ভাঙা মন আর অস্থির দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ড্রিম ফেস–৪’, শিল্পী: ৈসয়দ ইকবাল
‘ড্রিম ফেস–৪’, শিল্পী: ৈসয়দ ইকবাল

ভেঙেচুরে গেছে মাথার খুলি। তার নিচে শিল্পীর গভীর বেদনা ভারাক্রান্ত চোখ। গোল চশমার ফাঁকেও পরিষ্কার পড়া যায়। প্রদর্শনীর নাম ‘মাই ব্রোকেন মাইন্ড’, বাংলায় বলা যেতে পারে ভগ্ন হৃদয়। সেই পোস্টার দেখতে দেখতে একটি মাঝারি ব্যক্তিগত প্রশ্ন জাগল মনে, শিল্পীর ব্যক্তিগত কষ্ট কি তার কাজে ছায়া ফেলে? সৈয়দ ইকবাল সেই প্রশ্নের উত্তর দিতে কোনো রাখঢাক করলেন না। একবাক্যে মেনে নিলেন তাঁর প্রদর্শনীর পোস্টারের সোজাসাপ্টা তরজমা, ‘তা তো অবশ্যই। মনে করেন, বহু ব্যক্তিগত কষ্টের মধ্য দিয়ে গেছে এই বছরটা। ওই সবের একটা ছাপ তো থাকতেই পারে।’

কানাডা নামের সুবিশাল ভূখণ্ডের ব্যস্ততম শহর টরন্টো। সেই ঝলমলে শহরের একচিলতে জায়গা নিজেদের করে নিয়েছেন বাংলাদেশিরা—ডেনফোর্থ। এই খুদে বাঙাল মুলুকেরই নিভৃত এক পাতালঘরে ছবি আঁকার জায়গা সৈয়দ ইকবালের। কথা হচ্ছিল সেখানে বসেই।

হপ্তা দুয়েক আগের কথা। সামাজিক যোগাযোগমাধ্যম তখন সরগরম। ২৬ অক্টোবর থেকে ৭ নভেম্বর অবধি সৈয়দ ইকবালের ১৮তম একক প্রদর্শনী চলছে টরন্টোর সিডার রিজ ক্রিয়েটিভ সেন্টার গ্যালারিতে। শহরের বহু গুণীজন এসেছেন, টিভি ক্যামেরা এসেছে। শহরের মেয়র অল্পের জন্য আসতে পারেননি, কিন্তু শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন বিশেষ বার্তা। তাঁর এবারের প্রদর্শনী নিয়ে গভীর বিশ্লেষণী লেখা লিখেছেন রয়েল অন্টারিও মিউজিয়াম টরন্টোর কিউরেটর দীপালি দেওয়ান স্বয়ং। সব মিলিয়ে প্রদর্শনীটি কানাডার বাংলাদেশিদের জন্য মনে রাখার মতো একটা ব্যাপার। এমন নামী গ্যালারিতে প্রদর্শনীর সৌভাগ্য কজন বাংলাদেশি শিল্পীর হয়?

‘সেই বহুদিন আগে, যখন এই শহরে এসেছিলাম, এসব বড় গ্যালারিতে ছবির প্রদর্শনী চিন্তারও বাইরে ছিল। বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী মানে কোনো একটা ছোটখাটো রেস্তোরাঁ–দেয়ালে ছবি সাঁটাও। ব্যস, ওই পর্যন্তই।’ ইকবাল আলগোছে মনে করিয়ে দিলেন টরন্টো শহরে তাঁর শুরুর দিককার অভিজ্ঞতা। 

শুরুটা সবখানে সব সময়ই কঠিন। আর সুদূর উত্তর আমেরিকার বুকে তো অবশ্যই। যাঁর প্রদর্শনী নিয়ে এত কথা বলছি, সেই সৈয়দ ইকবাল কানাডায় বাংলাদেশিদের শুরুর পুরোধা। টরন্টো স্টার–এর মতো মূলধারার পত্রিকা তাঁর প্রদর্শনী নিয়ে প্রতিবেদন করেছে একাধিকবার।

 আলাপের ফাঁকে তাঁর প্রদর্শনীর আঁকা ছবিগুলো দেখি। ‘মাইন্ড দ্য গ্যাপ’ সিরিজের ছবিজুড়ে প্রচণ্ড নীলের আধিক্য। কেন? নীল রং কি খানিক পুরুষতান্ত্রিক নয়? না, শিল্পী হিসেবে রঙের লৈঙ্গিক ভেদাভেদে আগ্রহী নন সৈয়দ ইকবাল। লোকে বলে, কষ্টের রংও হরহামেশা নীল হয়, তাই না? নীল কষ্টের পাশেই আছে সবুজ। ‘ড্রিম ফেস’ শিরোনামের স্নিগ্ধ সবুজ চিত্রকর্ম সম্ভবত ডুব দিয়েছে শিল্পীর অবচেতন মনে। এসব ব্যক্তিগত কষ্ট বা অনুভূতির চেয়েও সৈয়দ ইকবালকে আদতে বেশি নাড়া দিয়েছে বৈশ্বিক অস্থিরতা। এই অস্থিরতা রোধে বৃহত্তর মানব ঐক্যের কথা মনে করিয়ে দেয় তাঁর এই সাম্প্রতিক চিত্রপ্রদর্শনী।