বৈশাখে বাঘের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঘের দেশে বৈশাখ’, শিল্পী: নাজির হোসেন
‘বাঘের দেশে বৈশাখ’, শিল্পী: নাজির হোসেন

‘সবুজ পাখির মিষ্টি সুরে প্রাণ জুড়িয়ে যায়, বাউল ফকির মাঝিমাল্লা বৈশাখী গান গায়।’ নাজির হোসেন এমন সব পটের গানের শ্লোক লিখে দিয়ে স্ক্রল তৈরি করছেন আটটি। তাঁর এবারের প্রদর্শনীতে মোট ৫৮টি পটচিত্রের আদলে পেইন্টিং রাখা হয়েছে। এ শিল্পীর প্রাতিষ্ঠানিক শিল্পবিদ্যা নেই।
এ প্রদর্শনীর সব কটি কাজের শিরোনাম এক—‘বাঘের দেশে বৈশাখ’। আবহমান বাংলার সর্বজনীন উৎসব পয়লা বৈশাখকে উপলক্ষ করে এ আয়োজনটি হলেও নাজির হোসেনের পুরোনো কাজের ধারাবাহিকতা এখানে লক্ষনণীয় । নাজিরের কাজে লোককলার সরলতাই প্রধান। প্রতিটি ক্যানভাসেই তিনি হাজির করেছেন বাঘ—ব্যঘ্র দৃষ্টি বস্ফািরিত ও হতবাক করা বাঘের উপস্থিতিকে ক্যানভাসে যেন অনিবার্য মনে করেন শিল্পী। তাই লাল, কালো, হালকা নীল জমিনের গায়ে গল্প বলার ঢঙে নির্মাণ করেছেন ছবির চরিত্রকে।
উজ্জ্বল গাঢ় রঙের জমিনের সঙ্গে মানানসই রঙে রেখা ও বিন্দুর সমন্বয়ে গড়ে উঠেছে তাঁর ছবি। একটি ছবিতে দেখা যায়, বাঘের পিঠে চড়ে মাঠের দিকে যাচ্ছে কিষান-কিষানি। কিষানের কাঁধে লাঙল কিষানির হাতে একটি পাখি। আবার বাঘের লেজে পাখি যুক্ত হয়েছে উড়ন্তভাবে। বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি হয়েছে ছবির বিষয়। এখানে লোকশিল্পের মূল চিন্তা ও করণপদ্ধতির সঙ্গে নাজির নিজের কল্পনা যোগ করেছেন।
বন-বনানী ঘেরা এই বাংলায় বাঘের অবাধ বিচরণের অধিকার হরণ করেছে মানুষ। অভয়ারণ্য থেকে বাঘ উঠে এসেছে লোকালয়ে। নাজিরের ছবিতে প্রিয় এই প্রাণীটির প্রতি মমতা দেখা যায়। ঘুরেফিরে বারবার এসে সামনে দাঁড়ায় বাঘ। তাঁর কাজে পটচিত্রের পরিশীলিত রূপ হয়তো পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় গল্প। ফলে ছবির গল্পের সঙ্গে দর্শকদের বোঝাপড়া হয়ে যায় সহজেই।
এবার আরেকটি ছবির কথা বলি: পুরো জমিনে সাদা সুতোয় নকশা করা। ক্যানভাসজুড়ে কালো ডোরা কাটা হলুদ বাঘের পাশে একতারা হাতে এগিয়ে যাচ্ছে মানব ও মানবী। এখানে যেন শিল্পী বলতে চেয়েছেন বিজয়ের কথা ।
কখনো নাজিরের ক্যানভাসে দেখা যায় লাল রঙের প্রাধান্য। বিপরীত রঙের ব্যবহারে লোকশিল্পের গাজীরপট যেভাবে আতঙ্কিত হতো, সেভাবে নাজির তাঁর ক্যানভাস গড়েছেন। পাঠক, ক্যানভাসগুলোর নানা রকম আকৃতির মধ্যে আটটি স্ক্রল পেইন্টিং সবার দৃষ্টি কেড়েছে। স্ক্রলের উপরিভাগে লেখা ‘পটের গান, বৈশাখ, স্বপ্নপুরী, পটুয়া নাজির হোসেন।’ স্ক্রলের গায়ে ছবির একটি অংশ শেষ করে তারপর লিখেছেন শ্লোক—‘বৈশাখ এলোরে বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলোরে, জলপরী জলে নাইচা গান শোনায় রে...’ এমন পটের সঙ্গে গল্পকথন রীতিতে শিল্প সৃষ্টি করেন নাজির। এরপর বাঘ আর লোককলার করণকৌশল এক হয়ে বলতে শুরু করে অন্য এক গল্প। ১১ এপ্রিল গ্যালারী চিত্রকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে ২০ এপ্রিল।