ব্রাজিলের সাম্বা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল, ফুটবল আর পেলে অনেক আগে থেকেই সমার্থক শব্দ। তবে গত কয়েক দশকে বিশ্বব্যাপী আরও এক নামে পরিচিত হয়ে উঠেছে দেশটি। সেটি সাম্বা নৃত্য। গত ১২ ফেব্রুয়ারি ব্রাজিলের রিও ডি জেনিরোতে শেষ হলো এই ঐতিহ্যবাহী সাম্বা উৎসব। পাঁচ দিনের এ উৎসব কেন্দ্র করে এক অদ্ভুত রঙে সেজেছিল ব্রাজিল। রাজপথে ড্রাম আর সাম্বার তালে তালে নেচে উঠেছিল স্বল্পবসনা ব্রাজিল। আর তা দেখতে দেশ-বিদেশের লাখো পর্যটকে গিজগিজ করছিল রিও ডি জেনিরো, সাও পাওলো, পারনামবুকো, মিনাস গেরাইসসহ বিভিন্ন শহর। এ ভিড়েই যোগ দিয়েছিলেন হলিউড তারকা নায়িকা মেগান ফক্স। যোগ দিয়েছিলেন কোরিয়ার গ্যাংনাম স্টাইল তারকা সাই। সাম্বা খাত থেকে এ বছর ব্রাজিল ৪২ কোটি পাউন্ড আয় করেছে।স্বল্পবসনা আর স্থূল নাচের আসর বলে সাম্বার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। তবে সাম্বা নাচ ব্রাজিলের ঐতিহ্যের অংশ। ইতিহাস বলে, ১৬ শতকে আফ্রিকা থেকে দাস আনা হয়েছিল ব্রাজিলে। এই দাসদের হাত ধরেই ব্রাজিলের বাহাই এবং রিও ডি জেনিরো প্রদেশে আমদানি হয়েছিল আফ্রিকার ধর্ম আর সংস্কৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল আফ্রিকার কালো মানুষদের বাটুক নাচ। কালের পরিক্রমায় ব্রাজিলের স্থানীয় সংস্কৃতির সঙ্গে আফ্রিকার দাসদের আনা সংস্কৃতি মিলেমিশে সৃষ্টি হয় সাম্বা নাচ।কিন্তু সাম্বা নামের উৎপত্তি এখনো এক রহস্য। রহস্য উদ্ঘাটনে বেশ কয়েকটি তত্ত্ব প্রস্তাব করেছেন ইতিহাসের গবেষকেরা। এর মধ্যে একটি হচ্ছে: আফ্রিকার অ্যাঙ্গোলা ও কঙ্গো থেকে জাহাজে ব্রাজিলে আনা দাসদের বোঝাতে সেম্বা শব্দটি ব্যবহার করা হতো। সেখান থেকেই সাম্বার উৎপত্তি। আরেক দলের মত, আরবি শব্দ জুম্বা বা জাম্বা থেকে সাম্বার উৎপত্তি। দ্বিতীয় দলের মতে, স্পেনে আরবের মুর শাসকদের কাছ থেকে শব্দটি ইউরোপে যায়। সেখান থেকে ব্রাজিলে পর্তুগিজদের কলোনি স্থাপনের সময় শব্দটি ওই দেশে স্থানান্তরিত হয়।তবে নাম নিয়ে রহস্য যাই হোক, সাম্বা নৃত্যকে আজকের পর্যায়ে আসতে প্রায় সাড়ে চার শ বছর পাড়ি দিতে হয়েছে। আর দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সাম্বা অনেক শাখায় বিভক্ত হয়েছে। ব্রাজিলেই বর্তমানে প্রায় ২০ ধরনের সাম্বা নাচের অস্তিত্ব আছে। তবে সাম্বা কারিওকার প্রধান শাখা বাহাইযরে সাম্বা ডি রোডা নজর কেড়েছে বিশ্ববাসীর। গত শতাব্দীর ত্রিশ ও চল্লিশের দশক এই নাচে একে একে পোশাক, আধুনিক বাদ্যযন্ত্রসহ অন্যান্য বিষয়ে নতুনত্ব যোগ হতে থাকে। আর তাতে বিশ্বব্যাপী তা ভীষণভাবেই জনপ্রিয় হয়ে ওঠে। সর্বশেষ ২০০৫ সালে ইউনেসকো হেরিটেজের মর্যাদা পেয়েছে সাম্বা নাচ।