ভাগ করে নেওয়া ছয় ঋতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: অশোক কর্মকার
অলংকরণ: অশোক কর্মকার

যদি আমরা
মহাশত্রু নিজেরা নিজের,
আর কী বিস্ময় তবে
কাঁটাতার,
সার্চলাইট, প্রহরীমিনার
ছিন্ন যদি করে দেয় প্রতিবেশীদের,
দৃশ্যমান হেতু নেই

সীমান্তরক্ষীরা তবু
আক্রমণে হঠাৎ তৎপর,

ভিসার কিউতে
দায়সারা পিকনিক
অপেক্ষায় রত পরিবারে

আর সারিবদ্ধ যত
বেচারারা-অযাচিত,
অথবা বহিরাগত অথবা দুটোই—

আমরা অধম তত
ইয়োরোপ যতটা ছিল
কিছুদিন আগে।

বছরের চক্র ঘোরে
সারা বেলা
স্বর্গীয় সময়সূচি মেনে

গ্রীষ্মের চুল্লির তাপ,
বর্ষা, মৌসুমি প্লাবন,
শরতের কোমল আকাশ,

হেমন্তের নবান্ন-প্রহর,
মাঠজুড়ে হিম,
শিশিরের স্পর্শ পদতলে,

নকশিকাঁথার উষ্ণতা,
শীতে আগুনের ওম, পর্বতের চূড়ায় তুষার,
প্রান্তরে কুয়াশা,

বসন্তের বাসন্তী আভায়
প্রতিটি রমণী অপরূপা,
ফুল তার ভেজা ঠোঁটে

চুমু খায় আবেগে আকুল মৌমাছিকে।
ছয় ঋতু, অনেকে যা চার বলে জানে—
হিমালয় থেকে

সরন্দ্বীপ, সিন্ধু উপত্যকা থেকে
ব্রহ্মপুত্র এবং গঙ্গার
ভাটির বদ্বীপ—

ধরে রাখে আগাগোড়া
অবিচ্ছিন্ন দক্ষিণ–এশিয়া,
ভাগ করে নেওয়া ছয় ঋতু

সীমান্ত ও কাঁটাতার
নিতান্ত নিরর্থ করে দেয়।
প্রকৃতি তো তা-ই,

দীক্ষায় ও উপহারে অফুরন্ত—
তবু যথারীতি, হায়,
আমরা একটি নিই, বাকি সব হেলায় হারায়।

কায়সার হকের পাবলিশ্ড্ ইন দ্য স্ট্রিট্স্ অব ঢাকা: কালেক্টেড পোয়েম্স্ বইয়ের ‘সিক্স শেয়ার্ড্ সিজন্স্’ কবিতার অনুবাদ

অনুবাদ: সাজ্জাদ শরিফ