কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই দিনের বেলায় আলো দেয় বোতলবাতি। অত্যন্ত সরল প্রযুক্তির এই বাতি নিয়ে কাজ করছে চেঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের আলো ছড়ানোর এই প্রচেষ্টা নিয়েই এবারের মূল রচনা
বোতলবাতির তেলেসমাতি!
‘যে জন দিবসে মনের হরষেজ্বালায় মোমের বাতিআশু গৃহে তার দেখিবে না আরনিশীথে প্রদীপ ভাতি।’মিরপুরের বাউনিয়া বাঁধসংলগ্ন যে সারি সারি টিনের ঘর, সে ঘরের বাসিন্দাদের বেলায় বোধ হয় এই পঙিক্ত খাটে না। ভরদুপুরেও ঘরগুলোয় বাতি জ্বলে ঠিক; কিন্তু সে বাতি আর যা-ই হোক, ‘হরষে’ জ্বালানো নয়। বাইরে ঝলমলে আলো। অথচ ঘরের ভেতর গাঢ় অন্ধকার। জানালা নেই। দরজা খোলা রাখলে যেটুকু আলো আসে, তাও ‘সান্ত্বনা পুরস্কার’-এর মতো। তীব্র গরম। মাথার ওপর ফ্যান অযথাই ঘুরে ঘুরে ক্লান্ত হয়। তার ওপর যদি ঘরের কোনায় জ্বলে থাকে ৬০ ওয়াটের বাল্ব, গরম তো মাত্রা ছাড়াবেই।বাউনিয়া বাঁধ এলাকার স্কুলপড়ুয়া নয়নদের ঘরের কথা অবশ্য আলাদা। ওদের ঘরেও দিনের বেলা বাতি জ্বলে, তবে এ বাতির নেই কোনো বৈদ্যুতিক সংযোগ। রাতের বেলায় যদি দেখেন, বলবেন, ‘বাতি কোথায়? এ তো পানিভর্তি বোতল!’ দিনের আলোয় দেখতে পাবেন এই ‘পানিভর্তি বোতল’-এর তেলেসমাতি! সূর্যের আলো চুরি করে বোতলবাতি আলো ছড়িয়ে দেয় নয়নদের ঘরে। নয়নেরা ছাড়াও বাউনিয়া বাঁধের প্রায় ৬০টি ঘরে বোতলবাতি লাগানো আছে। আপাতত আরও ১৯০টি ঘরে লাগানোর কাজ চলছে। এ ছাড়া ঢাকা শহর ঘুরে প্রায় দেড় শ ঘরে বোতলবাতির দেখা পাবেন। দিনের বেলায় যেসব ঘরে আলোর স্বল্পতা, সেসব ঘরে আলো ছড়ায় বোতলবাতি। নয়নের মা পারভীন বলেন, ‘আগে ঘরের ভিতর দিন না রাইত বোঝা যাইত না। সারা দিনই লাইট জ্বালায় রাখতে হইত। এহন আর সেই সমস্যা নাই।’শুরুর কথা২০১২ সালের জানুয়ারি মাস। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের ছাত্র সাজিদ ইকবালের ফেসবুক পেজে বন্ধু মেহরীন ফিলিপাইনে বোতলবাতির ব্যবহারের ওপর নির্মিত একটি তথ্যচিত্র পোস্ট করলেন। সেটি দেখে সাজিদের মাথায় ঘুরপাক খেতে লাগল প্রশ্ন—বোতলবাতি কি সত্যিই কাজ করে, কীভাবে এটি তৈরি করা যায়?সাজিদ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ফেন্সিং খেলেন। সেখানেই পরিচয় স্টেডিয়ামের ইলেকট্রিশিয়ান মামুনের সঙ্গে। সাজিদ মামুনকে ধরলেন, কোনো একটা বাড়িতে বোতলবাতি লাগানোর কাজে সাহায্য করার জন্য। মামুন খুব একটা সাহস পেলেন না। তাঁর বক্তব্যও যথেষ্ট যুক্তিসংগত, ‘মানুষের বাড়ির ছাদ ফুটা করে বোতল লাগাব। পরে কাজ না করলে মাইর দিবে!’ তবু সাহস করে সাজিদ আর মামুন গেলেন মিরপুর মুসলিম ক্যাম্পে। সেখানে একটি ঘরের বাসিন্দাকে রাজি করানো হলো। শুরু হলো বোতলবাতি লাগানোর কাজ। কাজ শেষ হতে হতে ততক্ষণে সন্ধ্যা, বোতলবাতি আদৌ কাজ করবে কি না, জানা হলো না। পরদিন সকাল সকাল সাজিদ আর মামুন ছুটলেন মুসলিম ক্যাম্পের সেই বাড়িতে। দেখলেন, চমৎকার আলো দিচ্ছে তাঁদের বোতলবাতি! বাড়ির বাসিন্দারাও খুব খুশি। সাহস পেয়ে সাজিদ আর মামুন আরও ছয়টি বাড়িতে বোতলবাতি লাগালেন। সবাই যে খুশি হলেন, তা নয়। একজন তো খুলেই ফেললেন। তাঁর দাবি, তাঁরা এমনিতেই দরিদ্র, ঘরে বোতলবাতি লাগালে নিজেদের আরও দরিদ্র মনে হয়। সাজিদ বুঝলেন, শুধু বোতলবাতি লাগালেই হবে না। সামাজিকভাবে এর গ্রহণযোগ্যতা তৈরির জন্যও কাজ করতে হবে। লিটার অব লাইটবোতলবাতির পরিকল্পনা মাথায় নিয়ে সাজিদ অংশ নিলেন সাউথ এশিয়ান ইয়ুথ লিডারস সামিট-২০১২ তে। সেখানে সামাজিক ব্যবসা হিসেবে বাংলাদেশে বোতলবাতি ব্যবহারের পরিকল্পনা প্রথম রানারআপ নির্বাচিত হয়। প্রাইজমানি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে সাজিদ বোতলবাতি নিয়ে গবেষণা চালিয়ে যেতে থাকেন। এরই মধ্যে দেশি-বিদেশি বিভিন্ন মাধ্যমে সাজিদের প্রচেষ্টার খবর প্রচারিত হয়।‘সব জায়গা থেকে ভালোই সাড়া পাচ্ছিলাম। কিন্তু আসল কাজ হচ্ছিল না। আমরা দুই লিটারের পানির বোতল ব্যবহার করতাম। দুই লিটার পানি ধরে রাখার মতো ভালো মানের আঠা পাচ্ছিলাম না। মাঝেমধ্যেই অভিযোগ আসছিল, বোতলবাতির জন্য বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। তা ছাড়া খরচেরও তো একটা ব্যাপার আছে। সব মিলিয়ে মনে হচ্ছিল, আর বোধ হয় এগিয়ে নেওয়া যাবে না।’ বললেন সাজিদ।এই সময় হঠাৎ একদিন সাজিদের কাছে একটা মেইল এল। বিশ্বের বিভিন্ন দেশে বোতলবাতি নিয়ে কাজ করছে ‘লিটার অব লাইট’ নামের একটি আন্তর্জাতিক সংস্থা। মেইলটি এসেছে লিটার অব লাইটের সুইজারল্যান্ড শাখা থেকে। সাজিদকে তারা বলে, ‘তুমি যদি রাজি থাকো, আমরা হয়তো একসঙ্গে কাজ করতে পারি। সে ক্ষেত্রে আমরা পরস্পরের সমস্যাগুলো সমাধানের একটা উপায় বের করতে পারব।’ ব্যস, আবার পুনরুদ্যমে কাজে লাগলেন সাজিদ।গত বছরের নভেম্বর মাসে সাত দিনের জন্য ঢাকায় এসেছিল লিটার অব লাইট, সুইজারল্যান্ডের একটি দল। বাংলাদেশে বোতলবাতির কাজ এগিয়ে নিতে ‘চেঞ্জ’ নামের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করেছেন সাজিদ। লিটার অব লাইটের সঙ্গে চেঞ্জের চমৎকার সাতটি দিন কেটেছে। সাজিদও তাঁদের সমস্যাগুলোর অনেকখানি সমাধান পেয়েছেন। সাজিদ বলেন, ‘ওরা আমাদের বোতল লাগানোর জন্য সিলিকন আঠা ব্যবহারের পরামর্শ দিল। সিলিকন আঠা ব্যবহার করে বেশ ভালো ফল পেয়েছি। এখনো কোনো অভিযোগ আসেনি। আমরা এখন লিটার অব লাইটের গ্লোবাল পার্টনার হিসেবে কাজ করছি।’বর্তমানে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের তত্ত্বাবধানে প্রাথমিকভাবে বাউনিয়া বাঁধ এলাকার ২৫০টি ঘরে বোতলবাতি লাগানোর কাজ করছে চেঞ্জ। এ ছাড়া তারা বিদ্যুতের অপচয় রোধে সচেতনতা তৈরির চেষ্টা করছে।বোতলবাতি বৃত্তান্ত২০০২ সালে প্রথম বোতলবাতির ধারণা দেন আলফ্রেগো পোসার নামের একজন ব্রাজিলিয়ান। এরপর ফিলিপাইনে ব্যাপক হারে এর প্রচলন শুরু হয়। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের ১৪টি দেশে ‘লিটার অব লাইট’ বোতলবাতি নিয়ে কাজ করছে। বোতলবাতি মূলত আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে দেয়।বোতলবাতি তৈরির জন্য সাজিদরা দুই লিটারের কোমল পানীয়র বোতল ব্যবহার করেন। পানি পরিষ্কার রাখার জন্য পানির সঙ্গে হালকা পরিমাণে ক্লোরিন মেশানো হয়। এক ফুট দৈর্ঘ্যের বর্গাকৃতি টিন কেটে মাঝখানে সিলিকন আঠার সাহায্যে কায়দা করে বোতল লাগানো হয়। সাজিদ জানান, একটি বোতলবাতির পেছনে খরচ হয় ১৮০ থেকে ২০০ টাকা। এটি ৫৫ থেকে ৬০ ওয়াট বাল্বের সমপরিমাণ আলো দেয়। একটি বোতলবাতি দেড় থেকে দুই বছর কাজ করে।