বোর্হেসের রবীন্দ্রচর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রবীন্দ্রনাথ ঠাকুরের পাণ্ডুলিপি’ শিরোনামে এক লেখায় অক্তাবিও পাস জানাচ্ছেন যে, ‘রবীন্দ্রনাথ হিস্পানো-আমেরিকার কোনো কোনো কবিকে প্রভাবিত করলেও আমাদের কোনো কবির প্রভাব তাঁর ওপর নেই। এস্পান্ঞল সম্পর্কে তিনি ছিলেন অনবহিত আর তাঁর লেখায় আমাদের লেখক বা লাতিন ঐতিহ্যের সঙ্গে পরিচয়ের কোনো আভাসও নেই।’ লাতিন আমেরিকা নামের এই মহাদেশ রবীন্দ্রনাথের কাছে পুরোপুরিই অজানা রয়ে গেছে সারা জীবন। ১৯২৪ সালের নভেম্বর থেকে ১৯২৫ সালের জানুয়ারি—এই দুই মাস আর্হেন্তিনায় বিক্তোরিয়া ওকাম্পোর আতিথ্যে থাকলেও আসলে স্প্যানিশ শিল্প-সাহিত্য বা ঐতিহ্য বিষয়ে তাঁর গভীর আগ্রহ তৈরি হয়নি পরবর্তীকালেও। যদিও তিনি সফর শেষে এক চিঠিতে বলছেন যে, ‘আমারও দুঃখ হত খুব, কেন স্প্যানিশ ভাষা শিখি নি কোন দিন।’ এই চিঠি লেখার পরেও তিনি ১৫-১৬ বছর বেঁচে ছিলেন। কিন্তু এই ভাষা বা সাহিত্যের প্রতি তাঁর মনোযোগের কোনো আভাস মেলে না। লাতিন ঐতিহ্য বা আর্হেন্তিনার যেটুকু উল্লেখ আমরা দেখতে পাই তা ওই চিঠিপত্র আর তাঁর দু-একটি কবিতায়। হয়তো ওটাই একমাত্র কবিতা, যেখানে ‘ইস্পানি’ শব্দটি লক্ষ করা যাবে: ‘একটুও তো দেয় না আভাস এই দেশী ইস্পানি।’রবীন্দ্রনাথের জীবদ্দশায় স্প্যানিশ ভাষার মিগেল দে সের্বান্তেস, কেবেদো, গঙ্গোরা কিংবা মিগেল দে উনামুনোর মতো লেখকদের লেখা অনূদিত হয়েছিল ইংরেজি ভাষায়। কিন্তু এঁরা কেউ-ই রবীন্দ্রনাথের আগ্রহের জগতে প্রবেশ করতে পারেননি কখনো। অন্যদিকে, স্প্যানিশভাষী কোনো কোনো বড় লেখকের আগ্রহ, উত্সাহ, চর্চা ও প্রেরণার কেন্দ্র হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ। স্পেনের হুয়ান রামোন হিমেনেস, চিলির পাবলো নেরুদা, গাব্রিয়েলা মিস্ত্রাল, বিসেন্তে উইদোব্র, বলোদিও তেইতেলবোইম, মেহিকোয় শিক্ষামন্ত্রী ও লেখক হোসে বাসকনসেলোস এবং অক্তাবিও পাস আর আর্হেন্তিনার বিক্তোরিয়া ওকাম্পো। এঁদের বাইরে অবশ্য আরও অনেকে আছেন, কিন্তু শৈল্পিক সূক্ষ্মতার প্রশ্নে চূড়ান্ত রকমের খুঁতখুতে লেখক আর্হেন্তিনার হোর্হে লুইস বোর্হেসও যে এদের অন্তর্ভুক্ত তা আমরা জেনেছি অনেক পরে।সবাই জানেন, হিমেনেসের গোটা রচনার এক-তৃতীয়াংশই হচ্ছে রবীন্দ্রনাথের লেখার অনুবাদ। নোরুদার প্রথম কবিতার বইয়ের একটি কবিতা, রবীন্দ্রনাথের ‘তুমি সন্ধ্যার মেঘমালা’ গানটির হুবহু অনুবাদ। আর রবীন্দ্রনাথকে নিয়ে ওকাম্পোর সুপরিচিত লেখাটির কথা তো সবাই জানেন, যা বহু আগে শঙ্খ ঘোষের অনুবাদে ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ নামে প্রকাশিত হয়েছে। কিন্তু যেটা আমাদের পুরোপুরি অজানা ছিল তা হলো, বোর্হেসও রবীন্দ্রনাথের ওপর তাঁর মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন কিছুকালের জন্য। তবে এই মনোযোগ তাঁরই সহযাত্রী এবং বান্ধবী বিক্তোরিয়া ওকাম্পোর মতো সুগভীর মুগ্ধতায় আচ্ছন্ন ছিল না। না থাকার কারণ অবশ্যই সাহিত্যিক রুচির ভিন্নতা। রুচির এই ভিন্নতা যেমন ওকাম্পার সঙ্গে, তেমনি ছিল রবীন্দ্রনাথের সঙ্গেও। লাতিন আমেরিকার বুদ্ধিবৃত্তিক ও মননশীলতার প্রসারের ক্ষেত্রে সুর নামক যে পত্রিকাটি প্রধান ভূমিকা রেখেছিল, তার প্রতিষ্ঠালগ্নেই বোর্হেসকে অন্তর্ভুক্ত করেছিলেন ওকাম্পো। বয়ঃকনিষ্ঠ বোর্হেসের গভীর মননশীলতা এবং সৃষ্টিশীলতাকে যে তিনি শুরু থেকেই গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন, সে কথা আমরা বোর্হেসের মুখ থেকেই জানতে পারি। পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও সাহিত্যিক রুচির ভিন্নতার কারণে গভীর বন্ধুত্ব গড়ে ওঠেনি তাঁদের মধ্যে। বিক্তোরিয়া ফরাসি লেখক ভিক্টর হুগোর তুলনায় বেশি পছন্দ করতেন বোদলেয়ারকে, অন্যদিকে, বোর্হেস ছিলেন তাঁর উল্টো। বিক্তোরিয়া প্রতীচ্যের ওর্তেগা ই গাসেত্ আর প্রাচ্যের রবীন্দ্রনাথকে যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছেন, বোর্হেস তাঁর শৈল্পিক স্বভাব আর শৈলীভাবনার স্বাতন্ত্র্যের কারণে কখনোই তাঁদের পুরোপুরি গুরুত্বের সঙ্গে নেননি। কেন নেননি, তার উত্তর আমরা পরস্পরের নন্দনতাত্ত্বিক ভাবনা আর শৈলীচিন্তার মধ্যেই খুঁজে পাব। রবীন্দ্রনাথ যেখানে উচ্চাঙ্গসংগীতের কাঠামোর মতো ‘আলাপ’-এ, ‘বিস্তার’-এ গিয়ে বিশেষণ আর উপমার ব্যবহারের মাধ্যমে বৃহত্তর আয়তনে নান্দনিক তুষ্টি আর নিশ্চয়তা খুঁজে পাবেন; বোর্হেস তার বিপরীতে দ্রুততা, মিতব্যয়িতা, যথার্থতা আর বৈপরীত্যের গোলকধাঁধা থেকে উদ্ধার করবেন মানবাত্মার রহস্যময় প্রবণতাগুলোকে। তবু, এই বৈপরীত্য সত্ত্বেও জীবনের কোনো কোনো পর্বে কিছু সময়ের জন্য রবীন্দ্ররচনায় মনোযোগ কেন্দ্রীভূত করেছিলেন বোর্হেস। এবং অনেকে জেনে অবাকও হবেন যে তাঁদের মধ্যে সাক্ষাত্ ও কথাবার্তাও হয়েছিল। তবে বিক্তোরিয়া ওকাম্পোর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাতের আগে থেকেই তিনি রবীন্দ্রনাথের লেখার সঙ্গে পরিচিত ছিলেন—এ ব্যাপারে আমরা নিশ্চিত। মাদ্রিদ থেকে প্রকাশিত কসমোপলিটান নামক এক সাহিত্য পত্রিকার ৩৫ নম্বর সংখ্যায় ১৯২১ সালে ‘লা মেতাফোরা’ নামে এক প্রবন্ধ লিখেছিলেন বোর্হেস। সেই প্রবন্ধে উল্লেখ রয়েছে রবীন্দ্রনাথের। এই প্রবন্ধ লেখারও বছর তিনেক পর রবীন্দ্রনাথ আর্হেন্তিনায় পৌঁছাবেন। সুতরাং রবীন্দ্রনাথের লেখার সঙ্গে বোর্হেসের পরিচয়ের একটা পূর্বভিত্তি ছিল। পাঠক হিসেবে বোর্হেস ছিলেন গোগ্রাসী। রবীন্দ্ররচনা পাঠের শুরু যেমন স্পেনে থাকাকালে ঘটেছে, তেমনি তাঁর লেখালেখির শুরুও আসলে স্পেনে থাকতেই। রবীন্দ্রনাথের লেখার সঙ্গে তাঁর পরিচয় একাধিক সূত্রে ঘটে থাকতে পারে। ভাষা ও ব্যক্তির সূত্রের কথা বিবেচনা করলে প্রথমেই আমাদের মনে আসবে স্প্যানিশ সাহিত্যে দুই ব্যক্তিত্বের নাম—হুয়ান রামোন হিমেনেস আর বোর্হেসের গুরু রাফায়েল কানসিনোস আসেন্স। দুজনই রবীন্দ্ররচনার অনুবাদক। রবীন্দ্রনাথের অনুবাদক হিসেবে হিমেনেসই অবশ্য সবচেয়ে বেশি পরিচিত। রাফায়েল কানসিনোস রবীন্দ্রনাথের বিস্তর অনুবাদ না করলেও রবীন্দ্রনাথের মানবধর্ম বইটির অনুবাদের জন্য তিনি স্প্যানিশভাষীদের কাছে কম পরিচিত নন। এঁদের দুজনের সঙ্গেই বোর্হেসের সম্পর্ক ছিল। হতে পারে এঁদের কাছ থেকেই বোর্হেস রবীন্দ্রনাথের কথা প্রথম শুনেছেন, হতে পারে রবীন্দ্রনাথের ইংরেজি অনুবাদের সূত্রে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন, কিংবা হতে পারে আঁদ্রে জিদের রবীন্দ্র অনুবাদের সূত্রেও। কারণ, বোর্হেস এই ভাষাটি আগেই শিখেছিলেন। তবে পরিচয় যে সূত্রে এবং যখনই হয়ে থাকুক না কেন, তা কখনোই হিমেনেস কিংবা বিক্তোরিয়া ওকাম্পোর মতো মুগ্ধতায় গিয়ে শেষ হয়নি; শেষ হয়েছে বরং মুগ্ধতার বিপরীতে।বোর্হেসের রবীন্দ্রচর্চা বা পাঠের একটা সংক্ষিপ্ত চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব বোর্হেসের টুকরো টুকরো বিচ্ছিন্ন কিছু নিবন্ধ, পুস্তক আলোচনা এবং মন্তব্যের উদ্ধৃতির মাধ্যমে।রবীন্দ্রনাথ সম্পর্কে বোর্হেসের প্রথম উল্লেখ দেখতে পাব ‘লা মেতাফোরা’ প্রবন্ধে। প্রবন্ধটির এক জায়গায় তিনি বলছেন: ‘মার্তিনগালা আমাদের রবীন্দ্রনাথ এবং লুগোনেসের স্বতঃসিদ্ধ আবেগময় চান্দ্রবলয়ে সীমাহীন সংকোচনে এসে পৌঁছেছেন। হাইনেও এ নিয়ে মশকরা করে বলেছেন যে রাত্রি হলো সোনালি চিহ্নেভরা কৃষ্ণত্বকের স্তর।’ এই প্রবন্ধটি তিনি যখন লেখেন, তখন তিনি স্পেনে ‘উলত্রা’ নামক সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত। একই বছর বুয়েনোস আইরেসে ফিরে তিনি একই নামে ওই সাহিত্য আন্দোলন প্রতিষ্ঠা করেন এবং আলফ্রেদো বিয়ানচি সম্পাদিত নসত্রোস পত্রিকায় (১৯২১) উলত্রাইজম-এর সাহিত্যতত্ত্ব প্রকাশ করেন। তত্ত্বের একটি হচ্ছে এ রকম: ‘লিরিককে তার আদি উপাদান মেটাফোর-এ সংকোচন।’ আন্দোলনের এই উত্তাল দিনগুলোয় ২১ বছর বয়সের তরুণ বোর্হেস সম্ভবত ১৯১৩ সালের নভেম্বরে লন্ডনের ম্যাকমিলান প্রকাশনী থেকে প্রকাশিত রবীন্দ্রনাথের ক্রিসেন্ট মুন কাব্যগ্রন্থের দ্বারা খানিকটা উদ্দীপ্ত ছিলেন। এই বইয়ের পাঠ-অভিজ্ঞতাই কি পরোক্ষে তরুণ বোর্হেসকে উদ্দীপ্ত করেছিল ‘লা মেতাফোরা’ নামক প্রবন্ধ এবং ‘উলত্রাইজম’-এর সাহিত্যতত্ত্ব নির্মাণে? তবে এটা তো সত্যি, ‘আমাদের রবীন্দ্রনাথ এবং লুগোনেসের’ মতো যে বাক্যবন্ধে রবীন্দ্রনাথকে ঘনিষ্ঠ করে নিয়েছিলেন, তার ধারাবাহিকতা আমরা তিন বছর পরও লক্ষ করব, যখন রবীন্দ্রনাথ ১৯২৪ সালের নভেম্বরে বুয়েনোস আইরেসে এসে পৌঁছান। রবীন্দ্রনাথের আগমনের মাত্র দুই মাস আগে বয়োজ্যেষ্ঠ লেখক বন্ধু রিকার্দো গুইরালদেসের সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত (আগস্ট ১৯২৪) সাহিত্য পত্রিকা প্রোয়ার নভেম্বর ১৯২৪ সংখ্যায় গভীর উত্সাহে ‘রবীন্দ্রনাথের আগমন’ শিরোনামে বোর্হেস জানান রবীন্দ্রনাথের আগমন সংবাদ। পাঠকের কৌতূহল নিবৃত্তির জন্য আমি গোটা সংবাদটাই এখানে উদ্ধৃত করছি:‘বুয়েনোস আইরেসে রবীন্দ্রনাথ। আমি এমন এক লক্ষণ খুঁজে ফিরছিলাম, যা হবে দৈবের এক দৃশ্যময় সাক্ষ্য। অর্থাত্ জগতের এক স্বচ্ছতর প্রসন্ন প্রবণতা। ঝিরিঝিরি বাতাসের কোমল রং, ছাদের ওপর চিরকালের অদেখা রংধনু। আমার সদয় অস্থিরতা সেসবের দেখা পায়নি। গার্ডেনার-এর আবেগময় আর গীতাঞ্জলির আধ্যাত্মিক কবিতাগুলো পড়তে গিয়ে যে বিস্ময়ের সম্মুখীন হলাম তা হলো, এত দূরের কবিতাসমূহ যেন আমার সময়ের সঙ্গে বিজড়িত আর তার আহ্বান ছিল আঙিনার গিটারের মতোই সহজ। গঙ্গা এবং উষার চিত্রকল্পগুলো আমাদের মধ্যে আবেগের জীবনকে পূর্ণ করে তোলে আর বুয়েনোস আইরেসের দৃশ্যাবলী এটা নিশ্চিত করে যে বাংলা বা বঙ্গভূমি দূর থেকে তা জন্মাতে দেখেছে।‘বুয়েনোস আইরেসে রবীন্দ্রনাথ। আমার সন্দেহ: গৌরবধ্বনি আর আমাদের গুঞ্জরিত ভয় শহরকে তাঁর কাছ থেকে লুকিয়ে ফেলেছে। জানি না আমাদের রাস্তাগুলো তাঁর হূদয়ের মধ্য দিয়ে তরবারির মতো বয়ে গেছে কি না। জানি না তাঁর জগত্যজ্ঞে আমাদের উঠোনগুলো আকাশের জলাধার কিনা। মনে হচ্ছে নিজের শহর এবং রবীন্দ্রনাথ—এই দুই বিশাল বাস্তবতা সময়ের মধ্যে বেঁচে আছে এবং দুটি নদীর মতো মাধুর্যে মিশে আছে—এটা জানা আমার কাছে যেমন যথেষ্ট, তেমনি তা রোমাঞ্চকর এবং আনন্দের।’‘লা মেতাফোরা’-এ রবীন্দ্রনাথের উল্লেখ এবং প্রোয়া পত্রিকার এই মন্তব্যধর্মী সংবাদটি একটু মনোযোগ দিয়ে লক্ষ করলেই আমরা দেখব যে রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর আসলে কোনো মুগ্ধতা নেই। যা আছে তা আশা-নিরাশায় মেলানো এক অনুভূতির প্রকাশ। আর এই অনুভূতিকেও তিনি প্রকাশ করেছেন কিছুটা কাব্যিকতা এবং অস্পষ্টতার মিশেল ঘটিয়ে। যদিও দু-একটি রবীন্দ্ররচনা পাঠের আনন্দ এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার ইঙ্গিত তিনি দিয়েছেন। কিন্তু এর সুনির্দিষ্ট কোনো কারণ তিনি জানাননি। মনে হচ্ছে অতলে এক নেতির নোঙরে তিনি তাঁর উপরিতলের সব প্রকাশকে শৃঙ্খলিত করে রেখেছেন। বোর্হেসের শিল্পস্বভাবের সঙ্গে রবীন্দ্রনাথের শিল্পীস্বভাবের পার্থক্যই হয়তো এর মূল কারণ। কিন্তু স্বভাবের এই পার্থক্য তিনি এই সব মন্তব্যে পুরোপুরি উন্মোচন করেননি। সেটা করেছেন আরও পরে। রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাতের ১৩ বছর পর এল্ ওগার পত্রিকায় ১৯৩৭ সালের ১১ জুন প্রকাশিত রবীন্দ্রনাথের কালেক্টেড পোয়েমস অ্যান্ড প্লেইজ বইয়ের আলোচনা প্রসঙ্গে। সেই আলোচনায় তিনি লেখেন:‘১৩ বছর আগে আমার খানিকটা ভয়ংকর অভিজ্ঞতা হয়েছিল শ্রদ্ধাভাজন ও কিন্নরকণ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। আমরা আলাপ করছিলাম বোদলেয়ারের কবিতা সম্পর্কে এবং কেউ একজন “প্রেমিক প্রেমিকার মৃত্যু” শীর্ষক সেই সনেটটি বারবার পড়ে শোনালেন, যা বিছানা, ডিভান, ফুল, ফায়ারপ্লেস, টেবিলক্লথ, আয়না আর দেবদূতে তালগোল পাকানো। রবীন্দ্রনাথ মনোযোগ দিয়ে কবিতাটি শোনার পর শেষে বললেন: “তোমার আসবাবপত্রের কবিকে আমার পছন্দ নয়।” আমি তাঁর সঙ্গে খুবই একমত হয়েছিলাম। ইদানীং তাঁর লেখা আবারও পাঠ করে আমার সন্দেহ হচ্ছে যে অস্পষ্টতার অজেয় প্রেমের দ্বারা তিনি যতটা আলোড়িত হয়েছিলেন, রোমান্টিক দ্রব্যাদির কোনো আতঙ্ক দ্বারা ততটা আলোড়িত তিনি হননি।‘রবীন্দ্রনাথের যথাযথহীনতা সংশোধনেরও অতীত। তাঁর সহস্র এক বাক্যসমূহে লিরিকের কোনো টেনশন নেই, নেই সামান্যতম মৌখিক মিতব্যয়িতা। ভূমিকায় তিনি বলেছেন যে “কাঠামোর সমুদ্রতলে অবগাহন করা উচিত। রবীন্দ্রনাথের চিত্রকল্প গতানুগতিক; গতানুগতিক ধরণে তরল এবং কাঠামোহীন। এখানে তাঁর একটি কবিতার অনুবাদ তুলে দিচ্ছি। আখ্যানভঙ্গি অব্যয়ের আতিশয্যকে সমর্থন করে। কবিতার শিরোনাম: ...”এই বক্তব্যের পর তিনি রবীন্দ্রনাথের গার্ডেনার-এর ৬২ নম্বর কবিতাটি নিজে অনুবাদ করে তুলে ধরেন। এ প্রসঙ্গে আমার নিজের ধারণা, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতাগুলোর শ্রেষ্ঠ ইংরেজি অনুবাদ সে সময়ে হয়নি। আর যাও বা হয়েছিল, তা হুমায়ুন কবিরের ভাষায় ‘কি ব্যাপ্তি বা কি গুণপনা কোনো দিক দিয়েই মূলের প্রতি সুবিচার করে না (হায়াত্ মামুদের অনুবাদ)।’ রবীন্দ্রনাথ নিজেই নিজের কবিতা অনুবাদ করেছিলেন বটে কিন্তু তা মূল কবিতা থেকে অনেকখানি সরে গিয়েছিল। যেমন ‘১৪০০ সাল’-এর মতো একটি অসাধারণ কবিতার পূর্ণাঙ্গ অনুবাদ তিনি কেন করেননি—এটা বোধগম্য নয়। আবার এমন সব কবিতার অনুবাদ করেছেন, যেগুলো কবি রবীন্দ্রনাথের প্রতিনিধিত্ব করেনি পুরোপুরি। বোর্হেস তখনকার প্রচলিত অনুবাদগুলোর ভিত্তিতে যে মন্তব্য করেছেন তার মধ্যে সত্য হয়তো আছে অনেকটা, তবে রবীন্দ্রনাথের সামগ্রিক ব্যক্তিত্বের মহিমাকে তা এড়িয়েও গেছে নিঃসন্দেহে। এমনকি, ১৯৩২ সালের ২১ সেপ্টেম্বর আর্হেন্তিনার দৈনিক পত্রিকা ক্রিতিকায় প্রকাশিত ‘ইনাফনিতা পারপ্লেহিদাদ’ নামক প্রবন্ধে নোবেল পুরস্কার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ সম্পর্কে যে মন্তব্য করেন, সেখানেও রবীন্দ্রনাথের প্রাপ্য মর্যাদা আড়াল হয়ে যায়। তিনি বলেন, ‘অঞ্চলগত পক্ষপাতিত্ব নোবেল পুরস্কারের ঐতিহ্যের এক অংশ। সন্দেহ নেই যে বেনাবেন্তে ও এচেগারাই বিজেত্ সংগীতের অনন্য সম্মানে সৌভাগ্যবান ছিলেন। বাঙালি হওয়ার সুবাদে আকর্ষণীয় মহিমায় মহিমান্বিত হওয়ার জন্য রবীন্দ্রনাথের ঋণ বাঙালি সত্তার কাছে আর সিয়েংকিয়েভিচ ছিলেন এক সুখী পোলিশ।’সত্য বটে, অঞ্চলগত পক্ষপাতিত্ব নোবেল পুরস্কারের ক্ষেত্রে এখনো কমবেশি বজায় রয়েছে। কিন্তু এই পক্ষপাতের ঐতিহ্যে রবীন্দ্রনাথের ব্যক্তিত্বকে সংকুচিত করে যে মন্তব্য বোর্হেস করেছেন তা রবীন্দ্রনাথ সম্পর্কে তাঁর পূর্ণাঙ্গ ধারণার প্রকাশ বলে মনে হয় না। তবে কবি বা নাট্যকার রবীন্দ্রনাথের তুলনায় প্রাবন্ধিক বা ভাবুক রবীন্দ্রনাথ তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলেন। ভাবুক রবীন্দ্রনাথকে তাঁর কাছে অনেক বেশি দূরদর্শী ও প্রাসঙ্গিক মনে হয়েছে। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের একটি প্রবন্ধের বই সম্পর্কে সুর পত্রিকার ১৯৬১ সালের মে-জুন সংখ্যায় বোর্হেস একটি প্রবন্ধ লেখেন। বোর্হেস ও রবীন্দ্রনাথ—উভয়কেই বোঝার জন্য প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। পাঠকদের কৌতূহলের কথা বিবেচনা করে আমি প্রবন্ধটির উল্লেখযোগ্য দুটি অংশ এখানে হাজির করছি:‘পাঠকদের পছন্দের ওপর অন্যদের নির্ভরশীলতার পরও আমি পাশাপাশি এও বলতে পারি যে আজ ১৯৬১ সালেও প্রায় ৫০ বছর আগে লেখা রবীন্দ্রনাথের ওই গ্রন্থের (জাতীয়তাবাদ) প্রবন্ধগুলোর কোনোটিই তাদের প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলে নি। অলংকারের প্রাচ্যীয় বিচ্যুতি সত্ত্বেও লেখকের উপস্থাপিত ভাবনার গভীরতা তাতে আড়াল হয়ে যায় না।‘যে পুঁজিবাদ কাউকে নিক্ষেপ করে দারিদ্র্যে আর অন্যদেরকে করে তোলে ক্লান্ত, (বার্নাড) শ’ সেই পুঁজিবাদকে প্রত্যাখ্যান করেছিলেন। একইভাবে রবীন্দ্রনাথও প্রত্যাখ্যান করেছিলেন সাম্রাজ্যবাদকে, যা উত্পীড়িত ও উত্পীড়ক উভয়কেই নিঃস্ব করে দেয়। যে মানুষটির মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন ঘটেছে, তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষাই ব্যবহার করতে পেরেছিলেন। এই গ্রন্থের প্রতিটি পাতা আত্মার সীমাহীন সম্ভাবনা সম্পর্কে এশীয় নিশ্চয়তাকে বহন করছে, একইভাবে রাষ্ট্রযন্ত্রের আশঙ্কাকেও বহন করছে, যা উদ্বুদ্ধ করেছিল স্পেনসারকে।’রবীন্দ্রনাথ সম্পর্কে এই লেখাটি বোর্হেস লিখেছিলেন রবীন্দ্র জন্মশতবর্ষে অর্থাত্ ১৯৬১ সালে। আজ রবীন্দ্রনাথের ১৫০তম জন্মশতবর্ষেও এই বক্তব্য এখনো সমানভাবে প্রযোজ্য। শৈল্পিক স্বভাব আর শৈলীভাবনার স্বাতন্ত্র্য সত্ত্বেও বোর্হেস রবীন্দ্রনাথের এই শক্তিকে চিহ্নিত করতে একটুও ভুল করেননি।