
গবেষণা, সাংগঠনিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নের বহুমাত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলা একাডেমিকে নতুন শতকে বিশ্বের অন্যতম বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠানে পরিণত করার প্রয়াস চালানো হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত একাডেমির ৩৭তম বার্ষিক সাধারণ সভায় একাডেমির সদস্য, ফেলো ও লেখকদের সামনে তুলে ধরা হয়েছে একডেমির এই প্রয়াসের কথা।
গত ২৬ ডিসেম্বর শুক্রবার ছুটির দিনে একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ৩৭তম বার্ষিক সাধারণ সভা। সারা দেশের প্রায় দুই হাজার কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবী এতে অংশ নেন। জাতির মেধা, মনন ও সৃজনশীলতার প্রতীক বাংলা একাডেমির প্রাঙ্গণ তাঁদের আলোচনা, আড্ডায় প্রাণবন্ত হয়ে ওঠে। তাঁরা বার্ষিক প্রতিবেদন ও বাজেট সম্পর্কে সাধারণ আলোচনায় অংশ নেন। এ সময় সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন একাডেমির মহাপরিচালক ও সচিব। বার্ষিক সাধারণ সভায় সাংগঠনিক কার্যক্রম ছাড়াও পুরস্কার ও বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিত্বদের সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়।
শীতের সকালে আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। এরপর দেশের বিভিন্ন ক্ষেত্রের প্রয়াত গুণী ব্যক্তিত্বদের স্মরণে পাঠ করা হয় শোক প্রস্তাব। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পালন করা হয় এক মিনিট নীরবতা। সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ২০১৩-২০১৪ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। সচিব আলতাফ হোসেন উপস্থাপনা করেন ২০১৪-২০১৫ সালের বাজেট। অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক শাহিদা খাতুন।
প্রথমেই ছিল পুরস্কার ও ফেলোশিপ প্রদান পর্ব। এ পর্যায়ে কবিতায় বিশেষ অবদানের জন্য কবি আসাদ চৌধুরীকে মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, মাহমুদউল্লাহকে শিশুসাহিত্যে কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ও গবেষণায় অবদানের জন্য ফজলুল আলমকে সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া দেশের সাহিত্য-সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপ পেলেন বিচারপতি এ বি এম খায়রুল হক (আইন ও বাংলায় রায় প্রদানে অবদান), মোহাম্মদ জমির (কূটনীতি ও বুদ্ধিবৃত্তিকতা), আতাউর রহমান (নাট্য প্রযোজনা ও অভিনয়শিল্প), আবদুল মান্নান চৌধুরী (স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদান), ফাতেমা তুজ জোহরা (সংগীত) এবং শিমূল ইউসুফ (অভিনয়)।
একাডেমির সভাপতি আনিসুজ্জামান ও মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কার এবং ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক তুলে দেন।
বার্ষিক প্রতিবেদনে শামসুজ্জামান খান বলেন, মহান ভাষা আন্দোলনের প্রত্যক্ষ ফল বাংলা একাডেমি সাম্প্রতিক সময়ে অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণামূলক কর্মসূচিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে। সাধারণ সভায় সদস্যদের মুখোমুখি হওয়ার মাধ্যমে একাডেমি জবাবদিহি ও গণতান্ত্রিক মূলবোধের প্রতি তার দায়বদ্ধতা প্রকাশ করছে।
উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভাপতির বক্তৃতায় আনিসুজ্জামান বলেন, তাঁদের উপস্থিতিতে একাডেমির বার্ষিক সাধারণ সভা প্রাণবন্ত হয়ে উঠেছে। একাডেমির কাছে সবার প্রত্যাশা অনেক। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
একাডেমির কার্যক্রম সম্পর্কে শামসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, বাঙালি জাতিসত্তার অনন্য প্রতীক এই প্রতিষ্ঠান এ বছরই ষাট বছর পূর্ণ করতে যাচ্ছে। আমরা একাডেমির বিগত বছরগুলোর ইতিহাসের দিকে লক্ষ রেখে একে একুশ শতকের উপযোগী ঐতিহ্য, আধুনিকতা ও প্রযুক্তির সমন্বয়ে নবরূপায়ণের লক্ষ্যে কাজ করছি। সামগ্রিক কার্যক্রম পরিচালিত হচ্ছে দুটি প্রধান অংশে। এর একদিকে রয়েছে অবকাঠামোর উন্নয়ন, অন্যটি উন্নত মানসম্পন্ন গবেষণা।

অবকাঠামোগত উন্নয়ন: অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যেই বর্ধমান হাউসের সংস্কার করা হয়েছে। সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে ভাষা আন্দোলন জাদুঘর। এর পেছনে নির্মাণ করা হয়েছে আধুনিক নান্দনিক স্থাপত্যরীতির আটতলা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ প্রশাসন ভবন। এই ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন ও কবি শামসুর রাহমান সেমিনার কক্ষ।
একাডেমির প্রকাশনা বিক্রয়ের জন্য নির্মাণ করা হচ্ছে পাঁচতলা ড. মুহম্মদ এনামুল হক ভবন। এই ভবনে বিক্রয় কেন্দ্রসহ থাকবে লেখক ক্লাব, আমন্ত্রিত অতিথি ও বক্তাদের জন্য রেস্তোরাঁ। এ ছাড়া একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য উত্তরায় একাডেমির নিজস্ব জমিতে দুটি ১৩ তলা ভবন নির্মাণের কাজ চলছে।
গবেষণা: বাংলা একাডেমির অন্যতম লক্ষ্য ছিল বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে মৌলিক গবেষণা। ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও ড. এনামুল হকের নেতৃত্বে পরিচালিত একাডেমির কার্যক্রমে গবেষণা বিশেষ গুরুত্ব পেয়েছে। তার পর থেকেই ক্রমে গবেষণার প্রতি গুরুত্ব কমতে থাকে। গবেষণার ক্ষেত্রে একটা বড় অন্তরায় ছিল অর্থ। মহাপরিচালক জানান, বর্তমান সরকার এ ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে সহায়তা দিয়েছে। গবেষণার গুরুত্ব অনুসারে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় বাড়তি অর্থ বরাদ্দ পাওয়ায় বেশ কিছু বড় মাপের কাজ করা সম্ভব হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের অধ্যাপক রফিকুল ইসলাম ও বিশ্বভারতীর সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার সম্পাদিত দুই খণ্ডে প্রমিত বাংলা ব্যাকরণ প্রণয়ন। অধ্যাপক গোলাম মুরশিদের সম্পাদনায় প্রথমবারের মতো প্রণীত হয়েছে তিন খণ্ডে বাংলা ভাষার বিবর্তনমূলক অভিধান। এই দুটি কাজই বিপুল সাড়া জাগিয়েছে।
বাংলা ও বাঙালির ইতিহাস প্রণীত হচ্ছে চার খণ্ডে। এর মধ্যে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাসবিষয়ক দুটি খণ্ডের কাজ চলছে। অধ্যাপক অজয় রায়ের সম্পাদনায় মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ পর্যায়ের চারটি পর্বের মধ্যে তিনটি পর্ব ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গবেষণাকাজের মধ্যে আরও আছে দেশের ৬৪ জেলার সাংস্কৃতিক ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে পৃথক গ্রন্থ প্রকাশ। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও পাণ্ডুলিপি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। মহাপরিচালকের সম্পাদনায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানটির নতুন সংস্করণ প্রকাশিত হবে এ বছর। এর পাশাপাশি খ্যাতনামা সাহিত্যিকদের জীবনী ও বেশ কিছু রচনাবলিও প্রকাশিত হয়েছে।
সাংগঠনিক কার্যক্রম: একাডেমির কার্যক্রম ঢাকার বাইরে সম্প্রসারণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজন করা হয়েছে আঞ্চলিক সাহিত্য সম্মেলন। এটি শুরু হয়েছিল ২০১৩ সালে, খুলনায়। এরপর গত বছর হয়েছে নাটোরে। এ ছাড়া লন্ডন, বার্মিংহাম, কলকাতা ও আগরতলায় বাংলা একাডেমি বইমেলা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে। এ ছাড়া গত জুন মাসে অনুষ্ঠিত হয়েছে উচ্চতর পর্যায়ের ফোকলোর কর্মশালা।
শামসুজ্জামান খান জানান, এবার অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে পয়লা ফেব্রুয়ারি থেকে চার দিনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন, ভারতসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। তাঁরা তাঁদের দেশের সাহিত্য ও বিশ্বসাহিত্যের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা করবেন।
এসব বহুমাত্রিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলা একাডেমি বিশ্বের একটি বিশিষ্ট বুদ্ধিবৃত্তিকতার কেন্দ্রে পরিণত হবে—এমনটিই আশা সবার।