
চিত্রকলা নিয়ে মানুষের মনে নানা সংশয়। অনেকের ধারণা, চিত্রকলার বিশেষ কোনো ব্যবহারিক মূল্য নেই। লেওনার্দো দা ভিঞ্চির ‘মোনালিসা’র দিকে তাকিয়ে আমরা কী-ই বা পেয়ে থাকি। আমাদের মনে ওই দেখা কি বিশেষ কোনো পরিবর্তন আনে? মানুষ হিসেবে কি আমরা আরও উন্নত হই? প্রশ্নগুলো নতুন করে আবার মনে উঁকি দিল এ বছরের মার্চে সিডনিতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথিতযশা ১০ জন শিল্পীর ছবির প্রদর্শনীতে গিয়ে। ‘জন্মভূমির গান’ নামে সে প্রদর্শনীর প্রতি কেবল সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নের স্থানীয়রাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি, দিয়েছিল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল টাঙ্গাইলের ‘আনন্দপথ’ নামের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বেঙ্গল ফাউন্ডেশন, প্রথম আলোসহ অন্যান্য মিডিয়া এবং অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ।

চিত্রকলার মূল্য কোথায়, তা নিয়ে যে সংশয়ের কথা একটু আগে উল্লেখ করেছি, সেটি বহু পুরোনো সমস্যা। গ্রিক দার্শনিক প্লেটো চিত্রকলাকে নিকৃষ্টতম এক মাধ্যম হিসেবে দেখেছিলেন এবং সতর্ক করে দিয়েছিলেন যে এর প্রভাবে মানুষ ভালোর চেয়ে বরং খারাপ হয়। তাঁর এ অবস্থান না হয় বোঝা গেল। কারণ, চিত্রকলা তাঁর মতে সত্য প্রকাশ করে না এবং এর সঙ্গে বিজ্ঞান বা প্রজ্ঞার কোনো সম্পর্ক নেই। তবে মহাবিপদটি দেখা দেয় তখন, যখন চিত্রকলা বিষয়ে ইদানীংকালের পণ্ডিত ব্যক্তিরাই বিপরীতমুখী মত প্রকাশ করে আমাদের মনে সংশয়ের জন্ম দেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক জন কেরি তাঁর গবেষণাগ্রন্থ হোয়াট গুড দ্য আর্টস আর-এ (২০০৫) চিত্রকলাকে নাকচ করে দিয়ে বরং লিখিত শিল্প যেমন সাহিত্যের প্রতি ঝোঁকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে অ্যালেন দ্য বটনের লেখা আর্ট অ্যাজ থেরাপিতে (২০১৪) চিত্রকলার মহৎ উদ্দেশ্যের প্রতি ইঙ্গিত রয়েছে। তাঁর মতে, আর্ট নিয়ে যা কিছু সংশয়, তার জন্ম আধুনিক কালে। আধুনিক কালে মানুষ নিজের পছন্দ সম্পর্কে সচেতন হয়েছে। ছবির মূল্যায়নে ব্যক্তি অভিজ্ঞতা প্রাধান্য পাওয়ায় অন্যরা কে কী ভাবল, তার প্রতি ভ্রুকুটি করা সহজ।
তবে বাংলাদেশ থেকে আসা চিত্রকর্মগুলোতে আধুনিক ও আধুনিক নয়—এই দুইয়ের পার্থক্যটি বিশেষভাবে প্রস্ফুটিত হয়েছে বলে মনে হয়। যেসব ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে, তার মধ্যে ব্যক্তিস্বাতন্ত্র্যের পাশাপাশি লক্ষ করা গেল গোষ্ঠী পরিচয়েরও উচ্চারিত উপস্থিতি। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের ছবিগুলোতে বাস্তববাদের যে প্রাধান্য, তা থেকে বাংলাদেিশ চিত্রকলা কতটুকু এগিয়েছে, তা মোহাম্মদ ইকবালের আঁকা দুটি চিত্র না দেখলে উপলব্ধি করা যায় না। ‘জয়ফুল অ্যাসেম্বল’ ও ‘ডিসট্যান্ট স্কাই’েত আছে ওই ব্যক্তিস্বাতন্ত্র্যের স্বাক্ষর। মনোজগতে অন্তর্নিহিত গোপন ভুবনকে উদ্ধার করার শৈল্পিক মনোনিবেশ থেকে আধুনিক জীবনের যে উপস্থিতি আজকের বাংলােদশের সমাজে অঙ্কুরিত হচ্ছে, তার প্রমাণ এখানে মেলে।

প্রদর্শনীতে রয়েছে প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলামের ‘নেচারস ডায়ালগ’ ও ‘দ্য টাইম অব দ্য বার্থ’, ফরিদা জামানের ‘সুফি উইথ বার্ড’ ও ‘সুফি অ্যান্ড ফিশিং নেট’ এবং রোকেয়া সুলতানার ‘আর্থ, ওয়াটার অ্যান্ড এয়ার’ ও ‘ম্যাডোনা’ শিরোনামের ছবিগুলো। ফরাসি ইম্প্রেশনিস্টরা মানুষের মনের প্রতিক্রিয়া তুলে ধরতে যেসব শিল্পকৌশল ব্যবহার করেছিলেন কিংবা প্রথম মহাযুদ্ধের পর ইউরোপীয় সমাজের মানবিক সংকট তুলে ধরতে যে রকম মারসেল দুশাঁ ডাডাবাদ বা আঁদ্রে ব্রেতোঁ ও মাক্স আর্নস্ট সুররিয়ালিজমের মতো দুর্বোধ্য সব পদ্ধতি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন, এসব শিল্পকর্মে তার অনুসৃতি লক্ষ করা যাবে। আর এখানেই রয়ে গেছে চিত্রশিল্পের উপযোগিতা। ব্যবহারিক জীবনে মানুষ যতই বলুক না কেন ‘ভালো আছি’, ‘সুখে আছি’—তার মনোজগতের অন্তরালে দুঃখ বা বেদনা রয়ে যায়, যা মানুষ দিবালোকে প্রকাশ করতে দ্বিধান্বিত থাকে। আর তা থেকে উপশমের প্রধান হাতিয়ার হতে পারে চিত্রশিল্প।
কাইয়ুম চৌধুরীর ‘সিম্ফনি-১’ ও ‘সিম্ফনি-২’-এ বা তাহেরা খানমের কাজে বাস্তবতা ও বিমূর্ত ঢঙের যে মিশ্র রূপ আমরা দেখি, তাতে ওই ইতিবাচক দৃষ্টিভঙ্গির পক্ষে যুক্তি দাঁড় করানো সহজ হয়। রফিকুন নবীর ‘অ্যাট নুন ইন দ্য ফিল্ড’ ও ‘বার্ডস’ সে তুলনায় বাস্তবধর্মী। সেখানে মেলে সাধারণ মানুষের জীবনের সরল দিক বা প্রাণীজগতের নির্মল ও নিষ্কলুষ আনন্দময় ভুবনের প্রতিচ্ছবি। আবদুশ শাকুর শাহের ‘টু ফেসেস’ ও ‘হি অ্যান্ড শি’ অনেকটা পিকাসোর ঢঙে আঁকা। পিকাসোর ‘ক্রন্দনরতা নারী’কে দেখে আমরা যেমন নানা অনুভূতির আবেগে দুলি, তেমনি শাকুর শাহের এ দুটি কাজে মানবমনের গভীর ভুবনের ছোঁয়া মেলে।
সবশেষে রয়েছে কনকচাঁপা চাকমার ‘আ গোল্ডেন ডে-১’ ও ‘আ গোল্ডেন ডে-২’—সংখ্যালঘু জীবনের সরল অথচ বিপুল সম্ভারে ভরপুর দুই নারীর প্রতিকৃতি। বাস্তবতার ছোঁয়ায় আঁকা ওই উপেক্ষিত জীবনের আনন্দঘন মুহূর্ত ও আত্মস্বীকৃতির আকাঙ্ক্ষা যে সেখানে প্রতিফলিত হয়নি, তা বলা যাবে না।
বাংলাদেশের শিল্পীদের মনোজগৎ যে আধুনিক ও আধুনিক নয় এমন জীবনের যৌথ প্রভাবে গড়ে উঠছে, তা বোঝা যায়। বাংলাদেশের এই নয়জন শিল্পী এখানে এলেন এমন এক সময়ে, যখন আধুনিক সিডনি শহরে অগ্রহায়ণের আগমন ঘটছে। আবার আধুনিক হতে এখনো অনেকটা পথ পাড়ি দেওয়ার অপেক্ষায় বাঙালি জীবনে বৈশাখের আগমনধ্বনি শুনতে পাচ্ছি। দুই বিপরীত ঋতুর মিলন যেন দুই সভ্যতার মিলনের মধ্য দিয়ে সেদিন এক হয়ে গিয়েছিল৷