বয়নচিত্রের কারিগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং, তুলি, ক্যানভাস—শিল্পী তাজুল ইসলামের উপকরণ নয়। সুতা, উল, পাটজাত রশি বুনে তিনি সৃষ্টি করেন শিল্পকর্ম। জ্যামিতিক আকার, আলো-ছায়ার নানামাত্রিক খেলা, ছন্দ, রঙের সহনশীলতা তাঁর কাজের বৈশিষ্ট্য। ট্যাপেস্ট্রি-গুরু শিল্পী রশিদ চৌধুরীর হাত ধরে ১৯৬৫ সালে তাজুল এ মাধ্যমে কাজ শুরু করেন। কিউবিজমের মূল মন্ত্র ছিল বিষয়ের আবহে থেকে জ্যামিতিক ঢঙে সেই বিষয়কে নতুনরূপে গড়া। পিকাসোর কিউবিস্ট ফর্মে সৃষ্ট তাজুলের শিল্পকর্মে জ্যামিতিক আকৃতিগুলোর বন্ধন তৈরি হয় বিভিন্ন রঙের সুতার বুননে। সুতার নানামাত্রিক বুননে রেখার স্থূলতা ও সূক্ষ্মতা গড়ে ওঠে। বুনে যাওয়া লাল-কালো রং গড়ে দেয় জ্যামিতির শরীর। আকৃতির কৌণিক ব্যবহার উপরিতলের আড়াআড়ি ও লম্বালম্বি বিভক্তির সঙ্গে সুতার বুনট বিষয়ের সঙ্গে বন্ধন তৈরি করেছে। প্রদর্শনীতে মোট ২৫টি ট্যাপেস্ট্রি। ‘ট্যাপেস্ট্রি ১’ কাজটিতে লাল-কালো সুতার আড়াআড়ি ফর্মের বন্ধন নকশাধর্মী উপস্থাপনাকে মনে করিয়ে দেয়। উজ্জ্বল কমলা বুননের জমিনে লতা-পাতা-গুল্মকে বিষয় করে লাল-কালো-সাদা, জ্যামিতিক আকৃতির পৌনঃপুনিক ব্যবহার দেখা যায় ‘ট্যাপেস্ট্রি ৫’-এ। বড় আকৃতির কাজ ‘ট্যাপেস্ট্রি ২৫’। ছবির জমিনের আকৃতিগুলো ভূমি থেকে ঊর্ধ্বমুখী। দ্রুততার সঙ্গে ঊর্ধ্বে ছুটে চলা, রঙের সহনশীল ব্যবহার আর রঙের স্তরের বিন্যাস শিল্পীর আনন্দের বহিঃপ্রকাশ। শিল্পাঙ্গনে ৩ জানুয়ারি শুরু হয়েছে প্রদর্শনী। আজ শেষ হচ্ছে।