ব্যাঙের সঙ্গে আড্ডা
>বলো দেখি, ব্যাঙের প্রিয় ঋতু কী? সম্ভবত বর্ষাকাল। বর্ষা এলেই তো শুরু হয় ব্যাঙের কনসার্ট! বৃষ্টিতে ভিজে, পায়ের ওপর পা তুলে সে কেমন মনের সুখে ঘ্যাঙর ঘ্যাঙর গান ধরে! বর্ষা উপলক্ষে কোলা ব্যাঙের একটা কাল্পনিক সাক্ষাৎকার নিয়ে ফেলল এম এ হান্নান
ব্যাঙ ভায়া, আছেন তো ভালো?
তা আছি বেশ। বর্ষা এসে গেল, আকাশে গুড়ু গুড়ু ডাকে বৃষ্টিবাদলা হলো শুরু, আনন্দে মনটাও তাই একটু উড়ু উড়ু।
বাহ! বেশ বেশ! আচ্ছা লোকে বলে, ‘ব্যাঙের আবার সর্দি!’ এই যে ঝুম বৃষ্টিতে ভিজছেন, আসলেই কি সর্দি-টর্দি হয় আপনাদের?
আররে নাহ! সর্দি আমাদের কাবু করতে পারে না। যেই বৃষ্টির পানিতে ভিজে সর্দি লাগার ভয়ে তোমরা মাথার ওপর ছাতা ধরো কিংবা গায়ে বর্ষাতি জড়াও, সেই বৃষ্টির পানি পেলেই আমরা আনন্দে মাতি। ফুর্তিতে গলা ছেড়ে গান ধরি। ওসব বর্ষাতি-ছাতার দরকার পড়ে না।
সে কী! তবে যে শুনি ব্যাঙের ছাতার কথা। ওসব কি তাহলে আপনাদের নয়?
হা হা, হাসালে বাছা! দেখতে অনেকটা ছাতার মতো কাঠামো বলে অনেকে যাকে ব্যাঙের ছাতা হিসেবে জানে, ওটা আদতেই ছাতা নয়। ও তো এক প্রকার ছত্রাক-জাতীয় পরজীবী উদ্ভিদ। নাম তার মাশরুম। এটা একটা উচ্চ আমিষ ও আঁশযুক্ত সবজি। জানো নাকি? প্রতি ১০০ গ্রাম শুকনো মাশরুমে ২০-৩০ গ্রাম প্রোটিন পাওয়া যায়। তাই একে ‘সবজি-মাংস’ও বলে। এটা দিয়ে উৎকৃষ্ট স্যুপ, চপ, শিঙাড়াসহ মুখরোচক বার্গারও তৈরি হয়। মাশরুমে চর্বির পরিমাণ খুব কম, তাই সহজে মুটিয়ে যাওয়ার ভয় নেই। আছে ভিটামিন-সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও লৌহ উপাদান।
বাহ বাহ! বেশ বিদ্বান ব্যাঙ দেখছি আপনি! এত সব জানলেন কী করে?
আমার বাসা ওই মৃদুলদের স্কুলের পেছনের ডোবাটায়। পেছন থেকে প্রায়ই স্কুলের পড়াশোনায় মন দিই। জীববিজ্ঞান ক্লাসের কথাগুলো মন দিয়ে শুনি। তবে গণিত ক্লাস এলে আমার মাথা গরম হয়ে যায়—আমি আবার গণিতে খুব কাঁচা কিনা। তখন টুপ করে পানিতে লাফিয়ে পড়ে মাথা ঠান্ডা করি।
আপনার ছেলেবেলার কথা যদি কিছু বলতেন!
ছোটবেলায় তোমরা আমাকে ডাকতে ব্যাঙাচি। আহা! কী সুন্দর মাছের পোনার মতো ছিলাম দেখতে! অনেকেই টাকি মাছের পোনা ভেবে ভুল করে ফেলত। এখন যেমন গায়ে ধূসর রং, কারও বা রং সবুজ, বাদামি—তখন কিন্তু ছিলাম কুচকুচে কালো! আরও মজার ব্যাপার হলো, ছোটবেলায় আমাদের লেজও ছিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে লেজটা হারিয়ে গেছে, গায়ের রংও বদলে গেছে। এখন নিজে নিজে শিকার করতে শিখেছি। পানিতে, ডাঙায়—সব জায়গায় আমাদের রাজত্ব।
ও হ্যাঁ মনে পড়েছে! আপনাদের তো উভচর প্রাণী বলে...
আমরা কিন্তু গাছেও থাকি। তোমরা তাদের গেছো ব্যাঙ বলে জানো। ওদের দৈহিক গঠন ভিন্ন। গাছের কাণ্ড বেয়ে ওঠার জন্য পায়ের পাতাও বিশেষভাবে তৈরি। গাছের কাণ্ড আঁকড়ে ধরে রাখার জন্য গেছো ব্যাঙের থাকে বিশেষ আঠালো থাবা। গায়ের রংও অনেক ক্ষেত্রে গাছের পাতার সঙ্গে মিলে যায়।
আর কুনো ব্যাঙ? কুনো ব্যাঙের নাম কুনো ব্যাঙ কেন?
তুমি তো দেখি কিছুই জানো না! আচ্ছা বলি শোনো। কুনো ব্যাঙ খুব অলস। ঘরের কোণে পড়ে থাকে বলেই ওদের নাম কুনো ব্যাঙ। সব সময় আড়ালে থাকে ওরা। গ্রামে যেদিন দল বেঁধে উইপোকার ওড়াউড়ির ঢল নামে, তখনই ওরা ঘরের কোণ ছেড়ে বেরিয়ে আসে। জিহ্বা দিয়ে টপাটপ উইপোকা ধরে আর পেট ভরে খায়!
আমাদের কথা শেষ না হতেই নামল ঝুম বৃষ্টি! ব্যাঙ বলল, ‘ওরিব্বাহ, বৃষ্টি নামল। বন্ধুরা সব গান ধরেছে। আমি এখন যাই। আমাকে ছাড়া আবার কনসার্ট জমে না।’
ব্যাঙটা গিয়ে কনসার্ট মাতাচ্ছে। আর আমি পড়িমরি করে বৃষ্টি বাঁচিয়ে বাসার পথ ধরলাম।