ব্রাহ্মণগ্রামে আশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণগ্রামে চলছে মহররমের আয়োজন। ছবি: লেখক
ব্রাহ্মণগ্রামে চলছে মহররমের আয়োজন। ছবি: লেখক

কুষ্টিয়ায় লালন সাঁইজির সমাধি প্রাঙ্গণে হালকা আভাসমিশ্রিত তথ্যটি পাই ২০১১ সালে। তথ্যদাতা দীর্ঘদিন বিলেতপ্রবাসী। তাই তাঁর নিজের গ্রামের চলমান সংস্কৃতির দীর্ঘদিন আগের স্মৃতিটুকু স্বপ্নের মতো মন-নয়নে লেগে আছে মাত্র। তিনি আমাকে সেই স্বপ্নের আলতো বুননের মতোই নিজ এলাকা সিলেটের আশুরার কৃত্য সম্পর্কে কিছু আভাস দিয়েছিলেন। আশ্চর্যের বিষয়, তাঁর সেই আভাসের ওপর ভর করে সে বছরই আশুরার দিনের ঠিক দুদিন আগে অফিস শেষে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী বাসে উঠে বসি। সেদিন, অর্থাৎ ২০১১ সালের ৫ ডিসেম্বর রাত প্রায় পৌনে ১০টার দিকে গোয়ালবাজার বাসস্ট্যান্ডে গিয়ে নামি। সেখানে কিছুক্ষণের মধ্যে পথপ্রদর্শকের ভূমিকায় গবেষক-সাংবাদিক সুমনকুমার দাশ এসে জোটেন। এরপর আমরা রাত সোয়া ১১টার দিকে ঢুকে পড়ি ব্রাহ্মণগ্রামে।

আশুরা উপলক্ষে রাতের আলো-অন্ধকারে কৃত্য গানের নৃত্য-বাদ্য ও আহাজারিতে মুখরিত হচ্ছিল ব্রাহ্মণগ্রাম! হাজার হাজার শিশু, কিশোর, যুবক, বৃদ্ধর সেই আহাজারি মিশ্রিত কৃত্য গীতিনৃত্য শিগগিরই এক নিমেষে পথের ক্লান্তি দূর করে দিল। একটি বিষয় নিয়ে বড় ধন্দ লাগছিল, তা হলো, মহররমের যে প্রাণবন্ত নৃত্যগীতি, বাদ্যবাদন, লাঠিখেলা, তরবারি যুদ্ধ দেখছি, এ সংস্কৃতি একান্তই লোকায়ত ইসলাম ধর্মাচারী মানুষের অংশগ্রহণে মুখরিত, তবে এ জায়গার নাম ব্রাহ্মণগ্রাম কেন? ব্রাহ্মণগ্রামে মহররম! ভাবনার এই খটকার কথা বলে ফেললাম, ব্রাহ্মণগ্রামের খোদ পাঞ্জাতনের মোকামের খাদেম হাজি মোহাম্মদ ইন্তাজ আলীর কাছে। প্রশ্নের উত্তর না দিয়ে তিনি আমাদের নিয়ে চললেন তাঁদের পিরের ঘরে। পির ওয়াছিদ আলী আমাদের খটকা ভেঙে বলে উঠলেন, ‘এটা তো আসলে ব্রাহ্মণদের গ্রাম, এই গ্রামের সবাই একসময় ব্রাহ্মণ ছিল, একদম শতভাগ। হজরত শাহজালাল এই গ্রামে এলে তারা ধর্মান্তরিত হয়। তবে গ্রামের নাম মুছে যায়নি, বাকি সব বদলে গেছে। আমরা দুই তিন পুরুষ ধরে এখানে আশুরা করি। এই এলাকার ১৬টি গ্রামে অনেক মোকাম পাবেন! আমি তো থাকি লন্ডন। কিন্তু মহররম এলেই ব্রাহ্মণগ্রামে চলে আসি। মহররম আমাদের করতেই হয়। এখন আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এই ব্রাহ্মণগ্রাম থেকে মুতিয়ার গাঁও, চাতোল, গজিয়া, কুরসি, মাটিয়াল আওলি, কামারগাঁও, জায়পুরের পাঞ্জাতনের মোকাম, জারি-মর্সিয়ার আহাজারি!’

পির ওয়াছিদ আলীর কথামতো জারি-মর্সিয়ার আসরে ফিরে আসি। লক্ষ করি, বিভিন্ন গ্রাম থেকে জারি-মর্সিয়ার একেকটি দল বাদ্য বাজাতে বাজাতে পাঞ্জাতনের মোকামের সামনে এসে মোকামের দিকে মুখ করে দাঁড়ায় এবং মৃদুস্বরে পরপর কয়েকটি সালাম জ্ঞাপন করে। যেমন:

‘ইয়াদ এলাহি দিলমে রাখখো আওর না ছোড়ো দিন ইসলাম, কালিমা আর নামাজ রোজা দিলমে রাখখো এক বাহা, হজ গুজারও মাল জাকাতও এই কয়কে কাম, পাঞ্জাতনও সৈয়দ উপর বেজ দুরুদ আওর সালাম।’

এরপরে সালামটি হলো:

‘চাইর কুরসি চাইর মজফা পাঞ্জাতনক আওর সালাম, আওয়াল কুরশি সৈয়দ উপর বেজ দুরুদ আওর সালাম, দিনকে রা পর নবী সরওয়ার ফাতিমা গো আওর সালাম, হুর মৌলায়ে চৌদ্দ মাসর মুমিনা গো আওর সালাম।’

ফারসি, উর্দু ও আরবি ভাষায় এ ধরনের কয়েকটি সালাম উচ্চারণের পর জারি-মর্সিয়ার পুরো দল এবার মহররমের ইতিহাসের ভেতর ঢুকে পড়ে একটি সালামগীতির মাধ্যমে। উল্লেখ্য, এবারে সালামটি তারা একসঙ্গে আঞ্চলিক ভাষায় ও উচ্চারণের মাধুর্য মিশিয়ে গানের সুরে গেয়ে ওঠে: ‘আল্লাহ হায় হায় নবীয়ে বলইন দুঃখ বড় ছেল/ ইমাম হোসেনের আগে বেজরে আলেখ/ স্বপনে দেখিলা যবে আপনে ইমাম/ উত্তর দিলায় গো নবী আলাইকুম সালাম/ আল্লাহ রাসুলের রওজাতে গিয়া ইমাম হোসেন/ কান্দন করইন শাহা লুঠাইয়া বদন/ না কাইন্দ না কাইন্দ ভাই আপনে ইমাম/ কান্দিয়া হোসাইন কইন সালাতু সালাম/ আল্লাহ আরও একও সত্য শাহা কররে পালন/ জয়নাল আবদীনকে না যাইতে দিও রণ/ শুনিয়াছি কারবলাতে অনেকও সংগ্রাম/ কান্দিয়া হোসাইন কইন সালাতু সালাম।’

এ ধরনের সালামের পর আসে মর্সিয়া। সিলেটের আঞ্চলিক ভাষায় মর্সিয়াকে ‘মুরছিয়া’ বলা হয়ে থাকে। এই পর্বে সাধারণত উর্দু বা ফারসি ভাষায় কারবালার ইতিহাসের দিকে ভক্তদের চিত্ত মন স্থির করা হয়। পাঞ্জাতনের মোকামের সামনে দাঁড়িয়ে আমরা এ পর্যায়ে যে মর্সিয়াটি গাইতে শুনি, তা হলো:

চলো ইয়ারো কারবালা মে শাহে

হোসেন ছে আগর মিলো

ছোড়ো মক্কা মদিনা

কুপেকি আবহ

মুসাফির হো হোসেন কি ছাত্তিকো চুড়

রিস্তাকো উলফত কি তোড়

কারোলা মে জাগির হোয়া

দায়েগা কুপি পরমত ভুলায়ে

না মিলেগা দানা পানি মুছিবতকা মেহমানি

সায়েব হোসেন সে গিয়া রাজধানী

দেখনা হ্যায় তো যা দেখ।

মর্সিয়ার পর আসে কারবালার ইতিহাসের ঘটনাপরম্পরামূলক বাংলা জারি। কারবালার এক একটি ঘটনাকে গীতি-নৃত্যের কৃত্যের আঙ্গিকে দুই হাতের তালু দিয়ে দুই বুকে আঘাতের মাধ্যমে ধারাবাহিকভাবে উপস্থাপিত হতে থাকে। এ ক্ষেত্রে একজন বই মাস্টারকে জারির বই হাতে পুরো কৃত্যের নেতৃত্বে দেখা যায়। ব্রাহ্মণগ্রাম এওলাতেল পির ওয়াছিদ আলীর পাঞ্জাতনের মোকামের বই মাস্টার সোহেল মিয়া বয়সে তরুণ, তিনি গোয়ালাবাজারের দরজির কাজ করেন; কিন্তু মহররমের ১ তারিখ থেকে আশুরার দিন পর্যন্ত তিনি সার্বক্ষণিকভাবে পাঞ্জাতনের মোকামে জারি-মর্সিয়ার আসরে বই মাস্টার হিসেবে নেতৃত্ব দিয়ে থাকেন। তিনি বলেন,‘আমরা মহররমের সময় জারি-মর্সিয়ার আসরে সালাম, মুরছিয়া করার পর একে একে জহরমারা, মুছলিম ও দুই শিশুর কাহিনি, ইমাম হোসাইনের কুপায় রউনা, সাহার ভানু ও আসগর, কাছুম আলীর বিলাপ, আকবর আলীর বিলাপ, কিমা হইতে ইমাম কারবলায় যাওয়ার ঘটনা, মাত্তম, মা ফাতেমার বিলাপ, মদিনাবাসীর বিলাপ, জয়নাল আবদীনের বিলাপ, ব্রাহ্মণের লড়াই, তাজিয়া লইয়া যাইবার জারি, গড় ভাঙা জারি, গস্তের জারি করি। এগুলো নিয়ম।’

কথার মধ্যে তিনি আসরের নেতৃত্বে ঢুকে পড়েন, করুণ সুরে গেয়ে ওঠেন ‘জহরমারা’র প্রথম পদ: ‘সাহেবও হাসনে শরবত বলিয়া যখন জহরও পিলায়/ জ্বলন্ত আনলে কলিজা জ্বলে কহিতে লাগি লা/ কী দরদ হইল আল্লাহ কহিতে না পারি, কী হইল আমার/ বুকে হাতও দিয়া কাছুম বলিয়া ডাকইন বারে/ বারে/ আল্লাহ শুনও বেটা কাছুম আলী যাও শীঘ্র করি কহিতে খবর/ পিয়াছা হইয়া আমি পানি চাইয়া ছিলাম ভানুর গোছর/ সেই পানি আমার লাগি কী জানি কী হইল শুনছনি খবর/ ভাই বিনে ভাইয়ের দরদ আর কে বুঝিব দুনিয়ার মাঝার/ আল্লাহ কাছুমে শুনিয়া তখন কহিতে লাগি লা/ হায় বাবাজান, কী কথা কাহলায় বাবা না সহে পরানে উড়াইলায় জান,/ কর্ণে শুনিলাম আমি এখনে চাইলায় পানি খুলিয়া জবান/ পানির বদলে কেবা পিলাইল জহর করিয়া সন্ধান/ আল্লাহ এই মত কহিবার মুখে নাহি সরে যাও না চলিয়া/ আনো আনো ভাই আমার আনো শীঘ্র করি আনো বুলাইয়া/ অনেক দুঃখ আছে আমার কহিমু ভাইয়ের কাছে কাছুমও ভাঙিয়া/ যাও যাও কাছুম আলী যাও শীঘ্র করি ভাইরে আন গিয়া/ আল্লাহ শুনিয়া কাছুমও আলী দৌড়িয়া চলি লা চাচাজির গোচর/ যাইয়া দেখি লা সাহেব বসিয়া বইয়া ছইন পালঙ্গের উপর/ কহিতে লাগি লা চাচা কী করো বসিয়া শুনছনি খবর/ আমার বাবাজানরে পানির বদলে কেবা পিলাইল জহর/ আল্লাহ শুনিয়া সাহেবও হোসন উঠিয়া দাঁড়াইলা বিছানার উপর/ লেঙ্গা পাও হইয়া সাহেব দৌড়িয়া চলি লা ভাইয়ার আন্দর/ লুটপুটি করইন সাহেব যাইয়া দেখি লা পালঙ্গের উপর/ জার জার হইয়া কাইন্দন সকলে মিলিয়া ঘরের ভিতর.../ আল্লাহ বাফ গেলা শা মর্তুজা ফাতেমা জননী কে আছে আমার/ তুমি ভাইধন ছিলায় আমার পরানেরও দুশর দুনিয়ার মাঝার/ এখনে যাইতে চাও আমারে ছাড়িয়া কইরা একাশ্বর/ তুই ভাইধন বিনে এ তিন ভুবনে কে আছে আমার/ আল্লাহ সাহেবও হাসনে গলাতে ধরিয়া তখন কহিতে লাগি লা/ না কাইন্দ না কাইন্দ ভাই না কান্দিও তুমি আমারও লাগিয়া/ এই দুঃখে কলিজা ফাটে কহিতে না পারি খুলিয়া জবান/ তোমারে থইয়া যাই দুনিয়া উপরে রাখিয়া একেলা...

এভাবে ‘জহরমারা’ জারিটি চলতে থাকে, পুরো আসরের গীতিনৃত্যরত ভক্তদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে, আর বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থান ও কালের সীমারেখা লুপ্ত করে আমরা চিত্তচোখে দেখতে পাই—ইমাম হাসান ও ইমাম হোসেন নামের দুই ভাইয়ের সকরুণ সংলাপ ও জীবনকথার দৃশ্যরূপ। আমাদের চেতনায় উপলব্ধি আসে, গ্রামের মানুষেরা এই আখ্যান উপস্থাপনার ভেতর দিয়ে নিজেদের সামাজিক ও পারিবারিক জীবনের ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করেন বৈকি।

সারা রাত জারি-মর্সিয়া ইন্দ্রজালের মধ্যে ধীরে ধীরে কারবালার প্রান্তরে ঢুকে পড়ি। ব্রাহ্মণগ্রামের এওলাতেলের পুরোনো মোকামের পাশেই এলাকাবাসী মিলে একটি কারবালার প্রান্তর সৃষ্টি করেছে, সেই স্থানটির চারদিকে ইটের প্রাচীর দিয়ে বন্ধ করা, সেখানে প্রতিবছর আশুরার দিন সন্ধ্যায় বিভিন্ন গ্রাম থেকে আসা বর্ণিল তাজিয়া এবং বাঁশ, কাগজ, চট, তুলা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি সুসজ্জিত ঘোড়া রেখে আসা হয়।

এই এলাকার গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে বেশ কিছু মোকাম দেখতে পাই, মুত্তারগাঁও থেকে শুরু করে কুনাপাড়া পর্যন্ত বিভিন্ন গ্রামে এক থেকে দু-তিনটি পর্যন্ত পাঞ্জাতনের মোকাম রয়েছে। এলাকাবাসীর নিজেদের ঘরের অবস্থা যা-ই থাকুক, পাঞ্জাতনের মোকামগুলো ইটের দালানের তৈরি এবং বিভিন্ন ধরনের অলংকরণে পরিপূর্ণ। প্রতিটি মোকামের ভেতর রয়েছে সাধনার গোপন কুঠরি, সে কুঠরিতে রক্ষিত হয় জারি-মর্সিয়ার হাতে লেখা পাণ্ডুলিপি, ইমাম হাসান-হোসেনের প্রতীকী সমাধি, ভক্ত ও মানতকারীদের প্রদানের জন্য তাবিজ-কবজ থেকে শুরু করে মিষ্টান্ন পর্যন্ত। এলাকার অধিকাংশ মানুষের কাছে মোকামের কুঠুরিটা পরম ভক্তি ও বিশ্বাসের ধন। খাদেম ছাড়া প্রায় কারও সেখানে প্রবেশাধিকার নেই।

প্রতিটি মোকামের সামনেই জারি-মর্সিয়ার আসর হয়, দিনের বেলায় মোকামের সামনে অনেক সময় মেয়েরা জারি-মর্সিয়া করেন। তবে, মেয়েদের জারি-মর্সিয়ার আসর বসে মূলত কিছু কিছু বাড়ির ভেতরের উঠানে, যেসব বাড়ির উঠানে মেয়েরা জারি-মর্সিয়া করেন, সেই সব উঠানে পুরুষের প্রবেশ নিষেধ।

একটানা তিন দিন অবস্থান নিয়ে এলাকাবাসীর সঙ্গে রোজা রেখে, খালি পায়ে হেঁটে সেই যাত্রায় ব্রাহ্মণগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার মহররমের প্রাণবন্ত কৃত্যে মিশে আমরাও স্থায়ীভাবে যুক্ত হয়ে যাই। তাই প্রতিবছর ফিরে ফিরে মহররমের জারি-মর্সিয়ার আসরে ঢুকে পড়ি। আর আবিষ্কার করি, পাঞ্জাতনের অপূর্ব কেরামতি। কেননা মোকামের পাশের একটি জবাগাছে সারা বছর সাদা রঙের জবা ফুটলেও শুধু আশুরার সময় ফুলগুলো লাল হয়ে ফোটে। এ বড় আশ্চর্য্য কাণ্ড!