ব্যক্তিকেন্দ্রিক স্বপ্ন দেখি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। লেখালেখি ও গবেষণায় নিমগ্ন। মৌলিক ও সম্পাদনা মিলিয়ে প্রকাশিত গ্রন্থসংখ্যা ২২৫। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমী ও একুশে পদক।তিন ও চার দশকের উপন্যাসবয়সভেদে ভালো লাগার বই বদলে যায়। এখন পড়ছি ইসমাইল কাদারের দ্য কনসার্ট, কার্লোস ফুয়েন্তেসের দ্য ডেথ অব আর্তেমিয় ক্রুজ। এ ছাড়া আরেকটি অটোবায়োগ্রাফি পড়ছি। ল্যাটিন আমেরিকা ও রুশ ভাষার উপন্যাস আমার প্রিয়। ত্রিশ ও চল্লিশের দশকের লেখা উপন্যাসগুলো সবারই পড়া উচিত বলে আমি মনে করি। মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্যকুমার সেনগুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়দের উপন্যাসের আবেদন চিরন্তন বলে মনে হয়। নির্দিষ্ট করে প্রিয় লেখকের নাম বলা দুরূহ। স্প্যানিশ ভাষার লেখকদের লেখা নিয়মিত পড়ার চেষ্টা করি।রবীন্দ্রসংগীতের তুলনা নেইএকেক বয়সে একেক ধরনের গান ভালো লাগে। গানের অর্থ, গভীরতা, দ্যোতনা নতুন করে ভাবনার উদ্রেক করে। চল্লিশ-পঞ্চাশ-ষাটের দশকের গানের মেলোডি ভালো লাগত। যত দিন যাচ্ছে, ততই মনে হচ্ছে রবীন্দ্রসংগীতের আবেদনের কোনো তুলনা নেই। তাঁর পূজার গানগুলো বেশি ভালো লাগে। সাধারণত সকালবেলায় গান শুনি। লেখালেখির সময় গান শোনা আমার প্রিয় অভ্যাস। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, রাজেশ্বরী দত্ত, বব ডিলান, জন বেইজ, কলিম শরাফি প্রমুখ আমার প্রিয় শিল্পী।আধুনিকতার ছোঁয়ায় বিস্ময়-রহস্য লুপ্ত হচ্ছেনতুন জায়গা, নতুন দেশ দেখার আনন্দ একসময় খুব ভালো লাগত। ৩০ বছর আগের লন্ডনের রহস্য, হাইবারের পথ আমার স্মৃতিতে এখনো জেগে আছে। ভ্রমণ এখন আর ভালো লাগে না। কারণ আধুনিকতার ছোঁয়ায় বিস্ময়-রহস্য লুপ্ত হচ্ছে। প্রতিটি স্থানকে এখন একই রকম মনে হয়। বারবার যেতে ইচ্ছে করে জাপানের চিরুতি, হল্যান্ডের আমস্টারডাম, ডেলফি প্রভৃতি স্থানে। দেশের ভেতরেও আমি প্রচুর ঘুরেছি। ভালো লাগে উত্তরবঙ্গ ঘুরতে। কারণ সেখানে এখনো আধুনিকতার আগ্রাসী ছোঁয়া লাগেনি।চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলামএকসময় মোহাম্মদ খসরুর চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। সে সময় প্রচুর চলচ্চিত্র দেখেছি। ছয় ও সাতের দশকের যুগোস্লাভিয়া ও রাশান চলচ্চিত্র বেশি ভালো লাগত। সর্বশেষ দেখা চলচ্চিত্র নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা। দ্য ক্রেনস আর ফ্লায়িং, জেড আমার প্রিয় চলচ্চিত্র।সমস্ত মনোযোগ লেখালেখি নিয়েএকসময় চিত্র প্রদর্শনীর ওপর বিশেষ দুর্বলতা ছিল। সে কারণে এসব নিয়ে প্রচুর লেখালেখিও করেছি। এখন দেখা হয় না। যানজট, ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। অবশ্য মুখ্য কারণ, মন টানে না। এখন আমার সমস্ত মনোযোগ লেখালেখির ওপর। সোশ্যাল ফাংশন, টক শোসহ সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। নয়টা-পাঁচটা লেখালেখি করি। সাক্ষাৎকার গ্রহণে: আহমেদ হোসেন