
শব্দটা ঠিকঠাক শুনল কি না বুঝতে পারছে না বেলায়েত। তবে চালের ওপর বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়েছে। প্রথমে মনে হলো, ঝরনার পানিই পড়ছে। কিন্তু এই শব্দ নামছে ঘরের চালজুড়ে। এর ভেতর আরও একটা শব্দ অস্পষ্টভাবে শুনেছে সে। সম্ভবত তার জ্বর বাড়ছে।
দুপুরে কেউ মাথার ওপর দড়ির শিকেতে মাটির হাঁড়ি ঝুলিয়ে দিয়েছিল। হাঁড়ির তলায় ছোট একটা ফুটো দিয়ে পানি পড়ে পড়ে জ্বর নামানোর ব্যবস্থা। বেলা কত ঘরের ভেতর থেকে বোঝা যায় না। বাইরে গাছগাছালির কারণে এ ঘরে সব সময় কেমন একটা আঁধার আঁধার ভাব। মাথা উঁচিয়ে পেছনের দরজা দিয়ে তাকালে গাছের পাতার ভেতর দিয়ে নৌকার গলুই চোখে পড়ে হঠাৎ হঠাৎ।
তিন দিন হলো এই ঘরে উঠেছে সে। আড়িয়াল খাঁ নদের সঙ্গে লাগোয়া এ টিনের ঘরটি গত বর্ষায় অল্পের জন্য টিকে গেছে। পশ্চিম দিকের জমি প্রায় ২০ হাত মতো ভেঙে থেমেছে উঠোনের ঠিক পাশে। যেন কেউ খড়িমাটি দিয়ে দাগ টেনে বলেছিল, এটুকু পর্যন্তই ভাঙনের অধিকার তোমার। এখনো হিজলগাছটার অর্ধেক শেকড় পানিতে ভাসছে—বাকিটা আছে ঘরের উঠোনের মাটির সঙ্গে। ছেলেপেলেরা স্কুলে যাওয়ার পথে ওই শিকড়ের ওপর উঠে খানিকক্ষণ দাপাদাপি করে।
মাইল দুই এগিয়ে মহিষের চরের আগে এই গ্রামের নাম সন্ন্যাসীর চর। স্থানীয় মানুষের মুখে মহিষের চরের নাম হয়ে গেছে মইস্যার চর। মইস্যার চরের বেলায়েত এক ভোরবেলা দুপুরের রোদের মতো গনগনে জ্বর নিয়ে এ ঘরের কাছে এসে পড়ে গেলে মসজিদের ইমামসহ আরও কিছু লোক ধরাধরি করে তাকে চৌকিতে শুইয়ে দেন। পাশাপাশি গ্রামের মানুষ হওয়ায় ইমাম সাহেব তার মুখ-পরিচিত। এখন প্রতিদিন কেউ একজন এসে দুই বেলা ভাত রেখে যায় নিয়ম করে। যে আসে তার মুখ দেখেনি বেলায়েত। আর শোয়া থেকে উঠে সেই ভাত একা একা বসে খেতে ইচ্ছেও করে না। অবশ্য গত তিন দিনে দু-একবার উঠে খানিকটা ভাত হাতের নলার ভেতর আলগোছে নেড়েচেড়ে মুখে তুলেছে বটে, তবে খানিক বাদেই টিনের বেড়া ধরে এগিয়ে চৌকাঠের সামনে দাঁড়িয়ে হাত ধুয়ে আবার বিছানায় গুঁজে দিয়েছে শরীর। ইমাম সাহেব দুই বেলা তাকে দেখতে এসে সুরা-কালাম পড়ে ফুঁ দিয়ে যান। প্রথম দিন জ্বর কিছুটা কমলে তিনি তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘বেলায়েত মিয়া, এত জ্বর বাঁধাইলেন ক্যামনে?’
‘আতকা আইসে হুজুর।’
‘বাড়িত খবর দিই, কেউ আইসা নিয়া যাক।’
‘মা ভাইর বাড়িত। তাপ নামলি চইলা যাবানি। কাউরে ঝামেলা দিয়েন না হুজুর।’
‘কিন্তু এমুন জ্বর তো দুশ্চিন্তার বিষয়। সদরে যাইতে চান? নৌকা ডাকুম?’
‘আল্লার দোহাই, কয়ডা দিন আপনার কাছে আমারে রাহেন। এমনি ছুইডা যাবো।’
‘ঠিক আছে, সবই ওপরওয়ালার ইচ্ছা। আপনি জিরান। আমি খাওন দিতে কইছি।’
‘হুজুর, আমার কপালে এট্টু হাত রাইখা দোয়া পইড়া যান। আমার চোখে একটা দৃশ্য ভাইসা উঠতেছে বারবার।’
‘কী দৃশ্য? আপনি ডরাইছেন। মন খুইলা কন, তাপ নাইমা যাবো।’
‘কইতে পারতাম না। আপনি নেক মানুষ, শরীলডায় এট্টু হাত রাহেন।’
ইমাম সাহেব চুপচাপ বেলায়েতের কপালে ঠান্ডা হাতের তালু রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। জ্বরগ্রস্ত বেলায়েত একটা কিছু নিয়ে ভীষণ অনুতপ্ত, টের পাচ্ছেন তিনি। কিন্তু অনুতপ্ত মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা প্রকাশে বাধ্য করাও তো আরেক রকম অন্যায়, তাই ইমাম সাহেব চুপচাপ। অপেক্ষা করছেন। শরীর ঠিক হলে বেলায়েত নিজেই এসে বলুক সব সময় চোখে কী ভাসছে তার? করিম শেখের বাড়িতে বেলায়েতের জন্য বলে রেখেছেন খাবারের কথা, সেই অনুযায়ী ভাত আসছে। কিন্তু মুখে তুলতে পারছে না সে, রুচি নেই।
গত রাতের বাসি ভাতের প্লেট সরিয়ে নিয়ে গেছে কেউ। বেগুন দিয়ে ঝোল করে রান্না সরপুঁটি মাছের টুকরোটার দিকে তাকিয়ে পেটের ভেতর থেকে যেন সবকিছু উগড়ে এসেছে বেলায়েতের।
চর এলাকায় সাধারণত পুকুর বেশি একটা কাটা হয় না। তবুও দু-এক ঘর সম্পন্ন বাড়ির মালিকেরা শখ করে পুকুর কেটে ঘাট বাঁধাই করে মেয়েদের গোসলের জন্য। সেই পুকুরে আবার বর্ষাকালে ছাড়া হয় মাছের পোনা। সেদিন ভোরে একটা গুঞ্জন শুনে এমনি এক পুকুরের পাশে আর দশজনের সঙ্গে ভিড় করেছিল বেলায়েত। তখনো পুরোপুরি আলো ফুটে স্পষ্ট হয়নি চারপাশ। এর মধ্যেই দয়াল মালোর বাড়ির পুকুরপাড়ে জমেছে অনেক মানুষ। ভোর থাকতে থাকতে মাঠে যাওয়ার সময় কেউ একজন প্রথম দেখেই চিৎকার করে ওঠে। সেই শব্দ শুনে বাড়ির মহিলারাও মাথায় কাপড় দিয়ে পুকুরপাড়ে দাঁড়িয়েছে। সবার সঙ্গে ভিড়ের ভেতর দাঁড়িয়ে পুকুর দেখতে দেখতে থ হয়ে গেল বেলায়েত—এক রাতে সাদা হয়ে গেছে গোটা পুকুর। মাস খানেক আগে ছাড়া মাছের শরীর এরই মধ্যে বেশ ভরভরন্ত। সেই মাছ ফুলেফেঁপে ভাসছে পানিতে। নিষ্পলক চোখের সেই সব মাছ যেন মিছিল করে শেওলাজমা পুকুরটার সবুজ রং বদলে দিয়েছে এক রাতে। ভিড়ের ভেতর থেকে কেউ একজন বলল, ‘এইডা কাশেম ব্যাপারীর লোকজন ছাড়া কেউ করবার পারে না।’ অন্য কেউ তাকে শাসিয়ে উঠল, ‘না বুইঝাই আলগা কথা কয়েন না। বাতাসেরও কান আছে মিয়া।’
ঘাটের আড়তদার কাশেম ব্যাপারীর সঙ্গে মালোবাড়ির মাছের চালান নিয়ে বিবাদের কথা পুরোনো হয়েও এখনো নতুন। কোনো হতচ্ছাড়া একটা কলাগাছ কেটে ভেলা বানাতে চেয়ে দুই কোপ দিয়ে আবার সিদ্ধান্ত বদলেছিল। সেই গাছ কাত হয়ে আছে পানির ওপর। তারই পাতার ফাঁক দিয়ে আরেকজনের কাঁধের পেছন থেকে বেলায়েত যখন উঁকি দিল, তার চোখে রাজ্যের আতঙ্ক—অতটা দূর থেকেও মাছের ঠান্ডা শরীর আর স্থির চোখের মণি তাকিয়ে আছে তার দিকে। আস্তে আস্তে কাঁপন শুরু হয়েছে শরীরের ভেতর। বুক পকেটে চিঠিটা আছে তখনো।

বেলায়েত প্রথমে খেয়াল করেনি, ঘাটের ওপাশে গাছের আড়ালে দাঁড়ানো নারীদের ভেতর কেউ একজন স্থির দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। পুকুর না দেখে তার মুখের দিকে তাকিয়ে থাকার অর্থ আর কেউ না জানুক, বেলায়েত নিজে তো জানে। ওই দৃষ্টির ভেতর যত জিজ্ঞাসাই থাকুক, বেলায়েতের কাছে অপমান ছাড়া এর অন্য কোনো অর্থ নেই। ওই চোখে এখন দয়াল মালোর লেখাপড়া জানা ছোট ছেলে জগন্নাথ মালোর ছায়া নাচে মাঝ রাত্তিরে। সেই চোখ দিয়েই সে দেখছে বেলায়েতকে—এ কথা মনে হলেই মাথা এলোমেলো হয়ে যায় বেলায়েতের। ইচ্ছে করে জগন্নাথ মালোর কলার সপাটে চেপে ধানমাড়াইয়ের মতো করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে। চিৎকার দিয়ে জগন্নাথকে বলতে, ‘তোর বউ তার গলার নিচে তিলডা কিন্তু তোর আগে আমারে ছুঁব্যার দিছিলো।’ কিন্তু পরমুহূর্তে মনে হয়, মইস্যার চর থেকে সন্ন্যাসীর চরে মালোবাড়ির বউ হয়ে আসা ওই নারী এরপর হয়তো আর কাউকে নিজের মুখ দেখার সুযোগ দেবে না। তখন ক্রোধ শান্ত হতে শুরু করে, কিন্তু তাতে কি আর দহন জুড়ায়! বুকের জমিন ছারখার হয়ে গেলে প্রথম ফসলের মতো উর্বর আবাদ আর হয় না কোনো দিন।
কিন্তু এই মুহূর্তে সেইসব ভাবনা থেকে দূরে দাঁড়িয়ে আছে বেলায়েত। সেই নারী আর তার মাঝখানে ভাসছে দয়াল মালোর মৃত মাছের পুকুরটা। সেই পুকুরে বিষ কে দিল কেউ জানে না। এত ভোরে মইস্যার চর থেকে সন্ন্যাসীর চরে সে কেন এসেছে, কেউ প্রশ্ন করেনি, তবুও তার মনে হলো, সবার মনের ভেতর এই প্রশ্নটাই ঘুরছে। মাছের চোখ, ওপারের নারীর স্থির দৃষ্টি—সব মিলিয়ে বেলায়েতের ভেতরে কাঁপন শুরু হয়েছে। ইচ্ছে হলো সামনের পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে ডুবিয়ে আড়াল করে। কিন্তু কোন পুকুরে ঝাঁপ দেবে, গোটা পুকুরেই তো বিষ আর মৃত মাছের মিছিল। মাছের চোখে কি পাতা থাকে? থাকে না বলেই বোধ হয় চোখ ছোট হলেও তাদের দৃষ্টি স্বচ্ছ দেখায়। সন্ধ্যার সময় গাছের পাতা ছিঁড়তে আর মাছ ধরতে নিষেধ আছে হাদিসে। এই সময় নাকি তারা সৃষ্টিকর্তাকে সেজদা দেয়। রাতের বেলা কি মাছরা ঘুমায়? ওরা কি ঘুমের ভেতর বিষ খেয়েছিল? মাছেরা কি বুঝতে পেরেছিল অন্ধকারে কে এসেছিল! আর পুকুরের পানি? জলেরও তো ভাষা থাকে। যদি বুঝেই থাকে তাহলে মাছ কি অভিশাপ দিয়েছিল? অমৃত না পারুক, এমন গরল কেমন করে কোনো প্রাণ অন্য প্রাণের জন্য ঢালে! মানুষের চেয়ে বিস্ময়কর হিংস্র প্রাণ বোধ হয় সৃষ্টিকর্তা আর দ্বিতীয়টি তৈরি করেননি।
তিন দিন আগের সেই ভোর বারবার ঘুরে আসছে বেলায়েতের মাথার ভেতর। সে কি নিজের অজান্তে গিয়েছিল পুকুরের কাছে, নাকি ভোরের আগে আরও একবার এসেছিল—মনে করতে পারছে না কিছুতেই। তখন কি সত্যি কেউ ছিল না ওখানে? এই পুকুর ঘিরে তার একটা টান আছে বলেই কিনা অমন ভোরে টেনে নিয়ে এসেছিল তাকে? আর সেই ওপারের স্থির দৃষ্টি, যে একটি শব্দও না করে অনেক শব্দ উচ্চারণ করতে জানে। সে কি একা পেলে কিছু জানতে চাইবে বেলায়েতের কাছে?
কেউ একজন ওপার থেকে তার দিকে তাকিয়ে আছে বোঝার পরই বেলায়েত পেছন দিকে ভিড়ের ভেতর মিশে যেতে চেয়েছে। এক পা দু-পা করে পিছিয়ে আসতে আসতেই টের পেয়েছে তার শরীর জ্বলছে। শরীর-মন বিবশ হয়ে এলে হাঁটাপথেই পড়ে গেল বেলায়েত, বুঝতে পারেনি ততক্ষণে জ্বর দুপুরের মতো তাপমাত্রায় পৌঁছেছে। গত তিন দিনে দুই-একবার সেই তাপ কিছুটা কমলেও পরের বেলা দ্বিগুণ হয়েছে; আর এক মুহূর্তের জন্যও চোখ থেকে সরেনি সাদা একটা পুকুরের ছবি। আবার কখনো মনে হচ্ছে, ওপারের সেই চোখ তার পেছনে ফিরছে তাড়া করে।
সন্ধ্যা হলে এই টিনের ঘরের পাশ দিয়ে মানুষের যাতায়াত কমে, রাত আরও খানিকটা গভীর হলে মাঝেমধ্যে নৌকার এপার-ওপার যাওয়ার দাঁড় টানার শব্দ ছাড়া আর কিছুই থাকে না। ঘোরের ভেতর পকেট থেকে চিঠিটা বের করল বেলায়েত। শার্টের ভেতর দিকে ঘেমে লেপ্টে ছিল কাগজটা—‘দোহাই লাগে, আপনে ভুইলা যান আমারে। এই দিকে আর আইসেন না।’ খুব আঁকাবাঁকা হাতের অক্ষর। দলা পাকিয়ে বাইরে কাগজটা ছুঁড়ে দিল সে। শরীর যত খারাপই হোক, কাল ভোরে সে বাড়ি ফিরবে। কিন্তু কোথায় ফিরবে! যে শুধু আঘাতের স্মৃতি তৈরি করে তাকে ভুলতে পারে না মানুষ, আর এই যে কয়েকটা অক্ষর কারও খাতার পাতা ছিঁড়ে লিখেছিল মেয়েটি, বেলায়েতের জীবনের সমস্ত রং তো সে–ই দিয়েছিল; আবার ফিরিয়েও নিল স্বার্থপরের মতো। বেলায়েতের নিজের ভেতর তোলপাড় হচ্ছে সেই দিন থেকে। ভাঙনের চেয়ে কি কম সেই অনুভূতি! অনেকক্ষণ এসব ভাবতে ভাবতে কখন যে তন্দ্রার মতো এসেছে! হঠাৎ চেতন পেয়ে ইমাম সাহেবের কথা মনে হলো তার। ইমাম সাহেবের চোখের দিকে তাকালে মনে হয় তিনি সব বোঝেন, সব বুঝে শুধু অপেক্ষা করেন কোনো এক নিঃশব্দ পরিণতির। এই ঘরে প্রথমবারের মতো একা একা কেমন ভয় লাগতে শুরু করল বেলায়েতের। জ্বর শরীরে মনও দুর্বল হয়ে যায়। মাথার ভেতর নানা রকম বোঝাপড়া—কেমন যেন একটা ঘোর লেগে আছে। চৌকি থেকে নেমে উঠে দাঁড়াল বেলায়েত । তার পা কাঁপছে। টিনের চালে বৃষ্টির ফোঁটার শব্দ শরীরের তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। আরও একটা শব্দ শুনেছে সে।
টিনের পাল্লার দরজার ভেতর দিয়ে বাইরে তাকালে শুধু অন্ধকার। মৃত মাছের মণির মতো রং সেই আঁধারের। শব্দটা এবার বেলায়েতের খুব কাছাকাছি। মনে হচ্ছে, এই শব্দ তার মাথার ভেতর থেকে তৈরি। আবার মনে হলো, বুকের ভেতর। মানুষের মনের ভাঙনের চেয়ে বড় ভাঙন কি আর হয় কোথাও! চাঁই ধরে মাটি পড়ে যাওয়ার সময় ঠিক এমন শব্দই কানে আসে। বেলায়েতের পিঠের তলায় পানি গড়িয়ে যাওয়ার অনুভূতি। শিকেয় ঝোলানো মাটির হাঁড়ি এখন আর তার দৃষ্টির ভেতর নেই। পুকুর পাড়ে কাত হয়ে থাকা সেই কলাগাছের মতো ধীরে পানিতে মিশে যাওয়ার অনুভূতি হলো তার।
প্রবলভাবে বাড়ি ফিরতে ইচ্ছে করছে বেলায়েতের।