভৃতি বিপরীতমুখী বিষয়ের দ্বান্দ্বিকতা ও সহাবস্থান নিয়েই পুরো পৃথিবীর হিসাবনিকাশ। সাদা পাথর, কালো পাথর, তামা, ইস্পাতের সহযোগে সাজানো ভাস্কর্যেও এই দ্বান্দ্বিকতার ঐক্য ও সহাবস্থান দেখিয়েছেন বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের অন্যতম অগ্রপথিক হামিদুজ্জামান খান। ‘জীবন অন্বেষণ’ শিরোনামে তাঁর উন্মুক্ত ভাস্কর্য প্রদর্শনীটি নানা কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত।
প্রথাগত গ্যালারি নয়, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সবুজ ঘাসযুক্ত প্রাঙ্গণ ও আধুনিক ভবনের প্রবেশদ্বারের উন্মুক্ত অংশে পাথর-ইস্পাতের স্থাপনাধর্মী ভাস্কর্য ও চিত্রকলা ক্যাম্পাসজুড়ে এমন আবহ তৈরি করেছে, বোঝার উপায় নেই এটি প্রদর্শনী নাকি ভবন ও প্রাঙ্গণের শৈল্পিক স্থায়ী রূপ।
ইট, কাঠ, ইস্পাত দিয়ে স্থপতিদের আধুনিক সুদৃশ্য ইনস্টিটিউট যেন হামিদুজ্জামানের উন্মুক্ত ভাস্কর্য প্রদর্শনীর জন্যই মানানসই কিংবা একে একটি আধুনিক গ্যালারির অবকাঠামো হিসেবে চিহ্নিত করাই যেন শ্রেয়—প্রদর্শনীটি এমনভাবেই সাজানো হয়েছে। এই চত্বরের পেছনের পতিত জমিতে সবজিখেত, অন্য পাশে সুউচ্চ ভবন এবং সামনের দিকে বস্তি। পরিবেশগত বৈপরীত্যের আবহে হামিদুজ্জামানের শ্বেত পাথর (হোয়াইট মার্বেল) ও কালো প্রস্তরের (ব্ল্যাক গ্রানাইট) মাধ্যমে করা ভাস্কর্য কিংবা সবুজ ঘাসের ওপর ইস্পাতের পাতলা পাতে, তামায় (ব্রোঞ্জ) করা ধাতব ভাস্কর্য কোমল-কাঠিন্যের বৈপরীত্য ও মেলবন্ধনের সঙ্গে তুলনা করা যায়।
শিবলিঙ্গ যেমন প্রতীকায়িত ও সরল গড়নের, যেমন সরল গড়ন বাংলার লোকজ টেপা পুতুলের, তেমনি সরল ও অল্পমিতির (মিনিমাল) গড়নে তৈরি এসব ভাস্কর্য। পাশ্চাত্যের আধুনিক ভাস্কর্যের জ্যামিতিক গড়ন ও পাশ্চাত্যের ছন্দময় রেখার মেলবন্ধন এসব ভাস্কর্যের বৈশিষ্ট্য। পাথর এখানে কোমল ও ভারমুক্ত। বিষয় হিসেবে এখানে এসেছে বিশ্ব, প্রকৃতিপ্রেম, দিন-রাত্রি, আত্মসমর্পণ, মাতৃভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সংগীত, বুদ্ধ দর্শন, অহিংসবাদ, আত্মপ্রতিকৃতি প্রভৃতি। অন্যদিকে ফুলকুচি (মাছ ধরার যন্ত্র), পাখি, একতারা, বীজ, মানুষের অবয়বের মতো চিরপরিচিত আদলের সঙ্গে প্রকৃতির রূপ-রস-গন্ধের নানা অরূপের আদলও মূর্ত করেছেন ভাস্কর। পরিচিত রূপের গড়ন এবং প্রকৃতির অরূপ গড়ন এমনভাবে সৃষ্টি করেছেন, যা দুর্বোধ্য না হয়ে হয়েছে অধিবাস্তব ও অন্তস্পর্শী। ‘অপেক্ষারত মা’—ইস্পাতের পাতলা পাতে করা এই ভাস্কর্যটির মাধ্যমে এবার উদহরণ দেওয়া যাক, এ কাজে মূর্ত হয়েছে এ দেশের মুক্তিযোদ্ধা মায়ের অপেক্ষা ও আকুতির ভঙ্গি। পক্ষান্তরে ‘আমার মাতৃভাষা’ ভাস্কর্যটিতে বাংলা বর্ণযুক্ত বাক্যমালা উল্টে দিয়ে বাংলা ক্যালিগ্রাফির আন্তগাঠনিক নান্দনিকতা তুলে ধরেছেন ভাস্কর। দুটি কাজের মধ্যে একদিকে বিদ্যমান সারল্য, অন্য পাশে দেখা যায় বৈপরীত্য।
‘স্বর্গের দরজা’ (গেট অব হ্যাভেন) ভাস্কর্যটির প্রসঙ্গ এখানে না বললেই নয়। সৃষ্টির সেরা মানুষ যখন অহং-বর্জিত হয়ে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে তখনই খুলে যায় স্বর্গের দরজা—ভাস্কর্যটি যেন এই বার্তাবহ। নারী ও পুরুষের মুখের আদল পাওয়া যায় আলোচ্য কাজে।
প্রদর্শনী প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসার সময় চোখে পড়ে আরেকটি ভাস্কর্য—‘দিন এবং রাত্রি’। জ্যামিতিক ফর্মে সাদা-কালো মার্বেলের এই ভাস্কর্য প্রবেশ দরজার কাছে এমনভাবে সেঁটে ছিল যে যতক্ষণ না ভাস্কর আলাদাভাবে দেখিয়ে দিয়েছেন, ততক্ষণ একে ভাস্কর্য মনেই হয়নি।
হামিদুজ্জামানের ভাস্কর্যের মধ্যে সরলতা লক্ষণীয়, একইভাবে প্রতিটি ভাস্কর্যের নামকরণেও দেখা যায় এই সারল্য। আবার ভাস্কর্যের প্রাকৃতিক রং ব্যবহারেও সচেতন এ ভাস্কর। ইস্পাতপাতে মরিচা ধরিয়ে সেই মরিচা ধরানো রংকে স্থায়ী করে রেখেছেন তিনি। পাথরের রঙের সঙ্গে মিলিয়ে যুক্ত করেছেন মেটালের দণ্ড শলাকা। এভাবে হামিদুজ্জামান কঠিন পাষাণের অন্তরাত্মার তুলেছেন কোমল সুরধ্বনি। অল্পমিতির শুদ্ধতায় তাঁর কাজগুলো যেন-বা সৃষ্টি ও স্বরূপ সন্ধানের বিনম্র প্রার্থনার প্রতিরূপ। প্রকৃতির উপাদান পাথর ও ধাতব উপাদান ব্যবহারে তিনি যে শ্রমসাধ্য শিল্পরস সৃষ্টি করেছেন, তা-ও তো কাঠিনেরই কোমল রূপ।
গত বছরের ৮ ডিসেম্বর শুরু হয়ে প্রদর্শনীটি শেষ হয়েছে ৭ জানুয়ারি ২০১৭।