ভাঁজে ভাঁজে অরিগ্যামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সহজ করে বললে, কাগজ ভাঁজ করে করে অদ্ভুত সব শিল্পকর্ম তৈরি করাকে বলে অরিগ্যামি। কাগুজে নৌকা কিংবা প্লেন তো নিশ্চয়ই তুমিও বানাতে পারো। কেউ কেউ কিন্তু তৈরি করে ফেলে আস্ত ড্রাগনও! আরও কত কী অদ্ভুত খবর যে আছে অরিগ্যামি নিয়ে। চলো, খানিকটা জেনে নেওয়া যাক।

ঘর সাজানোর জন্য বানাতে পারো এমন পাখি
ঘর সাজানোর জন্য বানাতে পারো এমন পাখি

অরিগ্যামির ওস্তাদ
অরিগ্যামি শিল্পের উৎপত্তি হয়েছিল জাপানে। এটা জাপানি ঐতিহ্যেরই একটা অংশ। যদিও কাগজ জিনিসটা চীনারা তৈরি করেছিল বলে তারাও খানিকটা কৃতিত্ব দাবি করে। জাপানি ভাষায় অরি শব্দের অর্থ ভাঁজ, আর ক্যামি (পরে শব্দটা বদলে গ্যামি হয়ে গেছে) শব্দের অর্থ কাগজ।
অরিগ্যামি শিল্পে যাঁকে গ্র্যান্ডমাস্টার বলা হয়, সেই লোকটিও জাপানের। নাম আকিরা ইয়োশিযাওয়া। ১৯১১ সালে তাঁর জন্ম। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন ২০০৫ সালে। কিন্তু এখনো অরিগ্যামি শিল্পে তাঁকেই ওস্তাদ মানা হয়। কাগজ দিয়ে ৫০ হাজারেরও বেশি শিল্পকর্ম তৈরি করেছিলেন তিনি। অরিগ্যামি নিয়ে তাঁর লেখা বেশ কয়েকটা বিখ্যাত বইও আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আকিরা হাসপাতালে কাজের দায়িত্ব পেয়েছিলেন। তখন রোগীদের মন ভালো করতে তিনি কাগজ দিয়ে অদ্ভুত সব জিনিস তৈরি করে তাঁদের উপহার দিতেন।
আকিরা বলতেন, ‘আমি বিশ্বাস করি, অরিগ্যামি পৃথিবীতে শান্তির বার্তা বয়ে আনে। যদি আমরা আমাদের হাত দুটোকে ঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আত্মা তো শান্তি পাবেই।’

কাগজের রাগী মোষ!
কাগজের রাগী মোষ!

অরিগ্যামি স্বাস্থ্যের জন্য ভালো!
হ্যাঁ, সত্যিই তাই! কাগজ দিয়ে নানা রকম শিল্প তৈরি করার উপকারিতা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। গবেষকেরা দেখেছেন, অরিগ্যামি তৈরি করলে মন ভালো থাকে। মনোযোগ বাড়ে। এমনকি তুমি যদি নিজে নিজে কিছু তৈরি করতে না পারো, শুধু অরিগ্যামির বই বা ইউটিউবে টিউটোরিয়াল দেখে দেখে একেকটা ধাপ অনুসরণ করো, তাতেও তোমার একাগ্রতা বাড়বে। আর পড়ার টেবিলের ওপর যদি তোমার নিজ হাতে তৈরি করা একটা অরিগ্যামি রেখে দাও, সেটা দেখলেই তো মন ভালো হয়ে যাওয়ার কথা! শুধু তা-ই নয়, যারা অরিগ্যামি করতে পারে, তারা গণিতেও ভালো হয়।

পারবে নাকি, এমন একটা শিম্পাঞ্জি বানাতে?
পারবে নাকি, এমন একটা শিম্পাঞ্জি বানাতে?


একা একা বসে অরিগ্যামি তৈরি করবে তা নয়। বাসার কারও জন্মদিনে ঘর সাজানোর জন্য সবাই মিলে কাগজ দিয়ে অনেকগুলো পাখি বা ফুল তৈরি করে দেখো, দেখবে সবার মন ভালো হয়ে যাবে।

এমন ড্রাগন তৈরি করতে গিয়ে বাড়বে তোমার মনোযোগ
এমন ড্রাগন তৈরি করতে গিয়ে বাড়বে তোমার মনোযোগ

বিশাল অথবা পুঁচকে
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলছে, বিশ্বের সবচেয়ে বড় অরিগ্যামি শিল্পকর্মটি তৈরি হয়েছিল জাপানে। ২০০৯ সালে কাগজ দিয়ে একটা বিশাল আকৃতির পাখি তৈরি করেছিল ৮০০ জনের একটা দল। সেই পাখির ডানা দুটোই ছিল প্রায় ৮২ মিটার চওড়া।
অনেকে আবার পুঁচকে অরিগ্যামিও করেছেন। জাপানের নাইটো নামে এক ভদ্রলোক যেমন শূন্য দশমিক ১ বর্গ মিলিমিটার কাগজ দিয়ে একটা পাখি বানিয়েছিলেন। সেই পাখি বানাতে তাঁকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়াও আরও নানা রকম যন্ত্রপাতি ব্যবহার করতে হয়েছে।

গ্রন্থনা: মো. সাইফুল্লাহ