
পথ চলতে হাজারো ভাঙাগড়া দেখতে হয় আমাদের। তবুও প্রতিদিনের ভিড় ঠেলে মানুষ এগিয়ে যায়। বিপুল শাহ্র ক্যানভাসে কালো আছে, আছে ছাইরঙা আকৃতি, টুকরো টুকরো আলোর ঝলকানিও দেখা যায়। ৩০টি শিল্পকর্মের প্রতিটি কাজই এমন, তা অবশ্য বলা যাবে না। কাচের ফ্রেমে বাঁধাই করা ছোট ছোট কয়েকটি কাজ আর একটি মাছের আকৃতি নিয়ে গড়া তিনটি ইমেজ থামিয়ে দেবে দর্শকের দৃষ্টি। মোটাদাগে বলতে হয়, আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলমান ‘ভঙ্গুরতা পথচলা’ শীর্ষক বিপুলের প্রদর্শনীর শিরোনামের সঙ্গে তাঁর কাজের বেশ মিল লক্ষণীয়।
এক পলকের দেখাতে তাঁর ক্যানভাসে আমরা দেখতে পাব কিছু আকৃতি। খুঁটিয়ে দেখলে বোঝা যাবে, আকৃতির ভেতরে রয়েছে বেশ কিছু অবয়ব। ‘জার্নি উইথ রিকেজ-১’ ছবিটিতে কী দেখতে পাব আমরা?
রিকশায় পথ চলতে চলতে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে হঠাৎই এ শহরে আটকে যান আপনি। দেখেন, সামনে লাল পতাকায় প্রতিবন্ধক চিহ্ন। চলার পথে আটকে থাকা এমন প্রতিবন্ধকতাকে ভেদ করেই তো প্রতিদিন আপনি-আমি-সবাইকে ভাবতে হয় এগিয়ে চলার কথা। ‘জার্নি উইথ রিকেজ-১’ ছবিটির দিকে চোখ রাখলে আমাদের নাগরিক ভোগান্তির চিত্রই ফুটে উঠবে না শুধু, জাগবে ভাবনাও।
এ রকম নানা ভাবনাচিন্তা থেকেই কি পথচলার সাহস খুঁজতে বিপুল যান রঙের কাছে, আকৃতির কাছে দাঁড় করান নিজেকে?
কিছু চিহ্ন দেখা যায় তাঁর ক্যানভাসে। চিহ্নগুলো উজ্জ্বল নয়, ঋজু। ছবিতে বাস্তব অবস্থাকে নিজের সৃজনক্ষমতা দিয়ে প্রকাশ করেন শিল্পী। বিপুলের ছবি মূলত প্রতিদিনের সমাজ, পরিবেশ-প্রতিবেশ থেকে নেওয়া অভিজ্ঞতায় সাজানো। কোনো কোনো চিত্রে বর্গাকৃতির মোটা ফ্রেম ছবিকে বিশেষ করে তুলেছে। ‘জার্নি উইথ রিকেজ-২’ নামের ছবিতে উপস্থাপিত হয়েছে দুটি বিষয়। এক. বড় বর্গাকৃতির কালো স্পেসের ভেতরে দেখা যাচ্ছে চারটি ঝুলন্ত মানুষের আকৃতি। কালো আকৃতির ফ্রেম তৈরি হয়েছে উল্লম্ব ও আড়াআড়ি রেখার সাহায্যে। অন্যদিকে, ক্যানভাসের বাইরের দিকে বেগুনিরঙা বর্গাকৃতির মাঝে দেখা যায় দু-একটি টুকরো আকৃতি। শিল্পী ক্যানভাসের ভেতরের অতিকথনের অনুপস্থিতি ঘটান ইচ্ছাকৃতভাবে। একই সঙ্গে ক্যানভাসে স্পেস ব্যবস্থাপনার পাশাপাশি এক স্থানের সহনশীল ব্যবহারের প্রতিও রয়েছে তাঁর মনোযোগ।
অন্য আরেক ছবিতে দেখা যায়, বন্ধ দরজার ওপরের অংশে অসংখ্য বর্গ ও চৌকোনো আকৃতির সমাবেশ। দেয়ালের গায়ে পলেস্তারা খসে গিয়ে তৈরি হয়েছে এমন অবস্থা। এ রকম ছবিতে ক্ষয়ে যাওয়া আকৃতিকে স্পষ্টভাবে দেখিয়েছেন বিপুল। দরজা, দেয়াল, আকৃতি—সব মিলেমিশে নির্মাণ করেছেন ক্ষয়ের প্রতীক।
বিপুল শাহ্র আঁকার মাধ্যম অ্যাক্রেলিক। ক্যানভাসে অ্যাক্রেলিক রঙের ব্যবহারে সাবধানী তিনি। কোথাও কোথাও দ্রুত ব্রাশের ব্যবহার দেখা যায়। আবার কোথাও চোখে পড়ে পরিশীলিত রঙের প্রলেপ দেওয়ার অভ্যেস। আর আলোর বিপরীতে ছায়া নির্মাণের ঝোঁক দেখা যায় কোনো কোনো আকৃতির ক্ষেত্রে। এগুলো বিপুলের ছবির বৈশিষ্ট্য বটে, তবে কেউ যদি মনে করেন, এক পলক দেখাতেই আত্মস্থ করে ফেলবেন এই শিল্পীর ছবি; সেটা বেশ কষ্টসাধ্য কর্মই হবে। কারণ, বিপুলের ছবি নানা বিষয়সম্ভারে সমৃদ্ধ। মনোযোগী দর্শকই কেবল তুলে আনতে পারবেন বিপুলের মনোভাবনা।
এ শিল্পীর সম্পর্কে এক কথায় বলা যায়, তাঁর শিল্পকর্মের মূল ধ্যান হচ্ছে ভঙ্গুরতার মধ্যে সুন্দরের অন্বেষণ। ভঙ্গুরতা নির্মাণের ভেতর দিয়েই বিপুল শাহ্ নির্মাণ করেন আশা। এই প্রদর্শনীতে এটিই আমরা দেখতে পাই তাঁর ক্যানভাসে। ১১ মার্চ শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৫ মার্চ পর্যন্ত।