ভয় হতে অভয় পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তি, জ্ঞান ও আইন দ্বারা সভ্য দুনিয়া চালিত হয়। গণতন্ত্র বিকশিত হয়। ধর্ম-বর্ণ-গোত্রনির্বিশেষে সব নাগরিকের মানবিক মর্যাদা সুরক্ষা হয়। আর এর বিপরীতটিই হলো আইনহীনতা, অসভ্যতা, জবরদস্তি এবং ভয়ের সংস্কৃতি। সেখানে প্রবল দ্বারা দুর্বল, সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘু, পুরুষ দ্বারা নারী এবং বিত্তবান দ্বারা বিত্তহীন নিয়ত নিগৃহীত হয়।
গত ৪৩ বছরে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বিচার করলে দেখা যাবে নীতির চেয়ে দুর্নীতি, আদর্শের চেয়ে জবরদস্তি এবং আইনের চেয়ে বেআইনি কর্মকাণ্ডের পাল্লাই ভারী। কমবেশি আমরা সবাই এই রাজনৈতিক সংস্কৃতির শিকার হলেও এর সমাজতাত্ত্বিক ব্যাখ্যা-বিশ্লেষণ তেমন চোখে পড়ে না।
সেই বিবেচনায় লেখক-গবেষক ও যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রীয়াজের ভয়ের সংস্কৃতি: বাংলাদেশে আতঙ্ক ও সন্ত্রাসের রাজনৈতিক সংস্কৃতি ব্যতিক্রমী বই। বাংলাদেশের ভয়ের সংস্কৃতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি এর ঔপনিবেশিক পটভূমিও সংক্ষেপে আলোচনা করেছেন, যাতে সাধারণ পাঠকের কাছেও বিষয়টি পরিষ্কার হয়। ১০টি অধ্যায়ে বিভক্ত এই বইটিতে লেখক বাংলাদেশের ভয়ের সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা করেছেন নানা তথ্য-উপাত্ত দিয়ে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করলেও পুরো সমাজকাঠামোটি ভাঙার বা পুনর্নির্মাণের কোনো চেষ্টাই ছিল না। এখনো নেই। এ কারণেই বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা সম্ভবত আদিবাসী সমস্যার সমাধান খুঁজতে গিয়ে সবাইকে বাঙালি হয়ে যেতে বলেছেন। বহু প্রশংসিত সংবিধানেও বাঙালি ছাড়া কোনো জনগোষ্ঠীর স্বীকৃতি মেলেনি। পরবর্তী সামরিক শাসকেরা নিজদের স্বার্থে ভৌগোলিক জাতীয়তা চালু করলেও আদিবাসীদের অধিকার স্বীকার করে নেননি। বরং তাঁরা সমতল থেকে লোকজন নিয়ে পাহাড়ে বাঙালীকরণের কাজটিই সম্পন্ন করেছেন।
এরপর লেখক ভয়ের সংস্কৃতির শিকার হিসেবে উল্লেখ করেছেন ধর্মীয় সংখ্যালঘুদের এবং যথার্থভাবেই। যেকোনো জাতীয় দুর্যোগে তারাই যে প্রথম আক্রান্ত ও পীড়িত হন, তার প্রমাণ আমরা ১৯৭৫, ১৯৯০, ১৯৯২, ২০০১ এবং অতি সম্প্রতি পেয়েছি। একাত্তরে সব মানুষের দেশ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হলেও সংখ্যালঘুরা এখন নিজ দেশে পরবাসী।

জনসংখ্যার অর্ধেক নারী সমাজও ভয়ের সংস্কৃতির শিকার হয়, যদিও দেশটি আড়াই দশক ধরে নারী দ্বারাই শাসিত হয়ে আসছে। আলী রীয়াজ লিখেছেন, ‘জাতিগত ও সম্প্রদায়গত ভীতির মতো লিঙ্গজ ভীতিও বাংলাদেশে বর্তমান এবং প্রবলভাবে শ্রেণি অধস্তনতা সৃষ্টি করেছে।’ লেখক তাঁর বইয়ে সর্বশেষ ভয়ের সংস্কৃতির উদাহরণ দিয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের ‘নাস্তিক’ বলে আখ্যায়িত করাকে।
সবচেয়ে অবাক কাণ্ড সামরিক শাসকদের মতো গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারগুলোও বাংলাদেশে ভয়ের সংস্কৃতি গড়ে তুলেছে এবং দেশ শাসনে নানা রকম নিবর্তনমূলক আইন প্রয়োগ করেছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস দমন আইন ও জননিরাপত্তা আইনের কথা লেখক উল্লেখ করেছেন। কিন্তু এসব আইনের বাইরেও শাসকেরা যে ভয়ের সংস্কৃতির জন্ম দিয়েছেন, তা হলো বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ইত্যাদি। লেখকের ভাষায়, এই সংস্কৃতি ব্যক্তিকেন্দ্রিকতাকে যেমন উৎসাহিত করে, তেমনি কর্তৃত্ববাদী শাসনকে পাকাপোক্ত করে। ভিন্নমতকে কঠোরভাবে দমন করা হয়।
পৃথিবীর আরও অনেক দেশের মতো বাংলাদেশেও ধর্মভিত্তিক ভাবাদর্শ, জাতীয়তাবাদী ভাবাদর্শ ও সামরিক ভাবাদর্শ সমাজের দুর্বল শ্রেণি ও সম্প্রদায়কে অধীন করে তোলে। আমাদের পূর্বাপর শাসকেরা এর থেকে বেরিয়ে আসতে চেষ্টা করেননি, বরং নিজেদের কর্তৃত্ববাদী শাসন আরও পোক্ত করেছেন, সেটাই লেখক বিভিন্ন উদাহরণ দিয়ে দেখিয়েছেন। একই সঙ্গে ভয়ের সংস্কৃতির বিপদ সম্পর্কে সজাগ করেছেন।
আলী রীয়াজের গবেষণার ক্যানভাস বিশাল। তিনি ভয়ের সংস্কৃতির যেসব উপাদান নিয়ে আলোচনা করেছেন, এর প্রতিটি নিয়েই আলাদা বই হতে পারে। সে ক্ষেত্রে হ্রস্বায়তনের বইটি সূচনা বলেই মনে করি। লেখককে অভিনন্দন।


ভয়ের সংস্কৃতি
আলী রিয়াজ
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
নভেম্বর ২০১৪
পৃষ্ঠা: ১৪৪
দাম: ২৭০ টাকা।