ব্রাজিল আর তার 'জোগু বেনিতু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক অবিচ্ছেদ্য। ফুটবল ব্রাজিলবাসীর কাছে শান্তির এক বটিকা। এ লেখায় ধরা আছে ব্রাজিল ও তাদের ছন্দময় ফুটবলের এক টুকরো। লিখেছেন রফিক-উম-মুনীর চৌধুরী

ব্রাজিলের ফুটবলার গাহিনশা ও পেলে
ব্রাজিলের ফুটবলার গাহিনশা ও পেলে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল আর ব্রাজিল হলো ফুটবলের দেশ। এমনকি আর্জেন্টিনার সমর্থক বা ব্রাজিলের ঘোর শত্রুরাও এ কথাটা মানেন। ১৮৯৪ সালে চার্লস মিলার নামক ব্রিটিশ অতলান্তিক-ছোঁয়া ব্রাজিলের সাঁতোস বন্দরে দুটি বল নিয়ে জাহাজ থেকে নামেন। ব্রাজিলে ফুটবলের সূচনাকারী এই চার্লস মিলার। ব্রাজিল বিশাল আর বৈচিত্র্যময়। এর অন্যতম প্রধান কথাসাহিত্যিক নেলিদা পিনিয়োঁ (জ. ১৯৩৭)-এর কথায় ‘ব্রাজিল নিজেই একটা মহাদেশ।’ দেশটির ইতিহাসের ওপর এর ফুটবলের ইতিহাস স্পষ্ট ছাপ ফেলেছে। ঔপনিবেশিক শাসক পর্তুগালের কাছ থেকে দেশটি মুক্ত হয় ১৮২৫ সালে। ঔপনিবেশিক কালে খেত-খামার-খনিতে কাজ করার জন্য আফ্রিকা থেকে দাস হিসেবে কালোদের নিয়ে এসেছিল পর্তুগিজ প্রভুরা। দেশটির প্রায় ২০০ মিলিয়ন জনসংখ্যার শতকরা ৪৯ দশমিক ৬ ভাগই কালো ও মিশ্রবর্ণজাত মুলাতো। আর আদিবাসীর সংখ্যা তিন লাখ ৫০ হাজার, যারা উত্তর-পশ্চিমের আমাজোন রেইন ফরেস্টে থাকে। ইউরোপ, এশিয়া (মূলত জাপান) এবং আরবজগৎ থেকে আসা অধিবাসীর সংখ্যাও কম নয়। সব মিলিয়েই ব্রাজিল আর এর সংস্কৃতি। মূল ভাষা পর্তুগিজ হলেও আছে এর আঞ্চলিক রূপবৈচিত্র্য এবং নানা আদিবাসী ভাষা। প্রধানত রোমান ক্যাথলিক একটি দেশ হলেও বহু মানুষ, বিশেষ করে কালোরা তাদের ঐতিহ্য অনুসারে সংশ্লেষণধর্মী ধর্মীয় রীতিনীতি মেনে চলে। ধর্ম, কার্নিভাল আর ফুটবল মিলে দেশটির গণসংস্কৃতির পবিত্র ত্রিসত্তা।
খেলায় নামার আগে খেলোয়াড়েরা তাদের স্বর্গস্থ প্রতিপালকের উদ্দেশে মোমবাতি জ্বালায় আবার ব্যক্তিগত ওরিশা ভাগ্যের দেবতা এশুর জন্য কাশাসার বোতল নিবেদন করে। ১৯৯৮ সালের বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ম্যাচে রোনালদোর (ব্রাজিলিয়ো পতুর্গিজ উচ্চারণে ‘হোনাউদু’) বাজে খেলা প্রসঙ্গে ব্রাজিলে বিশ্বাস করা হয় যে, তার ওপর ‘মন্দ আত্মা’ ভর করেছিল। ২০০২ সালের বিশ্বকাপ জেতার পর টিভি পর্দায় বিশ্ববাসী দেখেছিল, জাপানের ইয়োকোহোমা স্টেডিয়ামের ঘাসের ওপর নুয়ে পড়ে প্রার্থনা করছিল এদ্মিউসোন, লুসিয়ো আর কাকা। হেক্সা-প্রত্যাশী ভেহ্জিআমারেলা (সবুজ-হলুদ) জার্সির সেলেসাঁউ বা ব্রাজিল জাতীয় দলকে আশীর্বাদ জানিয়ে পুরোহিত আর ওঝারা দিন কয়েক আগে রিও ডি জেনিরোর (হিউ জি জানেইরু) পৌরাণিক মারাকানা স্টেডিয়ামে সমবেত হয়ে প্রার্থনা করেছেন।
ব্রাজিলের ফুটবল ইতিহাসের প্রথম লাথিটি পড়ার আগেই আমাজন রেইন ফরেস্টের অন্যতম বাসিন্দা আদিবাসী ইন্দিয়ো গোষ্ঠী পারেসিরা দুই দলে ভাগ হয়ে স্থানীয় মাংগাবা গাছের রাবারসম ছ্যাবরা দিয়ে খেলা শুরু করেছিল। পা দিয়ে নয়, মাথা দিয়ে। হেডবল, ফুটবল নয়। সেই আমাজনের রাজধানী মানাউসের আরেনা আমাজোনিয়া স্টেডিয়ামে এবারের আসরের চারটি খেলা অনুষ্ঠিত হবে। স্থপতি সেভেরিয়ানু মারিয়ো পোহ্তুর নকশা করা, জাতীয় ও আন্তর্জাতিক স্থাপনা পুরস্কারপ্রাপ্ত ভিভাউদু লিমা স্টেডিয়ামটি—যার উদ্বোধন হয়েছিল ১৯৭০ সালে—গুঁড়িয়ে দিয়ে তৈরি করা হয়েছে আরেনা আমাজোনিয়া। মানাউসের লেখক মিলতোন হাতুমের (জ. ১৯৫২) মতে, ‘এটি একটি নিষ্ঠুর এবং অসভ্য কাজ’। অবকাঠামোর দিক থেকে মানাউস ব্রাজিলের সবচেয়ে গরিব মেট্রোপলিসগুলোর একটি। অর্থকষ্ট, দুঃখ-দুর্দশা আর সহিংসতা এর সুবিধাবঞ্চিত বাসিন্দাদের নিত্যসঙ্গী। এত ব্যয় সাপেক্ষে নির্মিত স্টেডিয়ামের খরচ ওঠানো হবে এই গরিব মানুষগুলোর ওপর কর আরোপ করে। যেখানে প্রয়োজন হাসপাতাল, স্কুল-কলেজ ইত্যাদি গণমুখী প্রতিষ্ঠান, সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে এত বড়সড় নতুন স্টেডিয়াম তৈরির প্রয়োজনটাই বা কী? পুরোনোগুলোকে ঢেলে সাজালেই তো হতো! এ রকম একটা অবস্থা অন্যান্য শহর হেসিফে, হিউ এবং সাঁউ পাউলু-তেও। এ কারণেই প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ব্রাজিলের সবচেয়ে পরিচিত লেখক পাউলু কুয়েলিয়োও (জ. ১৯৪৭) একই মত ব্যক্ত করেছেন। সম্প্রতি ফরাসি পত্রিকা ল্য জর্নালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিশ্বকাপকে ঘিরে জনগণ আর সরকারের মধ্যে একটা বিরোধ দেখা দিয়েছে। ব্রাজিলের সত্যিকারের ছবিটার বদলে একটা নকল ছবি দাঁড় করাবার চেষ্টা করছে সরকার।’
কিন্তু এ ফুটবলই ব্রাজিলের ধনী আর গরিব, কালো আর সাদাকে একই সূত্রে গেঁথে রেখেছে। এর মূলে রয়েছে এ খেলাটির সহজতা, এটিকে ঘিরে মানুষের সহজতা। ফুটবলের মাঠেই ব্রাজিল তার আত্মপরিচয় খঁুজে পেয়েছিল একদিন। বিভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা ব্রাজিল দলের খেলোয়াড়দের দিকে তাকালে এ দেশটির জাতিগত মিশ্রণের রূপটি ধরা পড়ে। গত ৭০ বছরে প্রধানত কালো আর মুলাতো খেলোয়াড়েরাই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্রাজিলকে পরিচিতি দিয়েছেন: গাহিনশা (গার্রিনচা), পেলে, সক্রেতিস্, হোমারিউ, কাফু, হোনাউদু, নেইমার। মূল নাম হারিয়ে ডাকনামে নন্দিত সব রথী-মহারথী।
১৯৭০ সালের ফাইনালে ইতালিকে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। বিখ্যাত ইতালিয়ান চলচ্চিত্রকার পিয়ের পাওলো পাসোলিনি (১৯২২-১৯৭৫) ১৯৭১ সালের জানুয়ারি মাসে ইতালিয়ো পত্রিকা ইল জর্নোতে আগের বছরের বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গ টেনে একটি প্রবন্ধ লেখেন। পাসোলিনি তফাত খুঁজতে গিয়ে ইতালিয়ো বা ইউরোপিয়ো ফুটবলকে ‘গদ্য-ফুটবল’ এবং ব্রাজিলিয়ো বা লাতিন আমেরিকান ফুটবলকে ‘কাব্য-ফুটবল’ নামে অভিহিত করেন। সকলেই ফুটবল খেলে, কিন্তু ব্রাজিলিয়ানরা ফুটবলকে একটি শৈল্পিক উৎকর্ষে নিয়ে গেছেন গত শতাব্দীর পাঁচের দশক থেকে। কী আছে ব্রাজিলের ‘জোগু বোনিতু’–তে? (‘জোগু বেনিতু’ পর্তুগিজ শব্দ৷ এর অর্থ ছন্দময় ফুটবল)। ব্রাজিলের খ্যাতনামা সমাজতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ, ঐতিহাসিক জিউবেহতু ফ্রেইরে (১৯০০-১৯৮৭) তাঁর নিউ ওয়ার্ল্ড ইন দ্য ট্রপিকস (১৯৫৯ সালে প্রকাশিত) গ্রন্থে লিখেছেন: ‘ব্রাজিলিয়োরা এমনভাবে ফুটবল খেলে যেন এটি নাচ। এটা সম্ভবত যেসব ব্রাজিলিয়োর ধমনিতে আফ্রিকান রক্ত বইছে বা যারা আফ্রিকান

সংস্কৃতির ধারক ও বাহক তাদের প্রভাবে হয়েছে। কারণ এরা কাজ বা খেলা সবকিছুকেই নাচে নিয়ে যায়।’
সাঁপাইয়ো জি সোউজা ভিয়েইরা জি ওলিভেইরা (১৯৫৪-২০১১) ব্রাজিলের ১৯৮২ ও ১৯৮৬ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন। সক্রেতিস নামে ভুবনখ্যাত এ খেলোয়াড় পেশাগত জীবনে ডাক্তারি করতেন। বামপন্থায় বিশ্বাস ছিল তাঁর। আটের দশকে ফুটবলের গণতন্ত্রায়ণকে উদ্দেশ করে রাজনীতির সঙ্গে যুক্তও হয়েছিলেন। বেঁচে থাকলে নিজ দেশের বিশ্বকাপ আয়োজনকে নিয়ে কী বলতেন কে জানে! স্বদেশ আর ফুটবল নিয়ে তাঁর কয়েকটি বাক্য উদ্ধৃত করার লোভ সংবরণ করা গেল না।
‘প্যাশন শব্দটি আমাকে ভীষণভাবে টানে। অজানার মধ্য দিয়ে যেতে যেতে এই প্যাশনই অভিজ্ঞ কমান্ডারের মতো আমাদেরকে পথ দেখায়; বিক্ষুব্ধ সমুদ্র আমাদেরকে কখনোই ভয় দেখাতে পারে না, যখন প্রেমের উন্মত্ততাকে সঙ্গী করে আমরা তাকে মোকাবিলা করি। যত জাতি আছে, তাদের মধ্যে আমারটিকে ভালোবাসা আর প্রেমে পড়ার ক্ষেত্রে টেক্কা দিতে পারে এমন আর একটিও নেই। অতিশায়ন, সুখ, স্বাচ্ছন্দ্য আর সৃষ্টি-সৃজন আমাদের ঘিরে রাখে।
দাসত্ব নিয়ে জন্মানো আমাদের জনগণ প্রতিদিন উচ্চ স্বরে নিজেকে মুক্ত করে সত্যের খোঁজে। নিজের সত্য। যে সত্য শক্তি-সামর্থ্য খঁুজে পায় এক অটল সংস্কৃতিতে, কারণ এটা আসে আত্মা থেকে, আবহ থেকে, হাসি থেকে, আর যেখানে শ্বেতাঙ্গ ও ইন্দিয়ো, কালো ও গরিব, পরিযায়ী ও তরুণেরা জীবনের আনন্দে উল্লাস করে।
আমরা হাজারো চেহারা আর ভঙ্গিমার মানুষ। সমস্ত কিছু এবং সকল সাক্ষ্য ও সম্ভাবনার বিরুদ্ধে আমাদের ইতিহাসকে সংরক্ষণের জন্য লড়াই করা একটি জনগোষ্ঠী আমরা। আমরা সুচতুর, তুচ্ছ এবং সুখী মানুষ, যারা উদ্বেগহীন স্বাভাবিকতায় আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর সুব্যবহার করি। আমরা এমন মানুষ, যারা চারপাশের সবকিছুকে ভালোবাসি আর যারা জানি প্রতিটি সেকেন্ড থেকে কীভাবে গোটা এক জীবনের জ্ঞানবুদ্ধিকে নিংড়ে নিতে হয়। আমরা এক জাতি, যারা ফুটবল ভালোবাসে।
স্বাচ্ছন্দ্য আর বিচক্ষণতা, বিলাস আর মুক্তি দিয়ে তৈরি একটি খেলা হলো ফুটবল। আর আমার বিশ্বাস, আমাদের সবচেয়ে আদিম জিনের একটি অংশ হলো ফুটবল, নৃত্য যেমন। কিন্তু ফুটবলও একধরনের নাচই। শান্তির এক বটিকা।’
তথ্যসূত্র: বরিস ফাউেস্তর লেখা দ্য কনসাইস হিস্ট্রি অব ব্রাজিল,ও গ্লোবো,ও এস্তাদু জি সাঁউ পাউল